পুনর্বাসনের সুপারিশ বাস্তবায়িত হয়নি আড়াই বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের অন্যত্র পুনর্বাসনের সুপারিশ বাস্তবায়িত হয়নি আড়াই বছরেও। ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসের কারণ ও বিপর্যয় রোধে গঠিত দুটি কমিটির তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। স্মরণকালের ভয়াবহ পাহাড়ধসের এই ঘটনায় ১২৮ জন নারী-পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটে।সূত্র মতে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পুনর্বাসনের জন্য নগরের জানালীহাটে রেলওয়ের মালিকানাধীন ছয় একর জায়গা নির্ধারণ করা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা থমকে আছে। এ ব্যাপারে জানতে চাইলে ওই দুই কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএএন সিদ্দিক বলেন, ‘পাহাড়ের ঢালুতে বসবাসরত মানুষদের জানালীহাটে পুনর্বাসনের জন্য একটি প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। বিষয়টি নিয়ে গণপূর্ত বিভাগ ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালি হচ্ছে।’ তিনি জানান, পাহাড়ধস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাহাড়ের মালিকানাধীন সরকারি সংস্থাকে বলা হয়েছে।জানা যায়, ২০০৭ সালে পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির পরও এখনো নগরের বিভিন্ন পাহাড়ের ঢালুতে প্রায় পাঁচ লাখ মানুষ অবৈধভাবে বাস করছেন। সূত্র মতে, ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসের ঘটনা তদন্তে এবং বিষয়টি রোধে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) বর্তমানে বিভাগীয় কমিশনার এমএএন সিদ্দিকের নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়। এগুলো হলো, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা (জিজেসটার মুভমেন্ট) কমিটি ও শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। ঘটনার ১০ দিন পর দুটি কমিটি ২০০৭ সালের ২৪ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ১৯ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে পাহাড়ধসের ২৮টি কারণ চিহ্নিত করে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, রেলওয়ে ও পুলিশকে দায়ী করা হয়। এ ছাড়া ভবিষ্যতে পাহাড়ধসের ঘটনা রোধ করতে পাহাড়ি এলাকার ১০ কিলোমিটারের মধ্যে ইটভাটা ও পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো আবাসন তৈরি করা যাবে না মর্মে ৫০টি সুপারিশ উল্লেখ করা হয়। কমিটি পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষদের পুনর্বাসনের জন্যও তাগিদ দেয়।জানা যায়, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা কমিটি এ পর্যন্ত ১৬ বার ও শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি এ পর্যন্ত চারবার বৈঠক করেছে। নাম প্রকাশ না করে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, ‘কমিটির সুপারিশ রয়ে গেছে কাগজে-কলমে। বাস্তবে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছেন না।’ শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকের হোসাইন কমিটির চারটি বৈঠক হওয়ার কথা স্বীকার করে বলেন, এই কমিটির কাজ হচ্ছে পাহাড়ধস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, ‘পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে আমার পূর্ববর্তী কর্মকর্তার (মো. জাফর আলম) আমলে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়েছে। আমার আমলে গত বছর ২১ জুন সর্বশেষ বৈঠক হয়।’ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সাইফুল্লাহ পাহাড়ধসে প্রাণহানির জন্য জনমানুষের অসচেতনতাকে দায়ী করে বলেন, ‘শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনার মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে আবাসনও জরুরি।’ জানা যায়, ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসের ঘটনার পরদিন তত্কালীন তত্ত্বাধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমদ ও সাবেক যোগাযোগ উপদেষ্টা মেজর (অব.) আবদুল মতিনসহ সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা পাহাড়ের ঢালে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেন।পুনর্বাসন সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি যেসব সংস্থার মালিকানাধীন পাহাড়ে এখনো ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছেন তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমরা গত বছর সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়েছি।’ সূত্র মতে, নগরের ১৮টি এলাকার পাহাড়ে এখনো প্রায় পাঁচ লাখ মানুষ বাস করছেন। এসব এলাকার মধ্যে রয়েছে লালখান বাজার মতিঝর্ণা কলোনি, হামজারবাগ নবীনগর কলোনি, বার্মা কলোনি, এনায়েত বাজার বস্তি, জামতল বস্তি, পলোগ্রাউন্ড, বাটালি হিল, জিলাপির পাহাড়, একে খান পাহাড়, চন্দ্রনগর পাহাড়, রৌফাবাদ কলোনি, কুসুমবাগ আবাসিক এলাকা বস্তি, জালালাবাদ, বায়েজিদ বোস্তামি, খুলশি, বনগবেষণাগারের পেছনে ও ষোলশহর এলাকার শতাধিক বস্তি।পাহাড় বিপর্যয়ের কারণ এবং তা প্রতিরোধকল্পে গঠিত দুই কমিটির দেওয়া সুপারিশের মধ্যে ক্ষতিগ্রস্ত ৮৬৫ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া ছাড়া কমিটির আর কোনো সুপারিশ বাস্তবায়িত হয়নি।