পুরুষাঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে প্রথম সফল অস্ত্রোপচার

দক্ষিণ আফ্রিকার চিকিৎসকেরা পুরুষাঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে প্রথম সফল অস্ত্রোপচারে সক্ষম হয়েছেন। ২১ বছর বয়সী এক রোগীর দেহে যুগান্তকারী ওই অস্ত্রোপচারের তিন মাস পর গতকাল শুক্রবার তাঁরা এ খবর জানিয়েছেন। দেশটির রাজধানী জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জিনিউজ এ খবর জানিয়েছে।
এএফপি জানিয়েছে, স্থানীয় ঐতিহ্য অনুসারে খতনা করানোর জটিলতায় তিন বছর আগে ওই তরুণের পুরুষাঙ্গ কেটে ফেলতে হয়েছিল। তিন মাস আগে কেপটাউনের টাইগারবার্গ হাসপাতালে নয় ঘণ্টার এক অপারেশনে এক মৃত ব্যক্তির পুরুষাঙ্গ প্রতিস্থাপন করা হয় ওই তরুণের দেহে। যে মৃত ব্যক্তির পুরুষাঙ্গ নেওয়া হয়েছে, তাঁর পরিবারের সদস্যদেরই এই সাফল্যের গুরুত্বপূর্ণ দাবিদার বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা।
বিশ্বে প্রথম এমন সফল অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্টেলেনবচ ইউনিভার্সিটির প্লাস্টিক রিকন্সট্রাকটিভ সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ফ্রাঙ্ক গ্রাউয়ি। তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি এটা করা সম্ভব। আমরা কাউকে এমন একটা অঙ্গ দিতে পারি, যা তাঁর হারানো অঙ্গের মতোই কার্যকর।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রথম পুরুষাঙ্গ প্রতিস্থাপনে সফল অস্ত্রোপচারের অংশ হতে পারাটা একটা দারুণ বিষয়।’
চিকিৎসকেরা জানিয়েছেন, ২০১৩ সালের ১১ ডিসেম্বর ওই অস্ত্রোপচারের পর ২১ বছর বয়সী ওই তরুণ সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর মূত্র ও জননক্রিয়া-সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হয়নি এবং তিনি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছেন। দ্রুত সেরে উঠতে থাকা ওই তরুণের পুরুষাঙ্গ আগামী দুই বছরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।