দানবীর রাজা হরিশচন্দ্রের কাছে ছদ্মবেশে হাজির হয়েছেন মুনি বিশ্বামিত্র। তাঁকে রাজ্য দান করে রাজ্যহারা হলেন রাজা হরিশচন্দ্র। দক্ষিণার বাকি সপ্তকৌটি স্বর্ণের খোঁজে ভিখারি রাজা ঘুরে ঘুরে ফিরলেন শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে। সহায়সম্বলহীন রাজা দ্বারে দ্বারে ঘুরছেন। খাওয়া নেই, নাওয়া নেই, একপ্রকার গাছতলায় দিন কাটছে তাঁর। শেষে সপ্তকৌটি স্বর্ণ জোগাড় করতে তিনি কাশীতে উপস্থিত হন। মঞ্চের একপাশে বাদ্যযন্ত্র নিয়ে বসেছেন বাদকেরা। মাঝখানে পুতুলনাচের জন্য কালো কাপড়ে ঘেরা বিশেষ মঞ্চ। গানবাজনা ও সংলাপের তালে তালে, নানা অঙ্গভঙ্গির দক্ষতায় পুতুলগুলো বলে যাচ্ছে রাজা হরিশচন্দ্রের দুঃখভরা জীবনের গল্প। শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে গত ১১-১৩ জুন তিন দিনব্যাপী হয়ে গেল মনমাতানো পুতুলনাচের উৎসব। এতে অংশ নিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে আসা বিভিন্ন পুতুলনাচের দল। বাংলাপিডিয়া বলছে,বিশ শতকে আধুনিক শিল্পকলা হিসেবে পুতুলনাচ স্বীকৃত হয় এবং টেলিভিশন উদ্ভাবনের পর তা বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। পৃষ্ঠপোষকতার অভাবে লোকসংস্কৃতির অন্যতম ধারক এই পুতুলনাচ এখন চোখেই পড়ে না। ‘পারিবারিকভাবে অথবা নিতান্ত ব্যক্তিগত আগ্রহের ফলেই দেশে ২০ থেকে ২৫টি দল টিকে আছে।একসময় এই পুতুলনাচ সারা দেশের বিভিন্ন গ্রামীণ মেলার প্রধান আকর্ষণ ছিল।’ এমনটাই জানালেন মণিকা পুতুল যাত্রার কর্ণধার ষাটোর্ধ্ব মকবুল হোসেন। এসেছেন কুড়িগ্রাম থেকে রাজা হরিশচন্দ্র পালা নিয়ে। কাজ শিখেছেন নদীয়ার (পশ্চিমবঙ্গ) গুরু ব্রজেন দত্ত সাহার কাছে। তাঁর ভাষায়, সংগ্রামের (১৯৭১) পর দেশে এসে দল গড়েছেন। তার পর থেকেই শুরু। নানা চড়াই-উতরাই পেরিয়ে সদস্যসংখ্যা আজ বারোতে ঠেকেছে। বছরের সিংহভাগ সময়ই বেকার বসে থাকতে হয়। কোনো মেলা-পার্বণে যে নিজেদের উদ্যোগে প্যান্ডেল করে শো করবেন, তারও জো নেই। প্রশাসনিক অনুমতি নিতেই লেগে যায় ১৫-২০ হাজার টাকা। কেমন করে হবে! এভাবেই হতাশা আর অসহায়ত্ব ঝরে পড়ল মকবুল হোসেনের চোখেমুখে। শো চললে কর্মীদের মাথাপিছু ৫০০ টাকা দিতে হয়। না চললে দিতে হয় হাতখরচ ও তিন বেলার খোরাক। কোথা থেকে জোগাবেন এত খরচ? আর কিছুই তো করেন না। এত দুরবস্থা আর অনটনের মধ্য দিয়েও পুতুলনাচের প্রতি এক অন্ধ ভালোবাসা থেকে সন্তানের মতো আগলে রেখেছেন দলটি। পুতুলনাচের কলাকৌশলমঞ্চায়িত পুতুলনাচের পাশাপাশি দেখা হলো এর পেছনের কলাকৌশল। পুতুলনাচ সাধারণত চার ধরনের হয়: তারের পুতুল, লাঠি পুতুল, বেণি পুতুল ও ছায়া পুতুল। এসব পুতুল তৈরি করা হয় শোলা ও হালকা কাঠি দিয়ে। তাতে কাপড় ও বিভিন্ন অলংকার পরানো হয়। তারপর পুতুলগুলো সূক্ষ্ম তার বা সুতা কিংবা সরু লাঠির সাহায্যে সংলাপের সঙ্গে সঙ্গে নাচানো হয়। সাধারণ নাটকে স্থানের সীমাবদ্ধতা থাকলেও পুতুলনাচে তার বিস্তৃতি অনেক। জলের প্রাণী, আকাশের পাখি, ডাঙার মানুষ, বনের পশু—সবই কাহিনির প্রয়োজনে এক মঞ্চে একসঙ্গে অভিনয় করে। নির্বাক পুতুলসহ সব প্রাণীই নিজস্ব আচার-আচরণের পাশাপাশি মানুষের ভাষায় কথা বলে। ফলে পুতুলনাচ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময় এবং সকল বয়স ও শ্রেণীর দর্শকেরা তা সানন্দে উপভোগ করেন।পরবর্তী পালার কাজ গোছাতে গোছাতেই কথা হলো বলরাম রাজবংশীর সঙ্গে। তাঁর প্রায় ২০ বছরের পুরোনো দল বিশ্বরূপা পুতুলনাচ পার্টি। নিজেই দলের মালিক। নিজেই পুতুলনাচের প্রশিক্ষক। মানিকগঞ্জের এই দল সীতা হরণ পালা মঞ্চায়িত করে। বলরামের কণ্ঠেও বেদনার সুর। ১০ বছর আগেও পুতুলনাচের খুব রমরমা অবস্থা ছিল। নিয়মিত শো অর্থাৎ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ নেই বলে নতুন কেউ এ পেশায় আসতে চায় না। দীর্ঘদিন ধরে কাজ শেখারও একটা ব্যাপার আছে। তবু যদি কালেভদ্রে কোথাও ডাক পড়ে, একে-ওকে ধরে নিয়ে শো করেন। স্বাভাবিকভাবেই তাতে থাকে নিদারুণ অদক্ষতার ছাপ। নিরুপায় হয়ে তাদের মাঠের কাজ, কাঠমিস্ত্রির কাজ ইত্যাদি করে দিন চালাতে হয়— জানালেন বলরাম রাজবংশীও।মিরপুর থেকে নাতি-নাতনি নিয়ে পুতুলনাচ দেখতে এসেছেন ষাটোর্ধ্ব আম্বিয়া বেগম। বললেন, ১০-১৫ বছর আগে যখন পুতুলনাচ দেখতেন, তাতে সবকিছু নিপুণভাবে করা হতো। মনে হতো, সত্যি সত্যিই পুতুলগুলো কথা বলছে! কিন্তু আজকের শো দেখে বাচ্চারাও বুঝে যাবে যে সবই মানুষের করা। তবে সবই হতাশার কথা নয়। মোজাম্মেল হক নামে এক পুতুল নাচিয়ের ভাষ্য, শো করতে পারলে টিকিট খুব বিক্রি হয়। লোকজন পরিবার নিয়ে দেখতে আসে, আনন্দ পায়। কথা হলো হুল্লোরে মেতে থাকা একদল খুদে বন্ধুর সঙ্গে। আট-নয় বছরের মুগ্ধ, শুভাশিস, উমা, ঐশীরা একমত হয়ে জানাল, টিনটিন আর ছোটা ভীম (কার্টুন চরিত্র) থেকেও পুতুলনাচই বেশি মজার। পুতুল আর ঘোড়ার লাফালাফি দেখে তারা খুব মজা পেয়েছে।