দরিদ্র পরিবারের শিশু বিট্টুর মনে অনেক দুঃখ। ভারাক্রান্ত মনে একদিন পথের ধারে বসে কাঁদছিল সে। এমন সময় একটি প্রজাপতি উড়ে আসে। প্রজাপতি জানতে চায়, সে কাঁদছে কেন? বিট্টু জানায়, তার বয়সী ছেলেমেয়েরা সবাই স্কুলে যায়। তাই তার খেলার সঙ্গী নেই। প্রজাপতি তাকেও স্কুলে যেতে বলে। কিন্তু স্কুলের খরচ কে দেবে? এসব কারণে ছোট্ট বিট্টুর লেখাপড়ায় আগ্রহ নেই একেবারেই। বিট্টু তাই রাগ করে প্রজাপতির ওপর। প্রজাপতিকে সে তাড়িয়ে দেয়। কিন্তু একদিন এক মহাজনের কাছে প্রতারিত হয়ে বিট্টু বুঝতে পারে, যেভাবেই হোক লেখাপড়া শেখা উচিত।এমন সচেতনতামূলক ছোট ছোট নাটিকা নিয়ে গত বৃহস্পতিবার পুতুলনাচের আসর (পাপেট শো) হয়ে গেল নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) ও গ্যেটে ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এই পাপেট নাটক অনুষ্ঠিত হয়। জার্মানির প্রখ্যাত পাপেট নির্মাতা ভিল্যান্ড জাগোদরস্কি সম্প্রতি চট্টগ্রামের নাট্যকর্মী, তরুণ শিল্পী ও উন্নয়নকর্মীদের পাপেট তৈরির ওপর প্রশিক্ষণ দেন। ৯ জানুয়ারি পটিয়ায় অবস্থিত বিটার কার্যালয়ে ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। শিশুশিক্ষা, স্যানিটেশন, পোশাক কারখানা, শ্রমিক শোষণ ইত্যাদি বিষয়ের ওপর নির্মিত হয় পাপেট প্রযোজনাগুলো। দর্শকদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বিটার কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক আবুল মনসুর। তিনি পাপেট পরিচালক ভিল্যান্ড জাগোদরস্কিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।