পুঁতির গয়নায় নান্দনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুঁতির গয়না ফ্যাশনে নতুন নয়। ইদানীং আবার বেশ ভালোভাবেই ফিরে এসেছে। জনপ্রিয়তা পেয়েছে বিডস বা পুঁতি দিয়ে তৈরি নানা রকম গয়না। শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে অনায়াসেই পরা যায় পুঁতি দিয়ে তৈরি এসব গয়না। এসব পুঁতি সাধারণত তৈরি হয় কাঠ, প্লাস্টিক, কাচ কিংবা কোনো ধাতু দিয়ে। এ ধরনের গয়নার সবচেয়ে বড় সুবিধা হলো, যেকোনো জায়গায়, যেকোনো সময় এবং যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যায় সহজে।

পুঁতির গয়না মানিয়ে যায় সব ধরনের পোশাকের সঙ্গেই। মডেল: ফাতিমা, ছবি: নকশা
পুঁতির গয়না মানিয়ে যায় সব ধরনের পোশাকের সঙ্গেই। মডেল: ফাতিমা, ছবি: নকশা

নকশায় বৈচিত্র্য
পুঁতি বা বিডস দিয়ে সাধারণত সাদামাটা নকশার গয়না তৈরি হলেও এখন এর আকার, নকশা ও রঙে আনা হচ্ছে নতুনত্ব। বড়-ছোট নানা আকারের পুঁতির সঙ্গে অন্য উপাদান যোগ করে জমকালো নকশার গয়না তৈরি হচ্ছে। আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে একটু সাদামাটা নকশার পুঁতির গয়না পরলেও দাওয়াত বা কোথাও বেড়াতে গেলে পরতে পারেন বড় পুঁতির, একটু ভরাট নকশার গয়না। আবার পশ্চিমা ধাঁচের পোশাক যেমন টপ বা হাল আমলের জনপ্রিয় গাউন অথবা ম্যাক্সি ড্রেসের সঙ্গে ছোট-বড় পুঁতির এক বা একাধিক লহরের লম্বা মালা মানিয়ে যায়। মন্দ লাগবে না গলার সঙ্গে লাগানো পুঁতির মালা এবং হাত ভর্তি পুঁতি দিয়ে তৈরি ব্রেসলেটও।

.
.

যা চলছে
রাজধানীর দোয়েল চত্বরের ফুটপাতে বেশ কিছু দোকানেই পুঁতির গয়নার পসরা নিয়ে বসেন বিক্রেতারা। সেখানে গিয়ে দেখা গেল, শুধু যে পুঁতি দিয়েই এসব গয়না তৈরি হচ্ছে তা নয়; পুঁতির সঙ্গে অন্য নানা উপকরণ যেমন কড়ি, মুক্তা, নানা ফলের বিচি, রুদ্রাক্ষ, পাখির পালক, সুতা, উল, মেটালের তৈরি বিভিন্ন নকশা ইত্যাদি যোগ করে তৈরি করা হচ্ছে গলার মালা, ব্রেসলেট ও কানের দুল। আজিমপুর থেকে আসা ফারিহা নূর দোয়েল চত্বরে শাড়ির সঙ্গে পরার জন্য মানানসই পুঁতির মালা ও কানের দুল খুঁজছিলেন। তিনি বলেন, পুঁতি দিয়ে তৈরি এসব গয়না শাড়ি ছাড়া অন্যান্য পোশাকের সঙ্গেও পরতে পছন্দ করেন।
কোথায় পাবেন
ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চকবাজার, দোয়েল চত্বর ও মৌচাকে অনেক দোকানেই পুঁতির গয়না পাবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেন্ট্রাল লাইব্রেরির সামনে, চারুকলার পাশেও পসরা বসে পুঁতির গয়নার। দেশীয় ফ্যাশন হাউসগুলোতে যেমন আড়ং, রঙ বাংলাদেশ, বিশ্বরঙ, মাদুলি, পিরান, বিবিয়ানা, কে ক্র্যাফটে পুঁতির ও বিডসের সঙ্গে অন্যান্য উপকরণের মিশেলে তৈরি বিভিন্ন গয়না পাবেন। এ ছাড়া অনলাইনে বিভিন্ন দোকানেও এ ধরনের গয়নার খোঁজ পাবেন।
দরদাম
পুঁতির সঙ্গে অন্যান্য উপকরণ ব্যবহারের ওপর গয়নার দাম নির্ভর করে। দোয়েল চত্বরে পুঁতির সঙ্গে কড়ি বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি গয়নার দাম ৩০০ টাকা থেকে শুরু। কানের দুলের দাম পড়বে ৫০-১৫০ টাকা, ব্রেসলেটের দাম পড়বে ৫০-১০০ টাকা। সেন্ট্রাল লাইব্রেরি ও চারুকলার পাশে ফুটপাতে পুঁতির গয়নার দাম ১০০ টাকা থেকে শুরু। এ ছাড়া বিভিন্ন ফ্যাশন হাউসে ৩৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে নানা ডিজাইনের পুঁতির গয়না পাওয়া যায়।