বরাবর
জেনারেল ম্যানেজার
‘কী আছে দুনিয়ায়’ কোম্পানি প্রাইভেট লি.
ঢাকা, বাংলাদেশ
বিষয়: কর্মস্থলে ফেরার জন্য অতিরিক্ত ছুটির আবেদন।
মহোদয়,
সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আপনার দোয়ায় যুদ্ধ করে ঈদে বাড়ি পৌঁছেছিলাম। ঈদের ছুটি শেষে এবার ঢাকায় ফেরার পালা। কিন্তু আপনি তো জানেন, পথঘাটের যা অবস্থা, তাতে সময়মতো পৌঁছানো যাবে কি না, তা হলফ করে বলা যায় না।
রাস্তায় বিশাল জ্যাম, গাড়ি দুই গজ এগোতে যে সময় লাগে, তাতে চমৎকার ঘুম দেওয়া যায়। তার ওপর রাস্তায় গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে সামান্য কম গভীরতাবিশিষ্ট খাদ তো আছেই। এ ছাড়া বৃষ্টির কারণে মাঝে মধ্যে রাস্তা আর পুকুরের মধ্যে পার্থক্য করা দায় হয়ে পড়ে। এমতাবস্থায় সিদ্ধান্ত নিয়েছি যে কর্মস্থলে দ্রুত পৌঁছানোর জন্য পায়ে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হব। ফলে অফিসে পৌঁছাতে সময় কিছুদিন বেশি লাগবে।
অতএব, আপনার নিকট আকুল আবেদন, দ্রুত ও সুস্থভাবে পায়ে হেঁটে কর্মস্থলে ফেরার জন্য আমাকে ছয় বা সাত দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
আবুল হাশেম ব্যাপারী
লেখা: আশিকুর রহমান