উড়নচণ্ডী মেঘের দাপটে পাহাড়ি আকাশের দুর্নাম কোনো দিন ঘুচবে না। রোদ ও মেঘের লুকোচুরির কারণে আমাদের মতো সমতলভূমির মানুষের পাহাড়ে শুটিং করা খুবই ঝামেলার কাজ। পাহাড়ের রোদ শীতের মতো, কড়া। দিনের বেলায় থেকে থেকে প্রচণ্ড রোদ ছিল। এই বৈসাদৃশ্যের কারণ নাকি বৈশ্বিক উষ্ণতা। সারা দিন শুটিংয়ের ক্লান্তি আর অসহ্য গরম নিয়ে ফেওয়া লেকের পাশে দাঁড়িয়ে রাতের বিচিত্র রূপ দেখছিলাম। পাহাড়! যেন নীরব সন্ত্রাসের চাঁদমারি। ফেওয়া লেক নেপালের পোখরায়। রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দূরে নিরিবিলি, ছিমছাম ছোট্ট পর্যটন শহর। দিনে শান্ত, অলসভাবে কাটালেও রাতে জেগে ওঠে উপত্যকার এই পোখরা শহরটি। দুই দিন আগে পূর্ণিমা হয়ে গেল। মেঘের কারণে জোছনার আলো ফ্যাকাসে ফ্যাকাসে। আমাদের থাকা লেকের পাশেই। হোটেলটি শহরের আর সব হোটেলের মতো নয়। বৃক্ষশোভিত বিশাল বাড়ি। আঙিনায় চেয়ার-টেবিল পাতানো, যেখানে মানুষজন বসে খায়, গান শোনে, নাচ দেখে, আড্ডা দেয় অনেক রাত অবধি।একা একা ফিরছি রুমে। নিজের অজান্তেই আওড়াচ্ছিলাম কবিতা ‘চুল তার কবেকার/ অন্ধকার বিদিশার দিশা/ মুখ তার শ্রাবস্তীর কারুকার্য...।’ লতাপাতায় ঘেরা, আলো-আঁধারিময় হোটেলের গেটে তখনো পা রাখিনি। পেছন থেকে মমতামাখা ডাক এল—বন্ধু। একি কোনো হারিয়ে যাওয়া শৈশব কিংবা কৈশোরের বন্ধু! রণজিৎ? যে স্বপ্ন দেখত আগামীকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনবদলের সূর্য উঠবে! প্রভু? ব্রহ্মপুত্রের তীরের কাশবনে হেঁটে হেঁটে যে শোনাত তার চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের কথা, নাকি ভার্সিটি লাইফের সোনালি সময়ের অনেক দিনের না দেখা কোনো প্রিয় বন্ধু! কবিতার ঘোর থেকে সংবিৎ ফিরে পেয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করি, কে ডাকল? দেখি, অন্ধকার থেকে একজন হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আলো-আঁধারিতে বুঝে গেছি পরিচিত কেউ নয়। কাছে আসতেই দেখি সুবেশী, গোছানো, পরিপাটি এক ভদ্রলোক। ধাক্কা মারা বাংলায় বললেন, ‘বন্ধু, আপনি বাংলায় কবিতা বলছিলেন?’ হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে খুব সাবধানী করে তুলি নিজেকে। সংশয় মেশানো গলায় বলি, হুম। পর্যটন স্থানে অনেক রংবেরঙের মানুষ পাওয়া যায়, সেই রকম কেউ না তো? আমার হাতটা তাঁর হাতে বন্দী করে জিজ্ঞেস করেন, কার কবিতা? মনে হলো, আর যা-ই হোক লোকটা বাজে ধরনের হবে না। জানালাম, কবি জীবনানন্দ দাশ। ইংরেজিতে জানতে চান, তিনি কি বাঙালি? বিখ্যাত কবি? বললাম, ‘হ্যাঁ’। তিনি বললেন, আমি পুরুষোত্তম শর্মা। হোস্ট হিসেবে কাজ করি। বলতে বলতে আমার হাত ছেড়ে ‘নি হাও’ বলে সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া একদল চায়নিজের সঙ্গে কী সব কথা বলে তাঁদের হোটেল চত্বরে পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করলাম, হোস্টের মানে কী? পুরুষোত্তম জানালেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ট্যুরিস্টদের ইনিয়ে-বিনিয়ে বুঝিয়ে তাঁদের হোটেলে খেতে আমন্ত্রণ জানানোই হলো হোস্টের কাজ। তিনি এই হোটেলের হোস্ট। আটটি ভাষা জানেন। মানুষের গড়ন দেখেই ধরে নিতে পারেন মানুষটি কোন অঞ্চলের, অনুমান থেকেই—সে ভাষায় কথা বলার চেষ্টা করেন। এটা তাঁর পেশাদারি। এ এক অদ্ভুত পেশা। অবশ্য এটি তাঁর মূল পেশা নয়। তিনি একজন কৃষিবিদ। হর্টিকালচার নিয়ে পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে। ফলাফল খুব ভালো ছিল। পোড়া সংসারের হাল ধরতে গিয়ে খুব একটা কিছু করতে পারেননি বলে তাঁর ধারণা। নেপাল সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। সরকারের হয়ে পৃথিবীর বিভিন্ন দেশেও গিয়েছেন বিশেষজ্ঞ হিসেবে। পুরুষোত্তম গলা চড়িয়ে বললেন, আমাকে তো অনেক প্রশ্ন করলে, এবার তোমার বিবরণ জানাও। তুমি কোন দেশের? বাংলাদেশ বলতেই ছোঁ মেরে আমার ডান হাতটা তুলে নিয়ে তাঁর বুকে চেপে ধরে কঁকিয়ে ওঠেন, ‘আমিও বাংলাদেশের, আমি বিশুদ্ধ বাঙালি।’ পুরুষোত্তমের চোখে ট্যুরিস্ট ধরার চঞ্চলতা নিমেষেই উধাও। মনে হলো, আকাশের সব মেঘ তার শূন্যতা ভরা চোখে। হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করলাম, বাংলাদেশের কোন জায়গায়? শীতলকণ্ঠে জানালেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে উদ্ভ্রান্তের মতো কী যেন খুঁজে বেড়ালেন কিছুক্ষণ। নীরবতা হেঁটে গেল আমাদের বোধের অলিগলি দিয়ে। প্রশ্ন করি, তারপর? ১৯৭১ সাল। চারদিকে যুদ্ধ। পুরুষোত্তমের বয়স দুই। ভিটেমাটি থেকে উৎখাত, জমিজমা বেদখল। প্রাণভয়ে পালিয়ে আসামে চলে আসে পুরো পরিবার। আসাম থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি হয়ে দার্জিলিং। মেঘের মতো পাহাড়ে পাহাড়ে ভেসে নেপালে থিতু হয়েছেন। বিয়ে করেছেন নেপালি মেয়ে সারুকে। দুই সন্তান—ছেলে প্রকাশ শর্মা, বয়স ১১ ও মেয়ে প্রকৃতি শর্মা, বয়স ছয় বছর। বাবা তুলসী রাম শর্মা, বয়স ৯৫ ও মা গৌরী দেবী শর্মা, বয়স ৮৫। দুজনেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। মা-বাবা দুজনের বাস্তু থেকে উৎখাতের দীর্ঘশ্বাস, বুক ভেজানো কান্না পুরুষোত্তম শর্মার আর ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তবে কিছুই বলেন না। বাংলাদেশ সম্পর্কে খুব একটা খোঁজখবর রাখেন না। লেখিকা তসলিমা নাসরীনকে চেনেন। নেপালি ভাষায় তাঁর বই পড়েছেন। পরিবারের সবাই চিতোয়ানে থাকে। তিনি একা থাকেন পোখরায়। কী মনে করে জ্বলে ওঠা পুরুষোত্তম আমার কাঁধ চেপে ধরে ঝাঁকুনি দিয়ে প্রশ্ন করেন, ‘বন্ধু, আমি যদি বাংলাদেশে যাই, তবে বেদখল হয়ে যাওয়া আমার বাপ-দাদার ভিটেমাটি ফেরত পাব?’ আমার বুকটা হু হু করে ওঠে, নিরুত্তর দাঁড়িয়ে থাকি। এখন আমি এক উদ্বাস্তুর প্রতিপক্ষ। এক রাষ্ট্রের মানুষ যখন অন্য রাষ্ট্রে যায়, তখন যে মানুষটা যায় সে কি সেই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে? হ্যাঁ। করেই তো! এই যেমন পাসপোর্ট বহন করতে হয়। নিজেকে নিস্তেজ করে পুরুষোত্তম সরি বলেন। আমিও সহজ করার জন্য বলি, ঠিক আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকি দুজন। মেঘের মতো ভেসে যায় ভাষা। আবারও ফুটপাতে হেঁটে আসা একদল বিদেশির দিকে লুক থ্রো করেন পুরুষোত্তম। মৌনতা ভেঙে জিজ্ঞেস করি, কোন দেশের? উত্তরে জানান, জার্মানি। জার্মান ভাষায় কী সব বলতে বলতে এগিয়ে যান তাঁদের দিকে। পেছন ফিরে হাত বাড়িয়ে আমাকে বিদায় জানান। কিছুক্ষণ তাঁর দিকে তাকিয়ে থেকে হোটেলের খোলা আঙিনার দিকে পা বাড়াই। সারি সারি নিয়নের আলো, থরে থরে সাজানো চকচকে পানীয়ের বোতল কেমন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে আসতে থাকে। সবকিছুকেই পুরুষোত্তমের ছলছল করা দুই চোখের মতো লাগে। আকাশের দিকে তাকাই, ততক্ষণে ভারী মেঘ দখল করে নিয়েছে ভরা চাঁদকে। দিগ্বিদিক নিকষ কালো অন্ধকার। মনে হলো চারপাশ থেকে পাহাড় এসে আমাকে চেপে ধরছে...