পুরান ঢাকার বর্ষবরণ
বর্ষবরণ আর চৈত্রসংক্রান্তি—দুই উপলক্ষেই জমে ওঠে পুরান ঢাকা। শুধু রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা বা ধানমন্ডি নয়, ঘুরে দেখতে পারেন পুরান ঢাকাও।পুরান ঢাকার নানা মেলার মধ্যে চৈত্রসংক্রান্তির দিন শুরু হওয়া মেলার আবেদন অন্য রকম। আগে চকবাজার, কামরাঙ্গীরচর, ধূপখোলা মাঠ, ধোলাইখাল, শ্যামপুর, ফরিদাবাদ, শাঁখারীবাজারসহ পুরো ঢাকায় মেলা বসত। আগের মতো ততটা ব্যাপক না হলেও পুরান ঢাকাবাসীর কাছে সেই মেলার আকর্ষণ কিন্তু একটুও কমেনি। এছাড়াও শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায় নববর্ষের দিন হালখাতা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।শাঁখারীবাজারের বর্ষবরণ বা গদিসাইদ অনুষ্ঠানটিও আকর্ষণীয়।শাঁখারীবাজার ঘুরে এসব অনুষ্ঠান দেখে ঢাকার স্বামীবাগের কাছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের মেলায় ঢুঁ মারতে পারেন। গেন্ডারিয়া এলাকার ধূপখোলা ময়দানের মেলার একসময় খুব নামডাক ছিল। ধূপখোলা এখন কেবল নামেই আছে। তবে পুরোনো ঐতিহ্য ধরে এখানে মেলা বসে প্রতিবছর। একই কথা খাটে ধোলাইখালের বেলায়। এখানকার মেলার আদিরূপ, সেই জৌলুশ এখন আর নেই। তবে ঐতিহ্য বলে কথা! সুতরাং, নববর্ষে এখানে মেলা বসা যেন সেই প্রাচীন রীতি। সেই রীতি মেনেই এখনো ঢাকেশ্বরী মন্দিরে প্রতিবছর আয়োজন করা হয় বর্ষবরণের মেলা।