পুনর্গঠন নিয়ে বিপাকে হাইতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের জলের সঙ্গে কি আর কিছুর তুলনা চলে? কয়েক মুহূর্তের তাণ্ডব সবকিছু দিল লন্ডভন্ড করে। যাঁরা বাঁচলেন, তাঁদের সঙ্গী হলো চোখের জল। প্রিয়জন হারানোর বেদনা জড়িয়ে গেল জীবনে।হাইতিবাসীর জন্য জানুয়ারির ১২ তারিখটি ছিল বিভীষিকার মতো। রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প কেড়ে নিল দুই লাখ ৩০ হাজারেরও বেশি প্রাণ, আহত ও গৃহহীন হলো লাখ লাখ মানুষ। সেই ভয়াবহ বিপর্যয়ের পর কেটে গেছে দেড় মাসেরও বেশি সময়। এখন স্বজনের মৃত্যুশোক ছাপিয়ে ক্রমেই বড় হয়ে উঠছে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। চোখের জলে এখন নিজেকে বাঁচানোর আকুতি। সরকার জনগণের থাকা-খাওয়াসহ মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের জানা নেই, কী করে বাঁচবে তারা।হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স ও এর আশপাশের এলাকার ২৫ লাখ মানুষের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় দুই সপ্তাহ ধরে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ পেয়ে মানুষগুলো হয়তো এ যাত্রায় প্রাণে বেঁচে গেছে; কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। সামনে অপেক্ষা করছে আরও প্রতিকূল সময়। সাধারণত মে মাসের প্রথম দিক থেকে হাইতিতে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের মতো ঘটনা ঘটে। কিন্তু এবার ফেব্রুয়ারির শেষ দিকেই দেখা দিয়েছে বন্যা, ঘটেছে প্রাণহানি। এখানেই শেষ নয়, জুনের দিকে হারিকেনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।অথচ হাইতির প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ এখনো ৩৩৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছে। শুষ্ক মৌসুম বলে না হয় সেটা সম্ভব হচ্ছে, কিন্তু বৃষ্টি, বন্যা কিংবা হারিকেন হানা দিলে কী হবে?এ বিষয়গুলোকে মাথায় রেখেই পুনর্গঠন কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকার ও ত্রাণের কাজে নিয়োজিত কর্মকর্তারা বর্ষাকাল আসার আগেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাদের নিজেদের পুরোনো বসতিতে ফিরিয়ে দেওয়ার পক্ষপাতী। যেমনটা বলছিলেন হাইতিতে নিযুক্ত জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যান্থনি বেনবুরি, ‘বন্যা হবে। এতে মানুষের অবর্ণনীয় কষ্ট হবে। তবে এ পরিস্থিতি কোনোভাবেই এড়ানো যাবে না।’কিন্তু সেই ধ্বংসস্তূপে মানুষগুলো থাকবে কীভাবে? এই সমস্যার অস্থায়ী কিন্তু টেকসই সমাধানের আশায় আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনের মধ্যে প্লাস্টিকের তৈরি ত্রিপল বা তাঁবু দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তারা এগুলো নিয়ে বাড়ি ফিরে গিয়ে নতুন করে বাঁচার লড়াই শুরু করবে। তবে সরকারকে এ ক্ষেত্রে একটি কাজ অবশ্যই করতে হবে। অবিলম্বে ধ্বংসস্তূপের ইট-পাথরের টুকরা সরিয়ে জায়গাগুলোকে চলাচলের উপযোগী করে তুলতে হবে। নইলে এ পরিকল্পনা মাঠে মারা পড়বে।জাতিসংঘ প্রতিদিন গড়ে ১৫ হাজার পরিবারকে তাঁবু দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাঁরা প্রতিটি পরিবারের জন্য অন্তত দুটি তাঁবুর ব্যবস্থা করতে চায়। তবে বর্ষা শুরুর আগেই এসব কাজ শেষ হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ সরকারের পুনর্গঠন কমিটির স্থপতি জিরাল্ড ইমাইল বার্ন। তিনি বলেন, ‘সবকিছুই বৃষ্টির মৌসুম শুরুর আগে শেষ করতে হবে। তবে আমরা সেটা করতে পারব না।’সরকারের এসব উদ্যোগ নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের অনেকেই মনে করে, সরকারের এ কর্মসূচি তাদের বর্তমান অবস্থার চেয়ে ঢের ভালো হবে। অন্তত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে একটু ভালো পরিবেশে বাঁচার সুযোগ তৈরি হবে। তবে তাঁরা নিজেদের পুরোনো আবাসস্থলে এমন ভালো পরিবেশ সৃষ্টি হবে মনে করে ফিরে যেতে চায় না। আশ্রয়স্থল থেকে যেতে চায় না এমন একজন জেন পেশন সিম্পলাইস। ৪৪ বছর বয়সী জেন এখানে তাঁর স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে নিয়ে আছেন। তিনি চান না ফিরে যেতে। তাঁর ভাষায়, ‘তারা আমাদের সরিয়ে দিতে চাইছে। কিন্তু তারা বলছে না, আমরা কোথায় যাব?’ধ্বংসস্তূপের ইট-পাথরের টুকরা পরিষ্কার করে কোথায় রাখা হবে, এগুলো দিয়ে কী করা হবে, এটাও এখন বড় প্রশ্ন। জাতিসংঘের পরিবেশসংক্রান্ত প্রকল্পের মুরালি থুমারুকুন্ডির ভাষ্য, ‘এগুলো খুবই মূল্যবান। কয়েক মাস পরেই এগুলোর বাণিজ্যিক মূল্যটা বোঝা যাবে।’ তিনি বলেন, এসব উপাদান স্থায়ী-অস্থায়ী রাস্তা কিংবা উপকূলীয় অঞ্চলে হারিকেনের আশ্রয়কেন্দ্র নির্মাণের সময় কাজে লাগানো যেতে পারে। অন্তত আশ্রয়কেন্দ্রটিকে বন্যার পানির স্তর থেকে একটু উঁচুতে রাখবে।এই সবকিছু ছাপিয়ে যে প্রশ্নটি বেশ বড় আকারে দেখা দিয়েছে, সেটি হলো কীভাবে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে পোর্ট অ প্রিন্সকে সাজানো হবে? হাইতিতে কর্মরত জাতিসংঘের প্রধান ভূমিকম্প বিশারদ এন্ড্রো মর্টন জানালেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সক্ষম এমন স্থাপনা নির্মাণ সম্ভব। তবে এর ব্যয় অনেক বেশি। সরকার যদি এখানে এত টাকা খরচ করে, তবে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সামাজিক সেবা খাতের খরচটা কোথা থেকে আসবে? সীমান্ত এলাকার উজাড় হয়ে যাওয়া বনে নতুন করে বৃক্ষরোপণ করার অর্থই বা আসবে কোথা থেকে? এসব কাজে অনেক অর্থ প্রয়োজন, তবে অর্থের জোগান পর্যাপ্ত না।হাইতিতে ঘরবাড়ি, বিদ্যালয় ও রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য আট শ থেকে এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বলে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদেরা জানিয়েছেন। তবে এসব কাজের জন্য কী পরিমাণ অর্থ দাতাদের কাছ থেকে পাওয়া যায়, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে মার্চের ৩১ তারিখ পর্যন্ত। ওই দিন শুরু হবে হাইতির জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক সম্মেলন।