পুকুরটি এখন ময়লার ভাগাড়
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী ও মসজিদের মুসল্লিদের নিত্যব্যবহারের নোয়াপাড়া উচ্চবিদ্যালয় পুকুরটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় বাজারসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিদিন জমা হওয়া বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ওই পুকুরে। এভাবে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলায় বর্তমানে পুকুরের পানি দূষিত হয়ে পড়েছে। এ ছাড়া সংস্কার বা পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় পুকুরে কচুরিপানা জমে এবং ছোট-বড় মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে।স্থানীয় লোকজন জানান, রাউজানের নোয়াপাড়া গ্রামের তৎকালীন জমিদার মুক্ষুধারঞ্জন রায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পুকুরটির একাংশসহ বিশাল সম্পত্তি দান করেছিলেন। এর একাংশে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয় নোয়াপাড়া উচ্চবিদ্যালয়। পরবর্তী সময়ে পুকুরঘেঁষে প্রতিষ্ঠিত হয় জামে মসজিদ ও নোয়াপাড়া পথেরহাট বাণিজ্যকেন্দ্র। স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে নোয়াপাড়া এলাকাটি স্থানীয়ভাবে সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে ওঠে। বর্তমানে প্রায় এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে আছে হাজারেরও বেশি ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান, বিশাল কাঁচাবাজার, ১০টি সরকারি বেসরকারি ব্যাংকের শাখা ও বেশ কয়েকটি বিমা কোম্পানির স্থানীয় কার্যালয়। সরেজমিনে দেখা যায়, এত বড় বাণিজ্যিককেন্দ্রের প্রতিদিনের ময়লা-আবর্জনা ফেলার মতো কোনো নির্দিষ্ট জায়গা নেই। স্থানীয় অনেক বিপণিকেন্দ্রের মালিকেরাও তাঁদের বিপণিকেন্দ্রের ময়লা-আবর্জনা ফেলার জন্য কোনো সুনির্দিষ্ট জায়গা রাখেননি। ফলে সংশ্লিষ্ট দোকান ও কাঁচাবাজারের লোকজন প্রতিদিনের বর্জ্য ফেলার স্থান করে নিয়েছেন বিদ্যালয়ের পুকুরটিকে। স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি স ম জাফর উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুকুরটির পানি বাজারের লোকজন, বিদ্যালয়ের শিক্ষার্থী, মুসল্লি—সবাই অজু, গোসল ইত্যাদি কাজে ব্যবহার করছেন। অথচ ময়লা-আবর্জনায় পুকুরের পানি দূষিত হওয়ার পরও সবাই নীরবতা পালন করছেন।’ এভাবে ময়লা-আবর্জনায় পুকুরের পানি দূষিত হয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহ্বায়ক জাফর আহমদ জানান, রাতের আঁধারে অনেকেই পুকুরে ময়লা-আবর্জনা ফেলছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘পুকুরে ময়লা-আবর্জনা না ফেলার জন্য আমি স্থানীয় দোকানদার ও বিপণিকেন্দ্রের মালিকদের বহুবার অনুরোধ করেছি। কিন্তু কেউ কথা রাখছেন না। এর বাইরে আমার কিছু করার ক্ষমতা নেই।’ স্থানীয় দোকান ও বাজারের লোকজন অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ জানান, তাঁর কাছে কেউ এ ব্যাপারে অভিযোগ করেননি। তবে এখন তিনি খবর নিয়ে দেখবেন।