পুরস্কার বিতরণ ও ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ আগস্ট সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে হয়ে গেল বেক্সি ফেব্রিকস অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১০-এর পুরস্কার বিতরণ ও ফ্যাশন শো। এদিন অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এ দেশের ফ্যাশন-সচেতন মানুষের ঈদ উৎসবকে বৈচিত্র্যময় করা এবং পোশাকে দেশীয় ঐতিহ্যের বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়। ১৯৯৭ সাল থেকে অন্যদিন ফ্যাশন প্রতিযোগিতা শুরু হলেও ২০০২ সাল থেকে বেক্সি ফেব্রিকস যুক্ত হয়ে এ প্রতিযোগিতা নতুন মাত্রা পায়।লুনার কোরিওগ্রাফি আর ডি জে মিশুর গানের তালে তালে শাড়ি, সালোয়ার-কামিজ, লুঙ্গি, পাঞ্জাবি পরে মঞ্চে উপস্থিত হন মডেলরা। ছেলেদের পাঞ্জাবি ও লুঙ্গি পরায় একটা কিউ ছিল—যা দর্শককে আনন্দ দেয়। বেক্সি ফেব্রিকস অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ছিল ১২টি বিভাগ। এগুলো হলো শাড়ি এক্সক্লুসিভ, শাড়ি (সুতি ছাড়া সিল্ক ও অন্যান্য) ক. বিভাগ শাড়ি (কেবল সুতি) খ. বিভাগ সালোয়ার-কামিজ এক্সক্লুসিভ, সালোয়ার (সুতি ছাড়া সিল্ক ও অন্যান্য) ক. বিভাগ সালোয়ার-কামিজ (সুতি) খ. বিভাগ বেক্সি ফেব্রিক্স সালোয়ার-কামিজ, ফতুয়া (মেয়েদের) পাঞ্জাবি এক্সক্লুসিভ, লং, শর্ট, ফতুয়া (ছেলেদের)। এ প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিষ্ঠানের তৈরি সহস্রাধিক পোশাক জমা পড়ে। চূড়ান্ত বিচারে ভালো ফল করে শৈল্পিক, ম্যাকয়, নিডেল ওয়ার্ক বুটিক, ড্যাজেল ফ্যাশন ওয়্যার, ময়ূরী, টেক্সমার্ট, নিখুঁত বাংলাদেশ, এডিশন, স্বপ্নমেলাসহ প্রভৃতি প্রতিষ্ঠান। বিজয়ী পোশাকগুলোর প্রতিনিধির হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন কথাশিল্পী রাবেয়া খাতুন, নাট্যজন রামেন্দু মজুমদার, সাংসদ আসাদুজ্জামান নূর, চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ, অভিনয়শিল্পী ফারুক, সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী ফেরদৌস, আজিজুল হাকিম, জিনাত হাকিম, ঈশিতা প্রমুখ। বেক্সি ফেব্রিকস অন্যদিন ফ্যাশন প্রতিযোগিতার এই চতুর্দশ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ছয় প্রতিষ্ঠান সহযোগী হিসেবে কাজ করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো কে ক্রাফট, অঞ্জন’স, রঙ, সাদাকালো, নগরদোলা ও অন্যমেলা। এই প্রতিযোগিতার একটি বিশেষ দিক হলো বিশেষ সম্মাননা পুরস্কার। এটি এবার পেয়েছে আড়ং। তানিশার উপস্থাপনায় অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়ার ফাঁকে গান গেয়ে মুগ্ধ করেন শাকিলা জাফর ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। জাদুশিল্পী জুয়েল আইচের জাদুতে মন্ত্রমুগ্ধ হন দর্শকেরা। গানের সঙ্গে আধুনিক নৃত্যশৈলী প্রদর্শন করেন ঈগলসের সদস্যরা।