
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মিলনায়তনে পা রাখতেই চক্ষু চড়কগাছ! দেখা গেল, আইসক্রিমের কাঠি দিয়ে সেতু বানানোর চেষ্টা করছেন কয়েকজন শিক্ষার্থী। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেল, ট্রাস চ্যালেঞ্জ নামে একটি প্রতিযোগিতায় অংশ নিতেই চলছে এই প্রচেষ্টা। নির্ধারিত সময়ের মধ্যে সেতু তৈরি করতে হবে। উপকরণ? স্রেফ আইসক্রিমের কাঠি আর আঠা। সেতু বানালেই হবে না, যাঁর সেতু সবচেয়ে বেশি ভার নিতে পারবে, তিনিই হবেন বিজয়ী।
শুধু ট্রাস চ্যালেঞ্জ নয়, আরও নানা প্রতিযোগিতা নিয়ে পুরকৌশলের শিক্ষার্থীদের জন্য এই আসর বসেছিল ২৯ জুলাই, আইইউটি প্রাঙ্গণে। পুরো আয়োজনটির নাম সেনোভেশন। জানা গেল, এবারই প্রথম নয়, শিক্ষার্থীদের মতে, গত তিন বছরের ধারাবাহিকতায় এবারের সেনোভেশনের আসর ছিল সবচেয়ে চমকপ্রদ।
সিভিল, এনভায়রনমেন্ট আর ইনোভেশন—তিনটি শব্দ একত্র করে নাম দেওয়া হয়েছে সেনোভেশন। এবারের আসরে আইইউটির পাশাপাশি অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ প্রায় ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এই উৎসব মূলত পুরকৌশলের শিক্ষার্থীদের জন্য হলেও পরিবেশবান্ধব প্রযুক্তিতে আগ্রহী অনেক তরুণই ভিড় করেছিলেন।

এবারের আয়োজনে ট্রাস চ্যালেঞ্জ ছাড়াও ছিল প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের ওপর পোস্টার প্রদর্শনী, কেস স্টাডি অ্যানালাইসিস, মেকানিকস অলিম্পিয়াড, ড্রাফটিং প্রতিযোগিতা, পরিবেশ-বিষয়ক ছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। নিবন্ধনের মাধ্যমে অংশ নিয়েছিলেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
সার্বিকভাবে আয়োজনের দায়িত্বে ছিলেন আইইউটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ক, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফিন ইসলাম জানান, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং ও পরিবেশবিদ্যার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী ও গবেষকদের একত্র করে তাঁদের সৃজনশীল চিন্তাগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই হলো সেনোভেশনের উদ্দেশ্য। সারা দেশ থেকে আসা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সত্যিই খুব অনুপ্রাণিত করেছে।’