পুদিনায় সাফল্যের হাসি
অভাব-অনটনে বেড়ে ওঠা যুবক আবদুল হাকিম (৩৩)। সংসারের খরচ জোগাতে দিনমজুরি করেছেন অনেক দিন। একসময় শুরু করেন ধনে ও পুদিনা পাতা বিক্রি। তাতেও অবস্থার তেমন উন্নতি হয়নি। এরপর নিজেই পুদিনা পাতার চাষ শুরু করেন। আর প্রথম চাষেই পেয়েছেন সাফল্য। রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামের আলী আহমদের ছেলে আবদুল হাকিম এখন অন্যদের পথ দেখাচ্ছেন। তাঁর সাফল্য দেখে অনেকেই পুদিনা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।আবদুল হাকিম জানান, তিনি একসময় রাঙামাটির মাইনি, লংগদু, বরকল, চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন বিলে গিয়ে সরাসরি চাষিদের কাছ থেকে ধনে ও পুদিনা পাতা কিনে এনে রানীর হাট ও রোয়াজার হাটে বিক্রি করতেন। এতে সংসারে সচ্ছলতা এলেও ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। এরপর নিজে চাষ করার চিন্তা করেন। কিন্তু তাঁর কোনো জমি নেই। এমন সময় বগাবিলী সেতুর পাশে ইছামতী নদীর পাড়ে পরিত্যক্ত একখণ্ড সরকারি খাসজমি চোখে পড়ে। ঝোপঝাড় কেটে মাত্র তিন শতক জমি চাষের উপযোগী করে ২০১০ সালের জানুয়ারি মাসে সাতকানিয়া উপজেলার চাগাচরের চাষি মফিজুর রহমানের কাছ থেকে বীজ এনে বপন করেন। এতে ব্যয় হয় এক হাজার টাকা। জমি প্রস্তুতির সময় সারসহ মোট খরচ হয় দুই হাজার টাকা। আর বীজ বপনের ২০ দিন পর থেকে পুদিনা পাতা কেটে বিক্রি শুরু করেন। শুরুতে প্রতিদিন দু-তিন কেজি পুদিনা পাতা সংগ্রহ করা হয়, যা প্রতি কেজি ২০০ টাকা হিসেবে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। পরে প্রতিদিন প্রায় চার-পাঁচ কেজি পুদিনা পাতা সংগ্রহ করা হয়। এভাবে প্রথম মাসে ২০-২১ হাজার টাকার এবং পরে প্রতি মাসে গড়ে ২৫ হাজার টাকার পুদিনা পাতা বিক্রি করেন। ওই বছর রমজান মাসে প্রায় ৬০ হাজার টাকার পুদিনা পাতা বিক্রি হয়। প্রথম চাষেই খরচ বাদে লাভ হয় প্রায় দুই লাখ টাকা। আবদুল হাকিম বলেন, ‘বাজারে পুদিনা পাতার প্রচুর চাহিদা রয়েছে। চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বড় শহরগুলো থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে পুদিনা পাতা কিনে নিয়ে যান। রমজান মাসে পুদিনা পাতার চাহিদা দ্বিগুণ হবে। ফলে এ জমি থেকে রমজান মাসে প্রায় এক লাখ টাকারও বেশি পুদিনা পাতা বিক্রি করা সম্ভব হবে।’ তিনি জানান, বপনের মাত্র সাত দিনে বীজ থেকে লতা আকারে ডগা জন্মায়। ১০-১২ দিনের মাথায় পরিমাণমতো মিশ্র সার প্রয়োগ করলে ডগা দ্রুত বৃদ্ধি পায়। পাতা সতেজ ও ফলন ভালো হয়। ২০ দিনের মাথায় পুদিনা পাতার ডগা কেটে বিক্রি করা যায়।রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা জামাল উদ্দিন বলেন, ‘গ্রামের মানুষ পুদিনা পাতাকে ফেলনা মনে করত। ফলে ইউনিয়নের কোথাও কাউকে পুদিনা চাষ করতে দেখা যায়নি। এমনকি রাঙ্গুনিয়ার কোথাও বাণিজ্যিকভাবে পুদিনা চাষ হয় এমন খবরও নেই। সম্ভবত আবদুল হাকিমই রাঙ্গুনিয়ার প্রথম পুদিনাচাষি। আর প্রথম চাষেই লাখপতি তিনি। তাঁকে দেখে বগাবিলী গ্রামের অনেকে এখন পুদিনা চাষ করছেন।’একই গ্রামের কৃষক আবদুল মোতালেব (৪২) বলেন, ‘পুদিনা চাষে যে ভাগ্য বদলাতে পারে, তা কখনো ভাবিনি। আবদুল হাকিমের ভাগ্যের পরিবর্তন দেখে এবার আমিও ছয় শতক জমিতে পুদিনা চাষ করেছি। আমার মতো আরও অনেকে চাষ করছেন। বীজ ও পরামর্শ দিয়ে আবদুল হাকিম আমাদের সহযোগিতা করেছেন।’রাঙ্গুনিয়া উপজেলার কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘পুদিনা একটি সুগন্ধিযুক্ত মসলাজাতীয় উদ্ভিদ। এটি ঔষধিও বটে। কিন্তু রাঙ্গুনিয়ায় কোথাও বাণিজ্যিকভাবে পুদিনা চাষ হয় না। পুদিনা চাষের জন্য এখানকার জলবায়ু ও মাটি যথেষ্ট উপযোগী। বাণিজ্যিকভাবে পুদিনা চাষ করলে চাষিদের ভাগ্য বদলে যাবে। কারণ, এতে খরচ কম, লাভ বেশি।’