প্রথম আলোর খবরে জানা গেল, ১২ মে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টারের একটি পরিত্যক্ত পুকুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি কোনো হাসপাতালের ভান্ডার থেকে এসব ওষুধ চুরি করার পর বিক্রি করতে না পেরে অথবা অভিযানে ধরা পড়ার ভয়ে এখানে ফেলে যাওয়া হয়েছে। তবে রস+আলোর অনুসন্ধানে জানা গেল, এসব কিছুই নয়। লোকচক্ষুর আড়ালে কিছু সৃজনশীল চাষি পুকুরে সরকারি ওষুধ চাষের প্রকল্প হাতে নিয়েছিলেন। অথচ এই সমাজ তাঁদের অপরাধী হিসেবে অপবাদ দিচ্ছে! তাই তাঁদের সঙ্গে কথা বলে পুকুরে সরকারি ওষুধ চাষের প্রক্রিয়াটি জেনে নিয়েছে রস+আলো। পড়ুন এবং পুকুরে সরকারি ওষুধের চাষ করুন।
পুকুর নির্বাচন
* পুকুরটি একটু নিরিবিলি জায়গায় এবং বাড়ির আশপাশে হতে হবে। সরকারি হাসপাতাল থেকে এর দূরত্ব কম হওয়াই শ্রেয়।
* মাটির গুণাগুণ পুকুরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধারণত দোআঁশ, এঁটেল দোআঁশ ও এঁটেল মাটি পুকুরের জন্য ভালো। তবে মাটি যেমনই হোক পুকুরে পানি অবশ্যই থাকতে হবে।
* পুকুর পাড়ে বড় গাছ বা ঝোপঝাড় থাকলে খুব ভালো। এতে করে পুকুরের ওষুধ কেউ দেখতে পাবে না।
পুকুর প্রস্তুত
সরকারি ওষুধের পোনা ছাড়ার আগে পুকুর তৈরি করে নিন। এ ক্ষেত্রে সাধারণত পুরোনো পুকুরই তৈরি করে নেওয়া ভালো। পরিত্যক্ত পুকুর হলে আরও ভালো। পুকুর প্রস্তুতির প্রথমে জলজ আগাছা, যেমন কচুরিপানা, কলমিলতা, হেলেঞ্চা ইত্যাদি যত্ন করে সংরক্ষণ করতে হবে। তাহলে ওষুধের বাম্পার চাষ হলেও দুষ্ট লোকের নজরে পড়বে না।
পোনা ওষুধ সংগ্রহ
* পোনা ওষুধ সরকারি হাসপাতাল থেকে আনার সময় বস্তা, বাক্স বা ব্যাগ ব্যবহার করতে পারেন। তবে পলিথিন ব্যবহার করবেন না। এতে সহজেই দুষ্ট লোকের নজর কাড়তে পারে। পোনা ওষুধভর্তি ব্যাগটির মুখ খোলার আগে পুকুরের পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
* তারপর ব্যাগের মুখ খুলে অল্প করে ব্যাগের পানি পুকুরে এবং পুকুরের পানি ব্যাগে ভরুন।
* ব্যাগের পানি ও পুকুরের পানির তাপমাত্রা যখন সমান হবে তখন পাত্র বা ব্যাগের মুখ আধা পানিতে ডুবিয়ে কাত করে সমস্ত পোনা ওষুধ পুকুরে ছেড়ে দিন। গভীর রাতই পোনা ওষুধ ছাড়ার উত্তম সময়। কারণ, এ সময় কেউ তা জানতেও পারবে না।
সতর্কতা
* রোগপ্রতিরোধী ওষুধের চাষ করতে হবে।
* সঠিক সংখ্যায় ওষুধ মজুত করুন।
* ওষুধের পোনা ছাড়ার আগে মেয়াদোত্তীর্ণ কি না, তা নিশ্চিত হয়ে নিন।