শতাব্দী পুরোনো সাহেবি আমলের সেই দালানের কোথাও কোনো চামেলী ছিল না। কিন্তু রোকেয়া হলের সে দালানের নাম ছিল চামেলী হাউস। গাছ না থাকলেও চামেলী হাউসের ওপরে আশ্চর্য মিষ্টি এক ম্যাজেন্টা রঙের মাধবীলতার লাস্য আমার মন কেড়ে নিল। এখন সে প্রাচীন গন্ধময় দালানের গা বেয়ে উঠে গেছে নানা পরগাছা।১৯৬৯ সালে এমন একটা ভুতুড়ে স্থাপনায়ই আমার ‘ডাবলিং’ করে থাকার ব্যবস্থা হলো। অর্থ, নিজ ঘর ও বিছানা না-পাওয়া পর্যন্ত একজন সিনিয়র আপার ঘরই আমার অফিশিয়াল ঠিকানা। রোকেয়া হলে ঢোকা বলে কথা! আমি শামীম তরফদার (১৯৭২ সাল থেকে আজাদ), বাবা আবু আহমদ মাহমুদ তরফদারের কন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ব আর সেই সুলতানার স্বপ্নের রোকেয়া হলের আদি দালানে থাকব! পুলকে প্রায় পাগল হয়ে গেলাম। বারো আনা ভাড়ায় রিকশায় উঠে নিউমার্কেট থেকে একটি পাসপোর্ট মাপের ছবি তুলে নিয়ে এলাম। রোকেয়া হলে আবাসিক ছাত্রী হিসেবে বিশাল এক টিনের গেটের ভেতরে প্রবেশ করেই আমাদের কড়া প্রভোস্ট আখতার ইমামের ভয়াবহ নিয়মের নিগড়ে পড়লাম। তাঁর ভয়ে পড়ি-মরি করে সন্ধ্যা সাড়ে সাতটার আগে হলের গেটের ভেতর ফিরে আসতে হতো। তিমি মাছের পেটরঙা সেই বিশাল গেটে থাকত মহা পরাক্রমশালী দুই দারোয়ান। সাড়ে সাতটার দু-এক মিনিট দেরি হলে রুদ্ধ সে গেটের গায়ে মৃদু টংকার তুলে তার দরজা খোলার জন্য কত যে অনুনয় করতে হতো! গেটের ভেতর দুই পাশে ছিল ভিজিটরস রুম। বাঁ দিকে তার পেছনেই দীর্ঘ শিরীষের সবুজ ছায়া ও পুকুর। চামেলী হাউসের নিচেই হল অফিস। কমনরুমটি নিশ্চয়ই ডিজাইন করেছিলেন কোনো রোমান্টিক স্থপতি। রুমের ঠিক মধ্যখানটা ফুঁড়ে ছিল এক বিশাল বনস্পতি বৃক্ষ। বৃষ্টি এলে সে গাছের বাকলের ফাটল বেয়ে জল ঝরত আর কাচের এপারে আমার রুমমেট শ্রাবণী হারমোনিয়াম টেনে গাইতে বসত বর্ষার গান।শ্রাবণী রুমমেট হয়েছিল হলে ঢোকার দুই সপ্তাহ পরে। রুমমেট হলো কুমিল্লা থেকে আসা আমার শৈশবের সাথি সিমীন, টাঙ্গাইল কুমুদিনী কলেজ হোস্টেলের রুমমেট বন্ধু পারুল আর শ্রাবণী। গান-পাগল শ্রাবণী আর আমি তার এক বিদেশফেরত ব্যাচেলর দাদার কাছ থেকে একটা ছোট্ট রেকর্ড প্লেয়ার ধার করলাম। আর দরজা বন্ধ করে ছুটির দিনে, বৃষ্টিভরা বিকেলে তা শুনতেই লাগলাম...শুনতেই লাগলাম। স্টাফ কোয়ার্টার তো স্টাফদের জন্য, তাই নিচের তলায় থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অসামান্য রূপবতী রোকেয়া হলের হাউস টিউটর মেহেরুন্নেসা আপা। হিরের নাকফুল পরা ওই সুন্দর সরু নাকেই দুনিয়ার ঘ্রাণশক্তি। চাঁপাকলি পায়ের চপ্পলেই বিড়ালের গতি। গোপনে কেউ ইলেকট্রিক হিটারে রুমে রান্না চড়ালে বা গান ছাড়লে কী করে তিনি উঠে আসেন! তাঁর আভাস পেলাম কি পেলাম না, সেই রেকর্ড প্লেয়ারের বুকে বালিশ চাপা দিতাম। শেষে দেখা গেল পিনের খোঁচায় রেকর্ড ক্ষত-বিক্ষত। আর হাতাটা প্রায় লটকে গেছে। তখন ভয়ে আর আমরা দাদামুখো হলাম না। একদিন গান শুনতে শুনতেই হঠাৎ আকাশ ফুটো করে, আমগাছ হুড়মুড়িয়ে বৃষ্টি এল। আমি আর শ্রাবণী ভিজতে ভিজতে ও জল ছোড়াছুড়ি করে কখন যে চামেলী হাউসের সামনে মেইন বিল্ডিংয়ের নিচে মূল পয়েন্টে এসে গেছি জানি না। একসময় দেখি মাঠভরা মেয়ে। খালি পায়ে চুল খুলে সবাই ভিজছে। হঠাৎ মেঘের গর্জন ছাপিয়ে শুনি প্রভোস্টের গলা! ‘শোনো মেয়েরা, জ্বর বাধালে কিন্তু সোজা বাড়ি পাঠিয়ে দেব। আমি যাচ্ছি, কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসে যেন মাঠ খালি পাই।’ তাঁর সে কী মধুর মুরতি! আমরা এবার আনন্দে বিহ্বল হয়ে গেলাম। রুমমেটদের কাজের একটা রোস্টার ছিল। কে কোন দিন ভোরবেলা সিঁড়ি ভেঙে ডাইনিংরুম থেকে সকালের নাশতার জন্য মাখনের চিহ্ন মাখানো পুরু করে কাটা পাউরুটি-চা নিয়ে আসবে, পায়রার খোঁপ থেকে চিঠি আনবে, ঘর আর বাথরুম পরিষ্কার করবে এসব। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সোনার মেয়ে সুলতানা কামাল আর আমাদের ক্লাসের সালমার খেলা থাকত। আমরা সবাই হল থেকে দলবেঁধে চলে যেতাম। যেন এক ঝাঁক চিয়ার গার্ল। হলের ফিস্টের সময় ডাইনিং হলের দরজার বাইরে প্লেট আর চামচ বাজিয়ে গান গাই। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকার বারান্দায় বেরিয়ে এদিকে মুহসীন হল আর ওদিকে জগন্নাথ হলের ছেলেদের হুল্লোড়ের জবাব দিই। আপারা অন্ধকারে আমাদের ধরতে পারেন না।তারপর প্রতিবাদ, প্যারেড, ট্রাকে উঠে প্রতিবাদী গান, আয়শা আপাদের দিনরাত দৌড়। আমাদের ক্লাস করা মাথায় উঠল। এসবের মধ্যে কোনোমতে এসে হলের ভাত খাই... আর খেয়েই চলে যাই টিএসসিতে রিহার্সেলে। কোনো কোনো দিন জলবৎ তরলং ডাল ছাড়া কিছুই আর অবশিষ্ট থাকে না। তখন হলের দয়াবতী ‘দাদি’রা একটি ডিম ভাজি করে দিত। এমন সময় উঠল একাত্তরের ঝড়। মহাদুর্যোগের রাত পঁচিশে মার্চে আমাদের অপাপবিদ্ধ যৌবনের রঙ্গন রোকেয়া হলে ঢুকে বাংলাদেশের নারীর নোঙর ছত্রখান করে দিয়ে গেল পাকিস্তানি সেনারা। যুদ্ধশেষে আমরা কেউ কেউ ফিরে এলাম। কেউ কেউ এল না। যারা এল, তারা সবাই হতবিহ্বল, মুহ্যমান, ভিন্ন মানুষ। শ্রাবণী এখন কানাডার উইনপিগে। একটা স্কুলে খণ্ডকালীন পড়ায়। দীর্ঘদিন বিটিসির হিসাব বিভাগে কাজ করে পারুল অবসর নিয়ে ঢাকায়। বাবলী ঢাকার বারিধারায় এম এইচ প্রাইমারি নামে একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান। আর আমি দীর্ঘদিন দেশান্তরী। আমি এক অনাবাসী বাংলাদেশি কবি, কালের পৈঠায় আগুন কাটিতেছি নিরন্তর। লেখক: কবি ও শিক্ষাবিদ