
প্রতিযোগিতায় ছবি পাঠিয়ে খুব করে দ্বিতীয় হতে চাইছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক নুর ঊন নাহার। কিন্তু ফলাফলের পর দেখা গেল, তিনি জিতেছেন তৃতীয় পুরস্কার! দ্বিতীয় পুরস্কার চাইছিলেন কেন—জানতে চাইলে নুর ঊন নাহার বলেন, ‘প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পাওয়া দম্পতিরা ভুটান ভ্রমণের সুযোগ পাবেন দেখে এই ইচ্ছা জাগে। কারণ, আমার ভুটান যাওয়ার খুব শখ। তারপরও তৃতীয় হয়েছি, সেটাই কম কিসে!’
পন্ডস-নকশা বিয়ে উৎসব ২০১৬ অনুষ্ঠিত হয় গত ১৮ ও ১৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উৎসব উপলক্ষে বিয়ের ছবি নিয়ে ছিল আলোকচিত্র প্রতিযোগিতা। ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে প্রতিযোগিতার বিজয়ীদের প্রথম আলো কার্যালয়ে পুরস্কার তুলে দেওয়া হলো ৭ এপ্রিল। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিন দম্পতিকেই আমন্ত্রণ জানানো হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী কোনাল ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়া দম্পতি ইমতিয়াজ করিম ও খান জেরিন তাসনিম পুরস্কার হিসেবে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাচ্ছেন। আর দ্বিতীয় জুটি আবদুর রহিম ও তাসনিম আনজুম পুরস্কার হিসেবে পাচ্ছেন ভুটান ভ্রমণ। এ ছাড়া তৃতীয় জুটি নুর ঊন নাহার ও রাশেদ নিজাম পাচ্ছেন কক্সবাজার ভ্রমণের সুযোগ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অবশ্য রাশেদ নিজাম আসতে পারেননি পেশাগত কাজে আটকে পড়ার কারণে।
কথা বলে জানা গেল, স্ত্রী জেরিন তাসনিম ছবিটি জমা দিয়েছিলেন। তাই প্রথম পুরস্কার পাওয়ার কৃতিত্বটা স্ত্রীকেই দিলেন ইমতিয়াজ করিম। দ্বিতীয় পুরস্কার বিজয়ী দম্পতির স্বামী আবদুর রহিম উপস্থিত ছিলেন। তিনি জানালেন, ‘কিছুদিন আগেই আমাদের প্রথম সন্তানের জন্ম হয়েছে। সে কারণেই স্ত্রী তাসনিম আনজুম আসতে পারেনি অনুষ্ঠানে।’
পন্ডস-নকশা বিয়ে উৎসবের ‘আমাদের ছবিই সেরা’ প্রতিযোগিতায় সারা দেশ থেকে কয়েক হাজার দম্পতি বিয়ের ছবি পাঠান। সেখান থেকে নির্বাচিত ২০টি ছবি অনলাইনে রাখা হয় ভোটের জন্য। ভোট ছাড়াও চূড়ান্ত পর্বে তিনজন বিচারকের রায়ে বেছে নেওয়া হয় সেরা তিনটি ছবি। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, অভিনেতা ইরেশ যাকের ও রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি।