পুতিন যখন হারকিউলিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার রাজধানী মস্কোতে ‘পুতিনের ১২ কর্ম’ ভাবনার চিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা। ছবি: ভাসিলি মাক্সিমভ/এএফপি
রাশিয়ার রাজধানী মস্কোতে ‘পুতিনের ১২ কর্ম’ ভাবনার চিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা। ছবি: ভাসিলি মাক্সিমভ/এএফপি

গ্রিক পুরাণে জিউসের পুত্র হারকিউলিসকে ১২টি মারাত্মক কঠিন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল। কিন্তু হারকিউলিসের নিয়ামীয় সিংহ বধ করা কিংবা বহু মাথাবিশিষ্ট লারনীয় হাইড্রার সঙ্গে লড়াই করার জায়গায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখা যাবে এ যুগের হারকিউলিস রূপে। পুতিনের জন্মদিনকে ঘিরে মস্কোতে আয়োজিত এক চিত্র প্রদর্শনীতে এভাবেই পুতিনকে তুলে ধরা হয়েছে। বিবিসি ও দ্য গার্ডিয়ান এ প্রদর্শনীর খবর জানিয়েছে।

৭ অক্টোবর ৬২ বছরে পা দিলেন পুতিন। তাঁর জন্মদিনের আগের রাতে ছোট্ট এক প্রদর্শনীর মধ্য দিয়ে পুতিনভক্তরা তাঁকে দুনিয়াবাসীর সামনে হাজির করলেন হারকিউলিস রূপে। এ প্রদর্শনীর ১২টি ছবি আঁকা হয়েছে গ্রিক পুরাণে হারকিউলিসের ‘১২ কর্মের’ অনুসরণে। রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের নানান জটিল পরিস্থিতি এবং সেসব ক্ষেত্রে পুতিনের ‘অর্জন ও কৃতিত্ব’কে তুলে ধরা হয়েছে ওই ১২টি চিত্রকর্মে।

সোমবার মস্কোর একটা ছোট গ্যালারিতে এক রাতের এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফেসবুকে পুতিনের একটা ফ্যানক্লাব। এ সম্পর্কে ফ্যান পেজটির পরিচালক এবং প্রদর্শনীর প্রধান সংগঠক মিখাইল আনতোনভ দ্য গার্ডিয়ানকে বলেন,‘আমরা পুতিনের একটা ভিন্ন ভাবমূর্তি তৈরির চেষ্টা করছি। কেননা, পশ্চিমা গণমাধ্যম সারাক্ষণ তাঁকে কেবল সমালোচনাই করতে থাকে এবং আমাদের গণমাধ্যমও মাঝে মাঝেই তা করে।’ আনতোনভ বলেন, ‘কিন্তু এই ছবিগুলোতে আমরা দেখতে পাব যে তিনি বীরত্বপূর্ণ অনেক কাজ করছেন। আমরা বুঝতে পারব যে, এই জটিল পরিস্থিতিগুলো সামাল দেওয়াটা সহজ কথা না।’

এসব চিত্রকর্মে পুতিনকে হারকিউলিস রূপে দেখা হলেও ছবির কাহিনিগুলোর বিন্যাস কিন্তু খুবই সমকালীন। ১২ চিত্রকর্মের এই সিরিজ শুরু হয়েছে হারকিউলিসের নিয়ামীয় সিংহ বধের চিত্র দিয়ে। কিন্তু এখানে দেখা যাবে সিংহের জায়গায় পুতিন দৈত্যাকার এক দাড়িওয়ালা সশস্ত্র জঙ্গিকে বাগে আনছেন, যা দিয়ে সমকালীন সন্ত্রাসবাদকে বোঝানো হয়েছে। আর সিরিজ শেষ হয়েছে তিনমাথাওয়ালা কুকুর সেরবেরুসের কাহিনি দিয়ে। ওই ছবিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রভাববলয়ে থাকা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা-ই এই তিনমাথাওয়ালা কুকুর।

গ্রিক মৃৎপাত্রের কালো রঙের ওপর সোনালি কাজের স্টাইলে আঁকা ছবিগুলোই সবচেয়ে আকর্ষণীয়। এর একটা ছবিতে পুতিনকে দেখা যাবে বহু মাথাওয়ালা ভয়ংকর প্রাণী লারনীয় হাইড্রার বিরুদ্ধে লড়তে। হাইড্রা এখানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবরোধের প্রতীক। ছবিতে দেখা যায়, পুতিন হাইড্রার মার্কিন মাথাটাকে কেটে ফেলেছেন এবং ঢাল তুলে নিয়ে হাইড্রার বিষ-নিঃশ্বাস ঠেকাচ্ছেন। এই আগস্ট মাসে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, কানাডা ও অস্ট্রেলিয়ার আরোপিত খাদ্য আমদানি নিষেধাজ্ঞা মোকাবিলা করার ঘটনা বোঝাতেই হাইড্রার মার্কিন মাথাটাকে কেটে ফেলা দেখানো হয়েছে।

চিত্রকর্মগুলোতে রাশিয়ার সঙ্গে চীনের গ্যাস চুক্তি, ফ্রান্সের কাছ থেকে মিস্ত্রাল রণতরি কেনার পরিকল্পনা, ইউক্রেনের সঙ্গে মিনস্কে সম্পাদিত অস্ত্রবিরতি চুক্তির মতো সাম্প্রতিক ঘটনাবলিকে পুতিনের সাফল্য হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীতে আসা বেশির ভাগ দর্শকই ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং কিছু ছাত্রছাত্রী ও তরুণ-তরুণী।

এই প্রদর্শনীর কোনো চিত্রকর্মেই শিল্পীর নাম লেখা নেই। বিশেষ কারণেই এই শিল্পীরা নাম প্রকাশ করেননি বলে জানিয়েছেন, মস্কো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক এবং পুতিনের ফ্যান পেজটির পরিচালক আনতোনভ। তিনি জানিয়েছেন, এই পাতার অনুসরণকারীরাই ছবিগুলো এঁকেছেন। ১২টি চিত্রকর্মের কোনো কোনোটি কারও একা আঁকা হলেও কয়েকটি চিত্র যৌথভাবে আঁকা। ফেসবুকে পুতিনের এই ফ্যান পেজটি পছন্দ করেন প্রায় দুই লাখ ৬৬ হাজার মানুষ।