পুরাকীর্তির পুণ্যভূমিতে সবচেয়ে বড় বুদ্ধমূর্তি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে রামু চা-বাগান এলাকায় পৌঁছলেই সবুজের হাসি। এলাকার নাম চা-বাগান হলেও চারপাশের উঁচু নিচু পাহাড়-টিলায় রাবারবাগান। সবুজের বুক চিরে সড়ক পশ্চিমে, হঠাৎ হঠাৎ মানুষের বসতি চোখে পড়ে। এটি জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রাম। গ্রামের পাহাড়চূড়ায় বৌদ্ধ ভিক্ষু করুণাশ্রী থের গড়ে তুলেছেন বিমুক্তি বির্দশন ভাবনাকেন্দ্র। সেখানেই তৈরি করা হয়েছে গৌতমবুদ্ধের মূর্তি, যেটি দেশের সবচেয়ে বড়—দৈর্ঘ্য ১০০ এবং উচ্চতা ২০ ফুট। ভাবনাকেন্দ্রের পরিচালক করুণাশ্রী থের জানান, ‘মূর্তির নাম দেওয়া হয়েছে বিশ্বশান্তি সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি। প্রথম দিকে ৮০ লাখ টাকা ব্যয় ধরা হলেও এখন পর্যন্ত এক কোটি টাকা ছাড়িয়ে গেছে। সব কাজ শেষ করতে আরও ২০-৩০ লাখ টাকা লাগবে। মূর্তি দেখার জন্য দেশি-বিদেশি অনেক পর্যটক আসছেন প্রতিদিন।’ জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবরে মূর্তি তৈরির কাজ শুরু হয়। ৩০০ ধর্মপূজা (থারাপই), ৩০০ মঙ্গলঘট ও প্রদীপ জ্বালিয়ে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ও ধর্মপাল ভিক্ষু সংসদের সভাপতি প্রয়াত প্রজ্ঞামিত্র মহাথের। এ মূর্তি তৈরি করেন মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা কারিগর থোয়াইংছি রাখাইন ও তাঁর সহযোগীরা। চার বছর ধরে দিনে গড়ে ১০-১২ জন শ্রমিক নির্মাণকাজ করেন। নির্মাণশিল্পী থোয়াইংছি রাখাইন বলেন, ‘এ মূর্তির নকশা সংগ্রহ করা হয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুনের ধাম্মাদূত বৌদ্ধবিহার থেকে। ওই মন্দিরে সংরক্ষিত গৌতমবুদ্ধের মূর্তির আদলে এটি নির্মাণ করা হচ্ছে।’সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক সাইমুম সরওয়ার ও কৃষি ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া মূর্তি দেখে দারুণ উচ্ছ্বসিত। সাইমুম সরওয়ার বলেন, ‘বৌদ্ধ পুরাকীর্তির পুণ্যভূমি রামুর ইতিহাসে এটি অনন্য সংযোজন। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরা এ মূর্তিটি না দেখলে তাঁদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে।’ দক্ষিণ চট্টগ্রামের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, ‘সম্রাট আশোকের ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারসহ নানা কিছুর জন্য রামুকে পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নির্দশনের পূণ্যভূমি বলা হয়। নতুন মূর্তি নতুন মাত্রা যোগ করেছে। কীভাবে আসবেন ঢাকা ও চট্টগ্রাম থেকে তাপানুকূল বা সাধারণ বাসে করে রামু আসা যায়। কক্সবাজারের ১৭ কিলোমিটার আগে রামু চা-বাগান স্টেশনে নামতে হবে। সেখান থেকে রিকশায় বিদর্শন ভাবনাকেন্দ্রে আসা যায়। কক্সবাজার থেকেও মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশায় আসা যায়। তবে এখানে থাকার ব্যবস্থা নেই।