পুরকৌশলে অবদানের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএসসিইর প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী সম্পদক ও এ বছর স্বীকৃতিপ্রাপ্ত প্রকৌশলীদের একাংশের সঙ্গে আরিফুল হাসনাত (বা থে​েক দ্বিতীয়)। ছবি: সংগৃহীত
এএসসিইর প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী সম্পদক ও এ বছর স্বীকৃতিপ্রাপ্ত প্রকৌশলীদের একাংশের সঙ্গে আরিফুল হাসনাত (বা থে​েক দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

২০০৯ সাল। ঘূর্ণিঝড় আইলার আঘাতে ঘর হারিয়েছিলেন খুলনা, সাতক্ষীরার প্রায় তিন লাখ মানুষ। সে সময় সহায়হীনদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাশ্রম দিতে এগিয়ে এসেছিলেন বেশ কিছু তরুণ। প্রকৌশলী আরিফুল হাসনাত তাঁদের একজন। স্থানীয় লোকজনের সাহায্যে তাঁরা তৈরি করেছিলেন ব্যতিক্রম কিছু ঘর। প্রকৌশলবিদ্যায় অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আরিফুলরা চেষ্টা করেছিলেন এমন এক আবাস তৈরি করতে, যেন আর কোনো ঝড় তাঁদের সম্বলটুকু কেড়ে নিতে না পারে।
দীর্ঘদিন ধরে তিনি গ্রিন কংক্রিট বা কংক্রিটের পুনর্ব্যবহার নিয়ে কাজ করছেন। আছে তাঁর লেখা বেশ কয়েকটি মৌলিক গবেষণাপত্র। সবকিছু মিলিয়েই আরিফুল হাসনাত পেয়েছেন অনন্য স্বীকৃতি। এ বছর পুরকৌশলী পেশাজীবীদের বড় সংগঠন এএসসিইর (আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস) নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

আরিফুল হাসনাত
আরিফুল হাসনাত

এএসসিই হলো পুরকৌশলীদের সবচেয়ে পুরোনো একটি সংস্থা। ১৮৫২ সালে যাত্রা শুরু করা এই সংস্থায় বর্তমানে ১৭৭টি দেশের প্রায় দেড় লাখেরও বেশি সদস্য আছেন। পুরকৌশল-সংক্রান্ত বিভিন্ন ‘কোড’ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জার্নালসহ নব্য প্রযুক্তির সমন্বয়—সবকিছুর অভিভাবক হিসেবে কাজ করে সংস্থাটি। ২০০২ সাল থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী তরুণ, যাঁরা পুরকৌশল থেকে অর্জিত জ্ঞান সমাজসেবায় প্রয়োগ করছেন, তাঁদের এই সম্মাননা দিয়ে আসছে এএসসিই।
এ বছরও মোট ১০ জন সম্ভাবনাময়ী পুরকৌশলীকে এই স্বীকৃতি দেওয়া হয়, যাঁদের মধ্যে হাসনাত ছাড়া সবাই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। গত ১৭ মার্চ আমেরিকার ভার্জিনিয়ায় আরলিংটনে এএসসিই আয়োজিত ‘আউটস্ট্যান্ডিং প্রোজেক্ট অ্যান্ড লিডারশিপ’ প্রোগ্রামে সনদ তুলে দেওয়া হয় তাঁদের হাতে। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে ডিজাইনার, স্থপতিসহ প্রায় চার শ প্রফেশনালের উপস্থিতি ছিল এবারের অনুষ্ঠানে।
‘কাজ করতে গিয়ে আমি শিখেছি, শুধু বই পড়ে জ্ঞান দিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টি রপ্ত করা সম্ভব না। আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো প্রকৌশলী হতে হলে মাঠে যেতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে হবে।’ আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করার অভিজ্ঞতা থেকে বলছিলেন হাসনাত। তাঁর এই কর্মকাণ্ড অবশ্য শুরু হয়েছিল আরও আগেই। স্নাতক শেষ করার পরপর ২০০৯ সালে তিনি হাউজিং এবং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) থেকে ফাউন্ডেশন-বিষয়ক গবেষণার জন্য সরকারি রিসার্চ ফেলোশিপ পান। বুয়েটে স্নাতকোত্তর করার সময়ে ২০১৩ সালে জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে সেতু-সম্পর্কিত গবেষণার জন্য ‘স্পেশাল রিসার্চ স্টুডেন্ট’ হিসেবে জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন স্কলারশিপ গ্রহণ করেন। এখানেই শেষ নয়। জাপানের কিওটে অনুষ্ঠিত ‘সাসটেইনেবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি কনফারেন্সে’ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের তৎকালীন অধ্যাপক মো. তারেক উদ্দিনের সঙ্গে প্রায় ৪০ টি দেশের ৪৫০টি গবেষণাপত্রের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সম্প্রতি ঢাকায় হয়ে যাওয়া অ্যাডভান্স ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ে দেশের বিশিষ্ট পুরকৌশলবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সঙ্গে যৌথ লেখক হিসেবে গবেষণাপত্র উপস্থাপনের অভিজ্ঞতাও জমা হয়েছে তাঁর ঝুলিতে। এ ছাড়া বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আ.ফ.ম. সাইফুল আমিনের সঙ্গে পুরকৌশল-সংক্রান্ত বেশ কিছু গবেষণা ও গবেষণাপত্রে আছে আরিফুল হাসনাতের অবদান।
নোয়াখালীর চৌমুহনীতে বেড়ে ওঠা হাসনাত ঢাকার আইডিয়াল কলেজ থেকে ২০০৪ সালে উচ্চমাধ্যমিক শেষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক শেষ করেন। স্নাতক শেষ করার পর একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক তারেক উদ্দিনের সঙ্গে গবেষণা সহযোগী হিসেবে যোগ দেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে এশিয়া প্যাসিফিকে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশ থেকে হাসনাতের ‘মেন্টর’ হিসেবে ড. সাইফুল আমিনকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। তিনি জানালেন তাঁর অভিব্যক্তি। ‘হাসনাত স্নাতক শেষেই বসে না থেকে ড. তারেকের সঙ্গে গবেষণাধর্মী কাজ করেছে, স্নাতকোত্তর সময়ে আমার সঙ্গে কাজ করেছে, মাঝে বাস্তবিক অভিজ্ঞতা পেয়েছে এইচবিআরআই ও আইলা আক্রান্ত এলাকায় কাজ করতে গিয়ে। সব সময় আগ্রহ নিয়ে লেগে ছিল বলেই সে আশানুরূপ কাজ করতে পেরেছে।’ তরুণেরা এই সাফল্যে অনুপ্রাণিত হবে, ভবিষ্যতে বাংলাদেশের অর্জনের খাতা আরও ভারী হবে নতুন হাসনাতদের হাত ধরে—এমনটাই আশা প্রকাশ করলেন তিনি।