পুতুলনাচে বুদ্ধি ও সাহসের জয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দেশে ছিল ছোট্ট এক দর্জি। ঘটনাক্রমে একদিন সেই দর্জি এক আঘাতে সাতটি মাছি মেরে ফেলে। ‘এক বাড়িতে সাতটি’ কোমরবন্ধনীতে এটুকু লিখে সে জয় উদ্যাপন করে। এরপর এক পানি বিক্রেতার প্রেরণায় দর্জি বিভিন্ন দেশ ঘুরতে বের হয়। ঘটতে থাকে নানা ঘটনা।

এই কাহিনি নিয়ে এভাবেই এগিয়ে যেতে থাকে পুতুলনাচ। এর মাধ্যমে ‘সেই ছোট্ট সাহসী দর্জি’ শীর্ষক গল্পের মঞ্চায়ন হয়েছে ৩ মার্চ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। ব্রাদার্স গ্রিমের জার্মান রূপকথা অবলম্বনে এ পুতুলনাচের নির্দেশনায় ছিলেন জার্মানির প্রখ্যাত পাপেট নির্দেশক ভিল্যান্ড ইয়াওজিন্সকি। পুতুল নাচের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। পুতুলনাচের দুটি প্রদর্শনীর আয়োজন ছিল বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।

পুতুলনাচে দেখা যায়, দর্জি বিভিন্ন দেশ ঘুরতে গিয়ে এক জঙ্গলে এসে পড়ে। এখানে সে মুখোমুখি হয় দৈত্যের। এই কোমরবন্ধনী দেখে দৈত্য খুব রেগে যায়। তখন দর্জি বুদ্ধি খাটিয়ে দুই দৈত্যের মধ্যে লড়াই লাগিয়ে দেয়। একপর্যায়ে দুই দৈত্য একে অপরকে মেরে ফেলে। সে দেশের রাজা দর্জির হাতে অত্যাচারী দৈত্যের মৃত্যুর খবর শুনে খুব উৎফুল্ল হন। কিন্তু নিজের মেয়ের সঙ্গে দর্জির বিয়ে দেওয়ার জন্য তিনি আরও সাহসিকতার প্রমাণ চান। তিনি দর্জিকে বলেন একটি পঙ্খীরাজ ঘোড়া ও একটি বন্য শূকর শিকার করে আনতে। দর্জি নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ছুটে যায় রাজার শর্ত পূরণে। এ যাত্রায়ও দর্জি জয়ী হয়। রাজা তাঁর ঘোষণা অনুযায়ী এই বীরত্বের পুরস্কার হিসেবে অর্ধেক রাজ্যসহ রাজকন্যাকে ছোট্ট দর্জির হাতে তুলে দেন। এভাবেই শেষ হয় পুতুলনাচের কাহিনি। ছোট্ট এক দর্জি কীভাবে পদে পদে নিজের বুদ্ধি ও সাহসের ওপর ভর করে নানা বিপদসংকুল পথ অতিক্রম করে অবশেষে বিজয়ী হয়, সেটাই দেখানো হয়। ছোট শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছিল পুতুলনাচ দেখতে।