কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় পার করছে প্রতিষ্ঠার ১৪২ বছর। এ উপলক্ষে আজ রোববার বিদ্যালয়ের মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
সময়ের যোগ্য সারথিরা আজ হাজির হচ্ছেন সেই পুরোনো মাঠে। সেখানে তাঁদের শৈশব পড়ে আছে। এখানেই তাঁরা তুলে ধরবেন শতবর্ষের গৌরবগাথা।
গত শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ‘কসউবি পুনর্মিলনী-২০১৬’ উদ্যাপন পরিষদের সংবাদ সম্মেলনে আহ্বায়ক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, এই উৎসবে যোগ দিচ্ছেন ১৯৫০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬৬টি ব্যাচের ১ হাজার ৮১৯ জন। পুনর্মিলনীতে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান ও বরেণ্য শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন িশক্ষািবদ এম সিরাজুল ইসলাম, সাংসদ আশেক উল্লাহ রফিক, উদ্যাপন পরিষদের মহাসচিব মোহাম্মদ তারেক প্রমুখ।
পুনর্মিলনীর অন্যতম উদ্যোক্তা ও বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আশেক উল্লাহ রফিক বলেন, এই বিদ্যালয়ের ১৪২ বছরের গৌরবগাথা নিয়ে নানা প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অধিকাংশ চলে এসেছেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা জানান, এ বিদ্যালয়ের ছাত্রদের অনেকে বিচারপতি, ব্যারিস্টার, আইনজীবী ও চিকিৎসক হয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে এই বিদ্যালয়ের নাম। মুক্তিযুদ্ধে শহীদ শাহ আলম বশির, শশী বড়ুয়া ও সুভাষ চন্দ্র দে এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। কক্সবাজারের প্রথম শহীদ মিনারও নির্মিত হয় এই বিদ্যালয়ে।
এ বিদ্যালয়ে টানা ৩৬ বছর শিক্ষকতা করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাবেক প্রধান শিক্ষক এম সিরাজুল ইসলাম। তিনি বলেন, নানা কারণে এত দিন পুনর্মিলনী হয়নি। এখন ১৪২ বছর পূর্তি উপলক্ষে এই পুনর্মিলনীর আয়োজন সবাইকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৮৭৪ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে এটি মাদ্রাসা ছিল। ১৯০৮ সালে তৎকালীন ব্রিটিশ সরকার বিদ্যালয়টি এমই স্কুলে (মিডল ইংলিশ স্কুল) রূপান্তর করে। ১৯২৩ সালের ৪ জানুয়ারি এইচই স্কুলে (উচ্চ ইংরেজি বিদ্যালয়) উন্নীত করা হয়। এর মধ্যে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার অনুমতি পায়। ১৯২৫ সালে প্রথম এই বিদ্যালয় থেকে ছয়জন ছাত্র ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন। এর মধ্যে চারজন প্রথম বিভাগে ও একজন দ্বিতীয় বিভাগে পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন। ১৯৫২ সালে এটিকে কক্সবাজার মডেল হাইস্কুল হিসেবে নামকরণ করা হয়। ১৯৭০ সালে সরকারি হলে নামকরণ হয় ‘কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়’। এ ছাড়া ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের মাঠে নির্মিত হয় জেলার প্রথম শহীদ মিনার। এটি তখন কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিতি পায়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার মিছিলে গুলি এবং ছাত্র হত্যার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজারেও তার প্রভাব পড়ে। ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র খালেদ মোশাররফের নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রদের প্রথম ভাষা আন্দোলনের মিছিল বের করা হয়; যা কক্সবাজারের প্রথম মিছিল ভাষা আন্দোলনের সমর্থনে। খালেদ মোশাররফ পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধে কে-ফোর্সের নেতৃত্ব দানকারী সেক্টর কমান্ডার। পরে তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর সংঘটিত শিক্ষা আন্দোলনেও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ ছিল জোরালো। ওই দিন বিদ্যালয়ের ছাত্র কামাল হোসেন চৌধুরী, জালাল আহমদ প্রমুখের নেতৃত্বে এখানে ধর্মঘট পালিত হয়।