‘তাক ডুমা ডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় কিসের রোল, বছর ঘুরে এলো রে পহেলা বৈশাখ...।’ গানের তালে নেচে চলেছে টুকটুকে লাল শাড়ি পরা মুনিয়া। নাচের তালে উন্মাতাল ১০টি বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। পড়ার বাইরে পুরস্কার আর বিনোদনে মাতল তারা, মাতিয়ে গেল ফয়’স লেক। ‘প্রজন্ম গড়ার প্রত্যয়’ স্লোগানে ফয়’স লেক কনকর্ড স্কলারশিপ নগরের সেরা ১০টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় ৬ মে। অন্য রকম এ আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মুহাম্মদ আলাউদ্দিন, বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, ওয়াহেদ মালেক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুই পর্যায়ে বৃত্তি দেওয়া হয়। প্রতি বিদ্যালয়ের চারজন করে ১০টি বিদ্যালয়ের মোট ৪০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়গুলো হলো—নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, চট্টগ্রাম সরকারি কলেজিয়েট উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সেন্ট স্কলাস্টিকা বালিকা উচ্চবিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মুহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘আজকে যারা এখানে বৃত্তি পাচ্ছ, তোমাদের সামনে অবারিত দ্বার খোলা আছে এগিয়ে যাওয়ার। তোমাদের এ চেষ্টাকে সফল করার জন্য কনকর্ড গ্রুপ তোমাদের বৃত্তি দিচ্ছে। এটাকে তোমরা সঠিকভাবে কাজে লাগাবে, এই আশা করছি।’ এম এ মালেক বলেন, ‘বদলে যেতে হবে আমাদের, আমরা যারা চুরি, ডাকাতি, দুর্নীতি করছি, তাদের।’কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন অনুপস্থিত থাকায় তাঁর বক্তব্য পড়ে শোনান এস কে লালা। উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কবির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘রবীন্দ্রনাথ, নজরুল, এফ আর খান, কুদরাত-এ-খুদার মতো ব্যক্তিরা অতীতে আমাদের গৌরবান্বিত করেছেন। আশা করি আগামী দিনে তোমাদের মধ্য থেকেই এ রকম মেধাবীরা বেরিয়ে আসবে।’শেষে সম্মানিত ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের হাতে ২০ ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন। অতিথিদের সম্মাননা স্মারক দেন এস কে লালা এবং শিক্ষকদের হাতে স্মারক তুলে দেন শাহরিয়ার কামাল। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আয়েশা ইসলাম জানায়, ‘জীবনে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছি। পুরস্কার নিতে গিয়ে একটু ভয় ভয় লাগছিল। কিন্তু এখন আমার খুব ভালো লাগছে।’ সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী মিশেল গোমেজ (অষ্টম শ্রেণী) জানায়, ‘অদম্য বৃত্তি পেয়ে এখানে আসতে পেরে আমি আনন্দিত। কনকর্ডকে অনেক শুভেচ্ছা আমাকে এ বৃত্তি দিয়ে পড়াশোনায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’ মিশেলের মা মায়া মার্গারেট গোমেজ বলেন, ‘একজন অভিভাবক হিসেবে আমি মনে করি, এ সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে।’সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, দলীয় সংগীত, আঞ্চলিক গানসহ কেয়া, রাজশ্রী প্রমুখ শিল্পীদের পরিবেশনার সময় শিক্ষার্থীদের সঙ্গে মেতে উঠেছিল দর্শকেরাও। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম।