পুণ্যতীর্থ সীতাকুণ্ডে লাখো ভক্তের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবচতুর্দশী মেলায় দূর-দূরান্ত থেকে ভক্তরা আসা শুরু করেছেন। সন্ন্যাসীদের ভিড় বাড়ছে ব্যাসকুণ্ডের পাড়ে। ছবিটি গতকাল দুপুর ১২ টায় তোলা । প্রথম আলো
শিবচতুর্দশী মেলায় দূর-দূরান্ত থেকে ভক্তরা আসা শুরু করেছেন। সন্ন্যাসীদের ভিড় বাড়ছে ব্যাসকুণ্ডের পাড়ে। ছবিটি গতকাল দুপুর ১২ টায় তোলা । প্রথম আলো

বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আজ বৃহস্পতিবার থেকে সীতাকুণ্ডে শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা। তিন দিনের এই ধর্মীয় উৎসবে যোগ দিতে ইতিমধ্যে মেলায় কয়েক হাজার ভক্ত ও পর্যটক হাজির হয়েছেন সীতাকুণ্ডে। উপজেলার বিভিন্ন মঠ, মন্দির, যাত্রীনিবাস ও হোটেল এখন অতিথিতে পরিপূর্ণ। এবার ঐতিহ্যবাহী এই মেলায় প্রায় পাঁচ লাখ লোকের সমাগম ঘটবে বলে ধারণা করছে মেলা কমিটি ও স্থানীয় প্রশাসন।
মেলা উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে চলেছে প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, চন্দ্রনাথ পাহাড় ও পাহাড়ের পাদদেশের শংকর মঠের আশপাশের এলাকা পেয়েছে নতুন চেহারা। ভক্তরা যাতে সহজে চন্দ্রনাথের চূড়ায় অবস্থিত মন্দিরে পৌঁছাতে পারেন, সে জন্য পাহাড় কেটে তৈরি করা সাবেক আমলের সিঁড়িগুলো সংস্কার করা হয়েছে। শংকর মঠের সড়কের দুই পাশে তৈরি হয়েছে অস্থায়ী দোকানপাট। এই সড়কের পাশেই তীর্থস্থান ব্যাসকুণ্ডের অবস্থান। লাখো ভক্ত মেলার তিন দিনই এই পবিত্র জলাশয়ে স্নান করে পাপ মোচন করবেন। সে জন্য ব্যাসকুণ্ডের দক্ষিণ পারে অস্থায়ী শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।
ভারতীয় উপমহাদেশে গয়া, মথুরা, বৃন্দাবন, কাশিসহ যে ৫১টি মাতৃতীর্থ রয়েছে, সীতাকুণ্ড তার একটি। সীতাকুণ্ডের স্রাইন কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে জানা যায়, এবার দেশ-বিদেশের পাঁচ লাখ ভক্ত এই মেলায় উপস্থিত হবেন। পুণ্যার্থীরা শিব দর্শনের পাশাপাশি ব্যাসকুণ্ডে স্নান, তর্পণ, গয়াকুণ্ডে পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করবেন।
তিন দিনের মেলায় তীর্থক্ষেত্র সংস্কার, সাজানো, পানীয় জল সরবরাহ ও বৈদিক অনুষ্ঠানের আয়োজন করে স্রাইন কমিটি। আর মেলার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, বিদ্যুৎ সরবরাহ ও পয়োনিষ্কাশনসহ আনুষঙ্গিক কাজ পরিচালনার দায়িত্ব মেলা কমিটির। স্রাইন কমিটির সদস্য ও বিশ্ব বৈদিক সম্মেলনের মহাসচিব মৃদুল গুহ জানান, শিব চতুর্দশী মেলা উপলক্ষে বিশ্ব বৈদিক সম্মেলন, ঋষি সমাবেশ ও সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতে শিবচতুর্দশী লগ্ন শুরু হওয়ার পর অনুষ্ঠিত হবে শিবপূজা। পূজা চলবে শুক্রবারও। তবে মেলার তিন দিনই সীতাকুণ্ডের বিভিন্ন মঠ-মন্দিরে শিব দর্শন করবেন পুণ্যার্থীরা। এ ছাড়া দেশীয় ঐতিহ্যবাহী পণ্য ও ধর্মীয় সরঞ্জাম নিয়ে মেলা চলবে। এই মেলা থেকে এখানে আসা সনাতন ধর্মের নারীরা সিঁদুর ও শাঁখা কেনেন।
মেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে আনসার, ভিডিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেলা চলাকালে বাড়বকুণ্ড ও বড় দারোগাহাট এলাকায় দুটি চেকপোস্ট থাকবে। মেলার বিস্তৃত অঞ্চলজুড়ে থাকবে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকবে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প।
মেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী প্রথম আলোকে বলেন, মেলার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। স্রাইন কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী তীর্থক্ষেত্রের প্রস্তুতি সম্পর্কে প্রথম আলোকে বলেন, মেলা উপলক্ষে এলাকার তীর্থকেন্দ্রগুলো সংস্কার করা হয়েছে। সাজানো হয়েছে বিভিন্ন ধাম, কুণ্ড ও মন্দির।
রেলওয়ের সীতাকুণ্ড স্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া জানান, মেলায় যাতায়াতের সুবিধার্থে ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ঢাকা, চাঁদপুর ও সিলেট থেকে চট্টগ্রামে চলাচলকারী ট্রেন মহনগর গোধূলি, মেঘনা এক্সপ্রেস, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিটের জন্য থামবে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইলও থামবে সীতাকুণ্ড স্টেশনে।