পুদিনা চাষে আগ্রহী নারীরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে পুদিনা চাষে ব্যস্ত কৃষকেরা। বাড়ির পাশে খালি জমি, উঠান ও পাহাড়ের ঢালুতে পুদিনা চাষ করা হচ্ছে। আসন্ন রমজানে বেশি দামে বিক্রির আশায় পুদিনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন পুরুষদের পাশাপাশি নারীরাও। কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার ভাটিয়ারী, কুমিরা, ছলিমপুর ও সোনাইছড়ি এলাকার বিভিন্ন গ্রামে এবং পাহাড়ের ঢালু জায়গায় ১০ হেক্টর জমিতে ১৫০ কৃষক পুদিনা চাষ করেন। সরেজমিনে গিয়ে মধ্যম সোনাইছড়ি, কেশবপুর, বাজারপাড়া, ইমাননগর, পূর্ব হাসনাবাদ, জাহানারাবাদ, অলিনগর ও উত্তর সলিমপুর গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড়সংলগ্ন বেলে-দোঁআশ মাটির জমিগুলোতে ব্যাপক হারে এ সুগন্ধি পাতার চাষ হচ্ছে। রমজানের আগ মুহূর্তে মোটামুটি চাষাবাদের অবশিষ্ট জায়গায় এখন পুদিনা পাতার কাণ্ড (ডাল) রোপণ করা হয়েছে। মাটিগুলোকে হালকা উর্বর করে তাতে পুদিনার কাণ্ড রোপণ করতে হয়। প্রথমদিকে এর খরচ কম লাগলেও পরবর্তী সময়ে পরিচর্যার জন্য ব্যয় একটু বেশি পড়ে। এক মাসের মধ্যে কচি পাতা ধরবে এবং শাখা-প্রশাখা বৃদ্ধি পেয়ে রোজার আগেই বিক্রির উপযুক্ত করা হবে।পুদিনাচাষিরা জানান, পাঁচ গণ্ডার একটি জমিতে লাগানো পুদিনা ৫০ হাজার টাকার চেয়েও বেশি দামে বিক্রি করা যাবে। তবে ফলনের ওপর নির্ভর করে লাভের হিসাব। আর যে খেতের পরিচর্যা যত বেশি হয়, সে খেতের পুদিনা পাতা তত ভালো হয়।ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ এলাকার মহিলা কৃষক ইয়াসমিন আক্তার ও বিউটি বেগম জানান, তাঁদের প্রচুর কষ্ট করতে হচ্ছে এ পুদিনা চাষে। বাজারে বিক্রির উপযুক্ত করতে সুস্থ কচি পাতার জন্য তিন-চার দিন পরপর খেতের আগাছা পরিষ্কার করতে হয়। পরিমাণ অনুযায়ী পানি দিতে হয়। তবে খেতে যদি পানি জমে, তাহলে পুদিনা পাতা পচে যায়। উত্তর সলিমপুরের কৃষক দেলোয়ার হোসেন জানান, তিনি পাঁচ একর জমিতে পুদিনা চাষ করেছেন। পুদিনা সরাসরি কৃষকের কাছ থেকে বাজারে আসে না। প্রথমে কৃষক স্থানীয় কোনো খরিদ্দারের কাছে পুরো খেতের পাতা বিক্রি করে দেন। পরে ওই খরিদ্দার বেশি দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরে তা ছোট ছোট গোছা আকারে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়। এ গোছায় এক থেকে পাঁঁচটি পাতাপূর্ণ কাণ্ড থাকে, যা তিন-চার টাকায় বিক্রি করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাহমুদুল ইসলাম জানান, সরকারিভাবে পুদিনা চাষের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। তবে পুদিনা চাষে আগ্রহী কৃষকদের পরামর্শ দেওয়া হয়। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, পরিবারের নারীরা পুদিনা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। সীতাকুণ্ডের দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫০ চাষি পুদিনার চাষ করে থাকেন।