পুনর্জন্মের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচেতনতামূলক চলচ্চিত্র পুনর্জন্মের একটি দৃশ্য
সচেতনতামূলক চলচ্চিত্র পুনর্জন্মের একটি দৃশ্য

সুন্দর স্বপ্ন ভেঙে গেলে কারও কারও কপালও যেন ভেঙে যায়। প্রাণটা আটকে থাকে দেহের কোনোখানে। এর নাম জীবন নয়। তবে এমন মানুষও আছেন তাঁরা ভাঙা স্বপ্ন পূরণ করে দিতে জানেন। তাহলে আবার প্রাণে প্রাণ সঞ্চার হতে পারে। জীবনটাকে নতুন মনে হতে পারে। এর নাম হতে পারে ‘পুনর্জন্ম’। এই শিরোনামে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থী মিলে তৈরি করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম পুনর্জন্ম। দৈর্ঘ্য ২২ মিনিট।
এটি মূলত মায়েদের প্রসব-পরবর্তী ফিস্টুলা-বিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্র। সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা ‘ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা (ভিভিএফ)’ জনিত জটিলতার শিকার হন। তাঁদের প্রস্রাবের আর মাসিকের রাস্তা এক হয়ে যায়। অনবরত পরনের কাপড় ভিজে যায়। লজ্জায় কাউকে বলতেও পারেন না। পরিবারের লোকজন এটাকে সহজভাবে নেয় না। তাঁকে পরিবার থেকে আলাদা করে ফেলে। সুখী-সুন্দর একটি দাম্পত্য জীবনের স্বপ্ন নিয়ে সংসার বাঁধতে গিয়ে কারও কারও জীবনে নেমে আসে অন্ধকার।
কুসুমের জীবনেও হয়েছিল তাই। বিয়ের পর হাতের মেহেদির রং মুছতে না মুছতেই তাঁর জীবনে নেমে আসে সেই অন্ধকার। তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় গরুর গোয়ালে। স্বামী তাঁকে তালাক দেওয়ার জন্য সালিস ডাকেন। তাঁকে অপবাদ দেন, ‘খারাপ মেয়েদের এই অসুখ হয়। বিয়ের আগেও ছিল। তারা গোপন করেছিল।’ তালাক না দেওয়ার জন্য কুসুম একবার স্বামীর পা ধরেন, আবার শাশুড়ির পা ধরেন। কুসুম গরুর গোয়ালে থাকতে চান, তবু স্বামীর ঘর ছাড়তে চান না।
নানির বাড়িতে বেড়াতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক গোয়ালঘরে গিয়ে কুসুমের দেখা পান। তাঁকে তিনি নিয়ে আসেন হাসপাতালে। ভর্তি করান ২৮ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের গাইনি ইউনিট-৩-এ সরকারি খরচে ফিস্টুলার চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসায় স্বাভাবিক জীবন ফিরে পান কুসুম। বাড়ি ফিরে যাওয়ার সময় কুসুম ঘোষণা দেন, ‘এই ২৮ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি।’ এখানেই তাঁর ‘পুনর্জন্ম’ হয়েছে। তাঁর জন্ম তারিখ ২ ফাল্গুন। মুক্তির আনন্দে তিনি আকাশের দিকে দুই হাত মেলে ধরেন। বেজে ওঠে আবহ সংগীত, আমার মুক্তি আলোয় আলোয়...।
কুসুম চরিত্রে অভিনয় করেছেন রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লামিয়া, স্বামী বাবুলের চরিত্রে ছিলেন বিডিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী সায়েম।
চলচ্চিত্রটির পরিকল্পনা ও নির্মাণ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিপ্রা জহির চৌধুরী। স্বেচ্ছায় চলচ্চিত্র নির্মাণের ব্যয়ভারও তিনি বহন করেছেন। তিনি প্রধান চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন এবং নেপথ্য কণ্ঠ দিয়েছেন। হাসপাতালে এই ধরনের রোগীদের অস্ত্রোপচার করে থাকেন চিকিৎসক নাজমুন নাহার। তিনিও অভিনয় করেছেন। পাশাপাশি চিকিৎসক ওয়াহিদা খাতুন ও নাহিদ ইউসুফও অভিনয় করেছেন। এই তিনজন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মজার ব্যাপার চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত সবাই অপেশাদার। শখের ক্যামেরায় চিত্রগ্রহণ ও শিল্প নির্দেশনা দিয়েছেন চিকিৎসক আখতার আহসান।
ছবিটির গ্রামের দৃশ্য ধারণ করা হয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলায়। সেখানে সহযোগিতা করেছেন মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান। এর আগে নাহিদ হাসপাতালের শিক্ষার্থীদের নিয়ে আরও দুটি ছবি নির্মাণ করেছেন।
নাজমুন নাহার বলেন, ‘ছয় বছর ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ফিস্টুলা অপারেশন করছেন। রোগীরা সুস্থ হচ্ছেন। তারপরেও এই বিষয়ে এখনো জনসচেতনতা তৈরি হয়নি। মূলত জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।’ চলচ্চিত্রটি ইউটিউবে রাখা হয়েছে। পাশাপাশি গ্রামে এবং নগরের বস্তি এলাকায় তাঁরা এটা দেখানোর চেষ্টা করছেন।
২৩ মে সন্ধ্যায় রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় নদীর ধারে বটতলায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, অনেক মেয়ে বসে দেখছেন। দেখতে দেখতে একজন গৃহবধূ বললেন, অনেক পরিবারে এই সমস্যা নিয়ে স্বামী-স্ত্রীতে ভুল বোঝাবুঝি হয়। সংসারও ভেঙে যায়। এই ছবি দেখলে তাঁদের সেই ভুল ভেঙে যাবে।