পুরস্কারপ্রাপ্ত বিদেশি ছবি দেখে মুগ্ধ হলেন দর্শকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আন্তর্জাতিক চলচ্চিত্র অধিবেশন ২০০৯-এ পুরস্কারপ্রাপ্ত ছবি দেখে মুগ্ধ হলেন দর্শকেরা। গত ২৫ ও ২৬ ডিসেম্বর নগরের স্টুডিও থিয়েটারে এই অধিবেশনে ছয়টি পুরস্কারপ্রাপ্ত ছবি প্রদর্শিত হয়। ২৫ ডিসেম্বর সকাল ১১টায় দেখানো হয় তোজিরা তাকিতা পরিচালিত জাপানের ছবি ডিপারচার্স, ছবিটি ২০০৭ সালে শ্রেষ্ঠ বিদেশি ছবি হিসেবে অস্কার জিতেছে। একজন লাশ সত্কারকের জীবনকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। একই দিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দেখানো হয় ট্রান আন হাং পরিচালিত ভিয়েতনামের ছবি দি সেন্ট অফ গ্রিন পাপায়া এবং সোনালি বসু পরিচালিত ভারত, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার হিন্দি, ইংরেজি ও বাংলা ত্রিভাষিক ছবি আমু। দাঙ্গা ঘিরে নির্মিত আমু মূলত একটি শেকড় সন্ধানী ছবি। এই ছবিগুলো টরেন্টো ও শিকাগোর বিভিন্ন আয়োজনে পুরস্কৃত হয়েছে। ২৬ ডিসেম্বর বিকেল তিনটায় প্রদর্শিত হয় জুয়ান কার্লোস পরিচালিত কিউবার ছবি ভিভা কিউবা। দুজন আট-নয় বছরের বালক-বালিকার চিন্তা ও ভাবাবেগের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেশের প্রতি অকুণ্ঠ ভালোবাসার ছবি। এ ছাড়া বিকেল পাঁচটায় দেখানো হয় পাওলো মোরেলি পরিচালিত ব্রাজিল ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি সিটি অব ম্যান। শহরে বসবাসরত মানুষের অন্তর্দ্বন্দ্ব, ভূমি দখল, হত্যা, যৌনাচার প্রভৃতি বিষয় ছবিটিতে উঠে আসে। সন্ধ্যা সাতটায় দেখানো হয় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ভারতের ছবি খেলা। ছবিগুলো কান ও বার্লিন উত্সবে পুরস্কার জিতেছে। চট্টগ্রাম বিশ্বদ্যািলয়ের ছাত্রী আইরিন হক বলেন, ‘এসব ছবি আমাদের সুস্থ মানসিকতা গঠনে সহায়তা করবে। নিয়মিত আয়োজনের জন্য আমরা চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রকে ধন্যবাদ জানাই।’ কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘সাধারণত যে সব দেশের ছবি দর্শকেরা দেখার সুযোগ কম পায়, সে ধরনের ব্যতিক্রমধর্মী ছবি দেখানোর জন্য এ আয়োজন। দর্শকের ব্যাপক অংশগ্রহণে আমরা বেশ খুশি।’