পুণ্যভূমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি বলো বুদ্ধি খাটাও, বুদ্ধি আমার নেই
কোনো কিছু ভাবতে গিয়ে হারিয়ে ফেলি খেই
বুদ্ধি আমার খোয়া গেছে চৌদ্দ ডিসেম্বর
একটি কোপে দ্বিখণ্ডিত মুণ্ডু এবং ধড়
আমার মাথা যে কেটেছে সে তোমারই পুত
অন্ধকারে ঘোরে মাগো স্কন্ধকাটা ভূত
সবার মতো আমারও খুব বাঁচার ছিল সাধ
বোকার দেশে বুদ্ধি থাকা মস্ত অপরাধ
তোমার পেটে জন্মেছিল এমন কুলাঙ্গার
সহোদরের জন্য দরদ একটুকু নেই যার
বদর আসে সদর পথে নামে যখন রাত
একটি রাতে ফুলবাগানে হাজারো প্রাণপাত
পিছন দিকে হাতটি মোড়া কাপড়বাঁধা চোখ
বধ্যভূমি জুড়ে কেবল কান্না এবং শোক
ঘ্রাণ ছড়ানো পুষ্প অনেক যায়নি পাওয়া খোঁজ
তাদের নামে আকাশ জ্বালে রক্তপ্রদীপ রোজ
মাটির নিচে হাড্ডিগুলো দিচ্ছে অভিশাপ
পাপিষ্ঠদের ক্ষমা করা সবচে বড় পাপ
পতাকা ও মশাল হাতে স্বজনহারা লোক
সবুজ শ্যামল বাংলামাটি পুণ্যভূমি হোক!