২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের পটিয়ার ব্যবসায়ী আবুল মনছুর (৫৫) হত্যা মামলার রহস্য উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। তাঁর এক পুত্র আরিফুর রহমান (২৮) ১৩ ডিসেম্বর পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। উল্লেখ্য, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের লোহা-ব্যবসায়ী মোহাম্মদ আবুল মনছুরকে ১০ ডিসেম্বর এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কে বা কারা ছুরিকাঘাতে খুন করার পর পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানায়, নিহত আবুল মনছুরের প্রথম স্ত্রী ক্যানসারে মারা যাওয়ার পর এক বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে পিতার সঙ্গে পুত্রের নানা বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়। পুুত্র আরিফ তাঁর জবানবন্দিতে জানান, সৎমা তাঁদের ভালোভাবে খাবার-দাবার দেন না। তাঁর বোনদেরও চরম অবহেলা করতেন। বাবা কোনো অভিযোগ শুনতেন না। এসব কারণে তিনি অতিষ্ঠ হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। ১০ ডিসেম্বর চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের একটি দোকান থেকে ছুরি কিনে সন্ধ্যায় বাড়ির পথে ওত পেতে থাকেন। এই সময় তাঁর বাবা কৈয়গ্রাম মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আরিফ তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। কিন্তু হত্যার দুদিন পরও পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ না আসায়, পুলিশ বাদী হয়ে ১২ ডিসেম্বর পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, রাতভর পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফ নিজেই স্বীকার করেন, সম্পত্তির লোভ ও পুঞ্জীভূত ক্ষোভে পিতাকে হত্যা করেন তিনি। পটিয়া থানার ওসি এম এ ছবুর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর কেনা ছুরি ও স্যান্ডেল উদ্ধার করেছে। পুলিশের কৌঁসুলি জিজ্ঞাসাবাদের কারণেই ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করা সম্ভব হয়েছে।