পুতুলটির কানে রক্ত ছিল!
নতুন পাঞ্জাবি, নতুন জাঙ্গিয়া, নতুন পায়জামাও পড়া ছিল তার। হ্যাঁ! নতুন জাঙ্গিয়াও দেখা যাচ্ছিল! যখন কান দিয়ে বের হওয়া তাজা রক্তগুলো জমাট বাঁধছিলো; তার দেহটি ঠিক রেল লাইনের পাশেই পড়ে ছিল! কর্মঠ মুখের ক্লিন শেভটা আজকেরই করা! করবেই তো! দীর্ঘদিন পর বউ-বাচ্চা, বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে ঈদ ভাগাভাগি করতে যাচ্ছে যে! তার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে কলিজার টুকরার সন্তানেরা, মমতাময়ী মা-বাবা আর ভালোবাসার সহধর্মিণী।
তারপাশেই একটা খেলনা পুতুল পড়েছিল! হয়তো তার আদরের কন্যাটা যতক্ষণ না পতুল পাবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু খাবে না বলে বায়না ধরে বসে আছে! অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস! স্রেফ এক সেকেন্ডের ব্যবধানে সব লন্ডভন্ড হয়ে গেল লোকটির।
বিকেল চারটার দিকে কুড়িল ফ্লাইওভারের ঠিক নিচে ট্রেনের ধাক্কা খায় লোকটি! আমার চোখের সামনেই ঘটে যায়। আমার প্রেশার ১৬০ করার সেই ঘটনা!
স্রেফ একটি ধাক্কা; লোকটি ছিটকে গিয়ে পড়ে পিচ ঢালা পাথরের মধ্যে! আর তখনই শেষ হয়ে যায় তার ঈদ, তার স্বপ্ন! তার বাড়ি ফেরা!
লোকজন ঠেলে আমি লোকটির কাছে যাই। মনে হলো লোকটি আমাকে বলছে আমার পুতুলটি নাও; আমার বাড়িতে পৌঁছে দাও! আমার বাচ্চা অপেক্ষা করছে!
ইতিমধ্যে পুলিশ চলে এসেছে। লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মানিব্যাগে এক গার্মেন্টসের ম্যানেজারের একটি ভিজিটিং কার্ড পাওয়া গেল। কার্ডে দুটি মোবাইল নম্বর ছিল। প্রথম নম্বরটি বন্ধ পাওয়া গেল; পরেরটি ধরলেন এক মহিলা। তার সঙ্গে কথা বলে কোনো সদুত্তর পাওয়া গেল না।
লোকটির ছবি তুলে নিলাম। পুলিশের কাছে বলে লোকটির পুতুলটি চেয়ে নিলাম। দেখি খোঁজ করে তার পরিচয় পাওয়া যায় কি না!
দুই.
পুতুলটি কোলে নিয়ে বসে আছি। রিকশাটি কেবলই যমুনা ফিউচার পার্কের সামনে এসেছে ঠিক তখনই মোবাইলে একটি কল আসে। ফোন ধরতেই একজন বলেন আমি তাকে ফোন দিয়েছিলাম কি না?
আমি আমার পরিচয় দিয়ে বলি, আমি আপনার গার্মেন্টসের দিকেই আসছি। একজন লোকের পরিচয় জানা দরকার।
তিন.
ভোর আড়াইটা তখন। সুজানগর বাসস্ট্যান্ডে গিয়ে নামি। যাবো সাগরকান্দি বাজারে। আমি কখনো এই এলাকায় আসি নাই। গিয়ে শুনি, আমি ভুল রাস্তায় এসেছি। আবার পেছনের দিকে ফিরে যেতে হবে। কি আর করব! একটি সিএনজি ভাড়া করে উল্টো দিকে রওনা দিই।
সাগরকান্দি বাজারে গিয়ে পৌঁছাতেই আকাশ পরিষ্কার হয়। ঈদ আজ। ঈদের আকাশটা মেঘলা। একটা চায়ের দোকানে গিয়ে মুখ ধুয়ে নিই। চা খাই। কথা বলতে বলতে লোকটির কথা বলি। চা দোকানদার আমাকে লোকটির বাড়ি দেখিয়ে দেন।
চার.
দোচালা টিনের একটি ঘর। পাশে দুটি টিনের ছাপড়া। ছাপড়ার পাশে একটি খোলা রান্না ঘর। সেখানে একজন মহিলা কিছু রান্না করছেন, তারপাশে ছয়-সাত বছরের একটি মেয়ে বসে আছে। আমাকে দেখে ঘর থেকে বয়স্ক এক লোক এগিয়ে আসেন।
আমি বলি, কুদ্দুস ভাই আমাকে পাঠিয়েছেন। তিনি ঈদে ছুটি পাননি। বয়স্ক লোকটি জানান, তিনি কুদ্দুসের বাবা। আমি তার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলি, কুদ্দুস ভাই এই টাকাটা দিতে বলেছেন।
আমার কাছ থেকে তিনি টাকাটা নিতে চাচ্ছিলেন না। তিনি তার ছেলের বউকে ডাকেন। আমাকে ঘরে নিয়ে বসতে দেন। আমি ব্যাগ থেকে পুতুলটি বের করতেই মেয়েটি আমার দিকে এগিয়ে আসে। বলি, তোমার নাম কি? মেয়েটি বলে আশা। তাকে পুতুলটি দিয়ে বলি, তোমার বাবা এটি পাঠিয়েছেন। আশা পুতুলটি নিয়েই ওর মার দিকে তাকিয়ে বলে, বলছিলাম না, এবার ঈদে আব্বা আমাকে পুতুল কিনা দিবেই!
আমি বিদায় নিচ্ছি। বাড়িতে ফিরব। আশা আমার কাছে এসে পুতুলটি দেখিয়ে বলে, আংকেল, দেখো দেখো, পুতুলটির কানে রক্ত! আমি আর পেছনে ফিরে তাকাই না; আমার চোখ ভিজে যায়!