টাইলসের বাঁধানো চত্বরে লাল রঙের বেদির ওপর কালো স্তম্ভ, তার গায়ে নামফলকে লেখা আছে মুক্তিযোদ্ধা ঘাঁটির স্মৃতিসৌধ। সেদিকে দেখিয়ে আবদুস সালাম জানান, পুটিবিলা বিদ্যালয়কে পূর্বাঞ্চলের ঘাঁটি বানিয়েছিলেন ১ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধরত মুক্তিযোদ্ধারা। এখান থেকে কক্সবাজার, লামা, চকরিয়াসহ বিভিন্ন এলাকায় অবস্থিত পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হতো।
লোহাগাড়া সদর থেকে ১৫ কিলোমিটার দূরে পুটিবিলা ইউনিয়নে অবস্থিত পুটিবিলা উচ্চবিদ্যালয়ে নির্মিত স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে। তিনি জানান, গত ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের পদক্ষেপ হিসেবে তিন লাখ টাকা ব্যয়ে পুটিবিলা বিদ্যালয়ে এই স্মৃতিসৌধ তৈরি করে চট্টগ্রাম জেলা পরিষদ।
স্মৃতিসৌধ নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়, টাইলস দিয়ে বাঁধানো ছয় বর্গফুট প্রশস্ত চত্বরের ওপর তৈরি স্তম্ভের উচ্চতা ১৬ ফুট। নান্দনিক এই স্থাপনা পুটিবিলা বিদ্যালয়ের চেহারাও পাল্টে দিয়েছে।
স্বাধীনতার ৪২ বছর পর মুক্তিযোদ্ধা ঘাঁটির স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় খুশি এলাকার লোকজন। এর ফলে পুটিবিলা বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ তৈরি হয়েছে। তবে স্মৃতিসৌধের পাশে ঘাঁটির সংক্ষিপ্ত ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ক্যাম্প ও অভিযানের এলাকা চিহ্নিত করে ফলক স্থাপন করলে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য জানতে পারবে বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
কথা হয় কালাউজান ইউনিয়নের মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের সঙ্গে। তিনি জানান, ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে গ্রুপ কমান্ডার ক্যাপ্টেন এ কে এম সামশুল ইসলামের নেতৃত্বে এক দল মুক্তিযোদ্ধা পার্বত্য চট্টগ্রামের লামা সীমান্তে অবস্থিত পুটিবিলা উচ্চবিদ্যালয়ে ঘাঁটি স্থাপন করেন। ওই সময় তিনি কলাউজান হিন্দুর হাট এলাকায় রিকশার মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনিসহ কলাউজান ইউনিয়নের প্রায় ১৮ জন অংশ নেন মুক্তিযুদ্ধে। এ ছাড়া পুটিবিলা, আমিরাবাদ, লোহাগাড়া ও বড়হাতিয়া ইউনিয়ন থেকেও অনেকে ওই ক্যাম্পে যোগ দেন। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, পুটিবিলা উচ্চবিদ্যালয়ে স্থাপিত ঘাঁটি থেকে লোহাগাড়া রাজঘাটা মাদ্রাসায় স্থাপিত রাজাকার ক্যাম্পে ও লোহাগাড়া সদরের আলুরঘাট সড়কের রাজাকার আব্দুল আওয়ালের আস্তানায় হামলা চালানো হয়।
এ ছাড়া এই ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের উল্লেখযোগ্য অভিযানের তালিকায় আছে লোহাগাড়ার পুরোনো থানা এলাকায় অভিযান, আধুনগর রাজাকার ঘাঁটিতে খালি হাতে হামলা ও চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ২৬ জন পাঞ্জাবি সেনাকে হত্যা।
পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহানুর রহমান ও জান্নাতুল ফেরদৌস বলে, ‘আমরা এতদিন জানতাম না আমাদের স্কুল ঘিরে এত বড় একটা মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে। এ স্মৃতিসৌধ নির্মাণের পর সে ইতিহাস জেনে আমাদের গর্ব হচ্ছে।’
লোহাগাড়া উপজেলার বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার জানান, এ ঘাঁটি থেকে বিভিন্ন অভিযানে গিয়েছিলেন ও লড়াই করেছিলেন, এমন অনেক মুক্তিযোদ্ধা এখনো স্বীকৃতি পাননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনুর রহমান জানান, লোহাগাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি এই ক্যাম্পে লড়াই করা যেসব মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে পারেননি, তাঁদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।