পুরুষালি টাকের রমণীমোহন মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা ব্রুস উইলিস টাক মাথা নিয়েও দুনিয়াজুড়ে তুমুল জনপ্রিয়। তবে, আসলে এটা দাবি করার সুযোগ নেই যে, টাক মাথার পুরুষেরা অন্যদের তুলনায় বেশি বীর্যবান বা বেশি রমণীমোহন।
অভিনেতা ব্রুস উইলিস টাক মাথা নিয়েও দুনিয়াজুড়ে তুমুল জনপ্রিয়। তবে, আসলে এটা দাবি করার সুযোগ নেই যে, টাক মাথার পুরুষেরা অন্যদের তুলনায় বেশি বীর্যবান বা বেশি রমণীমোহন।

ব্রুস উইলিস, আন্দ্রে আগাসি কিংবা মাইকেল জর্ডান। চোখের সামনে যেন তিন শক্তিমান রমণীমোহন পুরুষালি চরিত্রের মুখ ভেসে উঠলো। এই তিনের দুই মিলও খুব স্পষ্ট। তিনেরই দুনিয়াজোড়া অগণিত নারী ভক্ত। তিনেরই টাক মাথা। টাকের সঙ্গে পুরুষের বেশি বীর্যবান হওয়ার প্রচলিত ধারণার সঙ্গে এই টেকো সেলিব্রেটিদের গল্পও যেন খুব মিলে যায়। এভাবে টাকের সঙ্গে পুরুষের বেশি পুরুষালি বা বেশি রমণীমোহন হওয়ার মিথও ডালপালা ছড়াতে থাকে। কিন্তু সত্যটা আরেকটু জটিল। বিস্তারিত জেনে নিন বিবিসি অবলম্বনে এই প্রতিবেদনে।

পশ্চিমা সমাজের সাধারণ ধারণা টেকো পুরুষেরা বেশি বীর্যবান। জনপ্রিয় তত্ত্বটা এমন যে—বেশি মাত্রায় টেস্টোস্টেরোন হরমোনের প্রভাবে এই পুরুষেরা আরও পুরুষালি হয়ে ওঠেন ও তাদের যৌনাকাঙ্খা বেড়ে যায়, তবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অল্প বয়সেই মাথার চুল পড়তে শুরু করে তাদের। তবে, এটা সত্য যে টেস্টোস্টেরোন হরমোনের সঙ্গে মাথার চুল পড়ে যাওয়ার সম্পর্ক আছে।

১৯৬০ সালের দিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস বি হ্যামিলটন চুল পড়ার সঙ্গে এই হরমোনের সম্পর্ক নিয়ে বিশদ গবেষণা করেন। মানসিক ভারসাম্যহীনতা ও আচরণগত সমস্যার কারণে খোজা করে দেওয়া হয়েছে এমন ২১ জন তরুণের ওপর গবেষণা চালিয়েছিলেন তিনি। এই তরুণদের অনেককেই প্রায় দেড়যুগ ধরে পর্যবেক্ষণ করেন হ্যামিলটন। তিনি দেখতে পান যে, খোজা করে ফেলায় এই তরুণদের টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বন্ধ হয়ে গেছে এবং বয়স অনেক বেড়ে গেলেও তাদের মাথায় টাক পড়েনি। কিন্তু একই বয়সের খোজা না হওয়া পুরুষেরা টেস্টোস্টেরোন হরমোনের প্রভাবে মাথার চুল হারাতে শুরু করেছেন।

কিন্তু হ্যামিলটন এই গবেষণা করারও হাজার বছর আগে হিপোক্রেটেস ও অ্যারিস্টটল উভয়েই একই পর্যবেক্ষণে সক্ষম হয়েছিলেন। হ্যামিলটনের গবেষণা থেকে বেরিয়ে এসেছিল যে, টেস্টোস্টেরোন হরমোন না থাকলে টাক পড়ে না সেটা ঠিক হলেও কম মাত্রায় টেস্টোস্টেরোন থাকলেও টাক পড়তে পারে। অর্থাৎ এই হরমোনের সঙ্গে টাক পড়ার সম্পর্ক থাকলেও হরমোনের মাত্রাটা কম না বেশি সেটা মুখ্য বিষয় না।

আসলে রক্তের মধ্যে টেস্টোস্টেরোন হরমোন কোন মাত্রায় ছড়াচ্ছে সেটাই টাক পড়া নির্ধারণ করে না, এখানে জিনগত কিছু প্রভাবকের উপস্থিতি আছে। অনেকগুলো জিনের উপস্থিতি এই প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। ফলে টেস্টোস্টেরোন হরমোনের পাশাপাশি প্রভাবক জিনের উপস্থিতিই মাথার চুল পড়ে যাওয়ার জন্য মূলত দায়ি। এ প্রক্রিয়ায় একটা এনজাইম টেস্টোস্টেরোনকে ‘ডিহাইড্রোটেস্টোস্টেরোন’-এ পরিণত করে যা চুলের কোষকে শুকিয়ে ফেলে। সম্ভবত রক্ত এবং পুষ্টি সঞ্চালন বন্ধ হওয়ার কারণে এই চুল কোষ বা চুলের গোড়া শুকিয়ে যায়। তবে, এটা মাথার চুল কোষগুলোকে প্রভাবিত করলেও মুখে বা শরীরের অন্যত্র প্রভাব ফেলে না। এ কারণেই টাক মাথা অনেক পুরুষেরই মুখে দাড়ি থেকে যায়।

মাথায় টাক পড়ার বিষয়টা এমন আরও অনেকগুলো প্রভাবকের ওপর নির্ভর করে। কিন্তু প্রক্রিয়ারগুলোর বিশদ ব্যাখ্যা এবং তা প্রতিকারের সহজ পথ জানা থাকে না বলেই হয়তো চুল পড়া নিয়ে নানা ধরনের ধারণা নানা সমাজে প্রচলিত আছে। আসলে এটা দাবি করার সুযোগ নেই যে, টেকো মাথার পুরুষেরা অন্যদের তুলনায় বেশি শক্তিমান বা বীর্যবান। মাথায় টাক পড়ার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি শেষ বিচারে কেবল জিন বা বংশগতির বাহককেই দায়ি করা যেতে পারে।