
‘গান তোমাকে দিয়ে হবে না।’ বলে কী পুঁচকে মেয়েটা! ‘পুঁচকে’ অবশ্য মোটেও বলা যায় না সুমিকে। দেখতে দেখতে মেডিকেলের তৃতীয় বর্ষে উঠে গেছে পাশের বাসার চঞ্চল মেয়েটা। আর আমি ইন্টার্নি শেষ করে বিসিএস পাস করে সরকারি চাকরিতে। বুনিয়াদি প্রশিক্ষণ এই চৈত্রে শুরু হয়েছে, শেষ হবে বৈশাখে। কোরাসে একটু ‘এসো হে বৈশাখ’ গানে গলা মেলাব না, তাই কি হয়! অনভ্যস্ত গানের গলা শুনে যাতে শ্রোতারা পালিয়ে না যায়, এ জন্যই তো তোর কাছে এসেছি। বাফায় পুরস্কার পাওয়া গানের ছাত্রী বলে এত ভাব! আমাকে দিয়ে গান হবে না!
‘কেন হবে না আমাকে দিয়ে গান? চেষ্টায় সব হয়। তুই শেখাতে চাস না, তাই বল।’
‘তুমি তো গানের “গ”ও জানো না। সারা জীবনের সাধনার জিনিস এক দিনেই শিখে ফেলবে?’
‘তাও ঠিক। আচ্ছা তুই এত সুন্দর গান করিস কীভাবে? আমাকে একটা সিডি করে দিবি, আমি সারা দিন তোর গান শুনব?’
‘টাকা দিয়ে কিনতে হবে।’
‘আমাকে কাজ চালানোর মতো একটু গান তুলে দে। তোকে নববর্ষে পান্তা-ইলিশ খাওয়াব।’
‘আমার ইলিশে অ্যালার্জি হয়।’
‘নাগরদোলায় চড়াব।’
‘আমার মাথা ঘুরায়।’
‘পুতুলনাচ দেখাব।’
‘আমি তোমাকে নাচাতে পারি, জানো?’
‘তোকে নিয়ে সারা দিন রিকশায় ঘুরব।’
আমার দিকে অবাক তাকাল সুমি। চোখে দুষ্টু মিষ্টি একটা হাসি। ‘একটা গানের জন্য এত্ত ঘুষ?’
‘গানের জন্য না।’
‘তাহলে? ভালোটালো বেসে ফেলেছ নাকি!’
বিশাল একটা থতমত খেয়ে আমি হাঁ করে আছি। মেয়েটা জাদু জানে নাকি?
‘পয়লা বৈশাখে আমাকে শুদ্ধ করে “এসো হে বৈশাখ” শোনাতে হবে। তারপর চিন্তা করে দেখব। পারলে তোমাকে নিয়ে একটা সেলফি তুলব। ফেসবুকে আপলোড করব। আর প্রাইভেসি সেটিংসে থাকবে “অনলি মি”।’
মেয়েটা সম্মোহনী একটা হাসি দিয়ে আমাকে রেখে চলে গেল। প্রেমে পড়া আমি একটা বৈশাখের পুতুল। মেয়েটা কি সত্যিই পুতুল নাচাতে জানে?