১০০ বছর ধরে পুতুল মেরামত করছে অস্ট্রেলিয়ার অরিজিনাল ডল হসপিটাল নামের এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান বলতেও যেন কেমন বেমানান লাগে! আসলেই যেন একটা হাসপাতাল সেটি! অন্তত সিডনির এই আজব হাসপাতালটির অন্দরমহল যে তা-ই বলে। অগুনতি পুতুল আর পুতুলের অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে হাসপাতালজুড়ে। এ বছর ১০০ বছরে পা রাখল হ্যারল্ড চ্যাপম্যান সিনিয়রের এই প্রতিষ্ঠান। ১৯১৩ সালে চ্যাপম্যানের ভাই জাপান থেকে অনেকগুলো পুতুল এনেছিলেন জাহাজে করে। আসার পথে নষ্ট হয়ে যায় অধিকাংশ পুতুল। তাই আর্থিক লোকসান থেকে রেহাই পেতে পুতুলের হাসপাতালটি খুলে বসেন চ্যাপম্যান। সেই থেকে শুরু। এখন কেবল গোটা অস্ট্রেলিয়াই নয়, নিউজিল্যান্ড থেকেও আসে পুতুল মেরামতের ফরমাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষের হাসপাতালের মতো এই পুতুলের হাসপাতালও সক্রিয় ছিল সমানতালে। সে সময় মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কত-শত শিশু-কিশোরের শখের পুতুল। তাই সেই যুদ্ধের ডামাডোলে প্রায় ৭০ জন ‘নার্স’ নিয়ে পুতুল মেরামতের কাজ চালিয়ে গিয়েছিল অরিজিনাল ডল হসপিটাল! এই হাসপাতাল ৯৫তম বছরে মেরামত করেছিল প্রায় আড়াই মিলিয়ন পুতুল। তবে এত যে পুতুল মেরামত হয়, ক্ষতিগ্রস্ত পুতুলগুলোর ক্ষতিগ্রস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো যায় কোথায়? এতদিন সেগুলো হাসপাতালেই সংরক্ষণ করা হতো। কিন্তু কত আর জায়গা দেওয়া যায়! তাই এবার হাসপাতাল কর্তৃপক্ষ পুতুলদের জন্য ব্যবস্থা করেছেন এক সমাধিস্থলের! ক্ষতিগ্রস্ত পুতুলদের সৎকারও হবে; পুতুল-হারানো মানুষ পাবেন সান্ত্বনা! ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান