পুরোনো কথা মনে করতে চান না মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট মেয়ের সঙ্গে মা মমতাজ
ছোট মেয়ের সঙ্গে মা মমতাজ

ফুলওয়ালি মমতাজ। ফুলের মালা গেঁথেই জীবনের মালা গাঁথছেন তিনি। গোলাপের মালা তৈরির সময় কাঁটার আঘাতে প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত হয় হাতের আঙুল। কিন্তু হাত থামে না। চাহিদা অনুযায়ী ফুলের মালা তৈরি করেন। মালা বিক্রির আয় দিয়ে পাঁচ সন্তানের খাবার ও স্কুলের বেতন দিয়ে পরদিনের ফুল কেনার পঁুজিও রাখতে হয়। কাজে নানা সমস্যার মুখোমুখি হলেও এই জীবনে তিনি অত্যন্ত খুশি।
কারণ, এর আগের জীবন যে মোটেও সুখের ছিল না। পারিবারিক সহিংসতার চূড়ান্ত দেখেছেন তিনি। বাড়ির বড়দের মধ্যস্থতায় ভোলার মমতাজ বেগমের সঙ্গে বিয়ে হয় নারায়ণগঞ্জের বাকের মিয়ার সঙ্গে। বরের ঘর আছে, কৃষিজমিও প্রচুর, গ্রামের বাজারে তিনটি দোকান। বেশ অবস্থাসম্পন্ন বলে মা-বাবা আর মেয়ের বিয়ে দিতে দেরি করেননি। মমতাজের মা-বাবাও সাধ্যমতো জামাই বাকের মিয়াকে খুশি (যৌতুক) করেছেন। বুকভরা আশা আর চোখভরা স্বপ্ন নিয়েই শ্বশুরবাড়ি আসেন ১৫ বছরের মমতাজ। কিন্তু চার মাসের মাথায় স্বপ্ন হারিয়ে যায়।
সেই বছর খরায় জমির ধান নষ্ট। ব্যবসায় মন্দা। এদিকে মমতাজের পেটে সন্তান। ধান নষ্ট হওয়া আর ব্যবসা মন্দা হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হলো মমতাজ ও তাঁর অনাগত সন্তানকে। স্বামী-শাশুড়ি-ননদের গালমন্দ-ঝাঁটাপেটা খেতে খেতে চলল দিন। পানি যথেষ্ট গরম নয়, এই অজুহাতে গায়ে গরম পানিও ঢেলে দিয়েছে ননদ। হাঁড়িতে ভাত থাকলেও শাশুড়ি খেতে দিতেন না। এক সন্ধ্যায় শাশুড়ির হাতে মার খাওয়ার সময় প্রসববেদনা ওঠে। হাসপাতাল তো দূরের কথা, গোয়ালঘরের কোনায় প্রসূতিকে ফেলে দিয়ে যায় সবাই। মমতাজের আর্তনাদে পাশের বাড়ির এক নারী এসে তাঁকে ঘরে নিয়ে যান। সেখানেই জন্ম হয় মমতাজের প্রথম সন্তানের। কিন্তু সন্তানটি যে মেয়ে।
এ কারণে অত্যাচারের মাত্রা বেড়ে গেল। সাড়ে চার মাসের মাথায় আবারও অন্তঃসত্ত্বা হন মমতাজ। মমতাজের ওপর অত্যাচারের খবর শুনে বাপের বাড়ির লোক এসে মমতাজকে বরিশালে নিয়ে যায়। সেখানেই জন্ম হয় দ্বিতীয় মেয়েসন্তানের। কিছুদিন পর জামাই নিজে না এসে লোক পাঠিয়ে দেন মমতাজকে ফেরত নিতে। বাপ যেতে দিতে না চাইলেও সমাজের কথা ভেবে মা নিজেই মমতাজকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। ধান উঠেছে, তাই কাজ করার জন্য মমতাজকে নিয়ে আসা হয়েছে। পিঠাপিঠি দুই বোন বুকের দুধ খায়। কিন্তু অত্যাচারিত অভুক্ত মা মমতাজের বুকে আর দুধ নেই। অভুক্ত থাকে শিশু দুটিও। কখনো পানি, কখনো চুরি করে ভাতের ফেন খাইয়ে মমতাজের সন্তান দুটিকে বাঁচান সেই পাশের বাড়ির নারী।
ধানের মৌসুমে দিন-রাত কাজ, পেটে ভাত নেই, গায়ের মারের চোটে কালশিটে দাগ, অসহ্য ব্যথা। তাতে কী, স্বামীর ইচ্ছেমতো জৈবিক চাহিদাও মেটাতে হবে। মানা করলেই চড়-থাপ্পড় আর মাটিতে পড়ে না। ফলাফল ফের গর্ভধারণ। তবে অতিরিক্ত কাজের ভার আর অত্যাচারে গর্ভের শিশুটি মাকে ছেড়ে চলে যায়। এভাবে কাটে আরও দুই বছর। দিন যেমন বাড়ে অত্যাচারের মাত্রাও বাড়ে। একসময় বাপের বাড়ি থেকে অর্থও এনে দিতে হতো মমতাজকে। এরপর জন্ম নেয় আরও তিন সন্তান। দুটি মেয়ে ও একটি ছেলে। ছোট মেয়ের জন্মের কয়েক মাসের মাথায় মারা যান স্বামী।
ব্যস, সংসার শেষ। বউ ও নাতি-নাতনিদের সদর দরজা দেখিয়ে দিলেন শাশুড়ি। কারণ, তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী ওই অপয়া মেয়ে। কোনো অনুনয়-আবেদনে মন গলেনি শাশুড়ির। চার মেয়ে ও এক ছেলে নিয়ে পথে মমতাজ। এবারও দেবদূতের মতো এগিয়ে আসেন পাশের বাড়ির সেই নারী।
কিন্তু শত অনুরোধেও ওই নারীর নাম জানালেন না মমতাজ। সেই নারী মমতাজকে ঢাকার এক ফুল ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। শুরুতে মমতাজ তাঁর বাচ্চাদের নিয়ে মহাখালীর কড়াইল বস্তি, পরে মগবাজার রেললাইন বস্তিতে দিন কাটিয়েছে। বাপের বাড়ির এক হাজার টাকা পঁুজি করে ফুল কিনে, মালা বানিয়ে বিক্রি শুরু করলেন তিনি। একটু একটু করে অর্থ জমিয়ে এখন তিনি মোটামুটি সচ্ছল। বড় মেয়ে মিরপুরের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। মেজ মেয়ে নবম শ্রেণিতে, সেজ মেয়ে ও ছেলেটি চতুর্থ শ্রেণিতে পড়ে। ছোট মেয়ের বয়স মাত্র সাড়ে পাঁচ বছর।
বড় ও মেজ মেয়েটি ছাড়া দাদার বাড়ির করুন গল্প কারও মনে নেই। তারাও মনে রাখতে চায় না। মা মমতাজও চেষ্টা করেন সব ভুলে নতুন পথে চলতে।
মমতাজ বলেন, ‘পুরান কথা ভুইলা গেছি। হেইগুলান মনে কইরা কান্দলে আমার বাচ্চাগো মুখে খাওন আইব কেমনে। এই ভালা আছি। দিন-রাত মালা গাঁথি, বাচ্চারা লেহাপড়া করে। হেরা বড় হইয়া নিজের পায়ে দাঁড়াইলেই আমি খুশি। বাচ্চারাও আমার কথা শুনে।’ সুখী ও তৃপ্ত মায়ের হাসি ফোটে মমতাজের পান খাওয়া ঠোঁটে।