একঝাঁক মেধাবীর হাতে পুরস্কার তুলে দিল চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ)। সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ২৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
দুই ক্যাটাগরির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি হিসেবে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। সিজিপিএ ৪ করা শিক্ষার্থীরা পেয়েছেন ইডিইউর ‘চেয়ারম্যানস আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস অ্যাওয়ার্ড’। সিজিপিএ ৩ দশমিক ৮৫ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা পেয়েছেন ‘চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ড’।
উপাচার্য মুহাম্মদ সিকান্দার বলেন, পুরস্কার হলো নিজের সাফল্যকে ধরে রাখার নতুন চ্যালেঞ্জ। যারা ভালো ফলাফল করেছে আশা করছি তারা কর্মজীবনেও এমন চমকে সবাইকে আনন্দে ভাসাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ডিরেক্টর, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট িডন মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, নিজেকে ভালো কাজে নিয়োজিত করতে প্রতিটি মানুষের ভেতরের দায়বোধ অনেক গুণ বাড়িয়ে দেয় এই পুরস্কার। এমন উদ্যোগের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মনোভাব গড়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। বিজ্ঞপ্তি