পুরোনো সেই দিনের কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলা অনুষদের ঝুপড়িতে আড্ডা, গান আর খুনসুটিতে মেতে ওঠেন অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে আসা প্রাক্তন শিক্ষার্থীরা l প্রথম আলো
কলা অনুষদের ঝুপড়িতে আড্ডা, গান আর খুনসুটিতে মেতে ওঠেন অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে আসা প্রাক্তন শিক্ষার্থীরা l প্রথম আলো

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।/ ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’—জারুলতলার এক কোনা থেকে ভেসে আসছিল গান। যেখানে গোল হয়ে বসে আছেন সাত-আটজন নারী-পুরুষ। সবাই মধ্যবয়সী। তাঁদের খালি গলার সমবেত সংগীতে মুখর তখন আশপাশ। দু–তিন লাইন গেয়ে চলে যাচ্ছেন আরেক গানে। এভাবে কিছুক্ষণ চলার পর শুরু হলো স্মৃতিচারণা। ক্ষণে ক্ষণে হাসির রোল, খুনসুটি। এই মধ্যবয়সীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী।
অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে তাঁরা এসেছিলেন ক্যাম্পাসে। উৎসব উপলক্ষে ৫ মার্চ দিনভর জমজমাট ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তাঁদের প্রাণের এই উচ্ছ্বাস ছড়িয়েছে শাটল ট্রেনেও।

গানে গানে মাতিয়ে রাখেন শিল্পী রন্টি
গানে গানে মাতিয়ে রাখেন শিল্পী রন্টি

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী সীমা সাহা। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সীমা শত ব্যস্ততা ফেলে ছুটে এসেছেন প্রাণের ক্যাম্পাসে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করার টানে।
আড্ডার এক ফাঁকে প্রথম আলোকে সীমা সাহা বলেন বলেন, ‘ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের এই ঝুপড়িসহ আলাওল, শাহজালাল, এফ রহমান হলের ক্যানটিনে বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম। থাকতাম পুরাতন শামসুর নাহার হলের ১৩৪ নম্বর কক্ষে। বর্তমানে সেটি না থাকলেও নতুন শামসুর নাহার হলসহ বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় জায়গাগুলো ঘুরে দেখেছি। আজ যেন ক্যাম্পাসের সেই দিনগুলোতে ফিরে গিয়েছি। সত্যিই খুব ভালো লাগছে।’
সমাজবিজ্ঞান অনুষদের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডায় দেখা যায় ২৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে। বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মামুন জানান, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই মাঠে বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। এখন সুবর্ণজয়ন্তীতে এসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি।’

অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন এক শিল্পী
অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন এক শিল্পী

বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের মাঠে স্থাপন করা হয় সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ। মঞ্চের আশপাশেই ছিল বেশির ভাগ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর ভিড়। গান আর আড্ডা এই স্থানে কম থাকলেও ছিল বন্ধুদের সঙ্গে ছবি তোলার হিড়িক আর হইহুল্লোড়। ক্যামেরার ক্লিক থেকে শুরু করে মুঠোফোনে সেলফি কোনোটাই যেন বাদ যায়নি। প্রতিটি মুহূর্ত যেন ধারণ করে রাখতে চান তাঁরা।
সহপাঠীদের সঙ্গে সেলফি তোলার ফাঁকে ২৮তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে একটি বেসরকারি সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্বরত সোহাইল উদদোজা বলেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের ফলে নতুন ও পুরোনো শিক্ষার্থীদের সঙ্গে দেখা হয়েছে। আড্ডা হয়েছে। এতে নতুন-পুরোনোর ব্যবধান অনেকটাই ঘুচে গেছে। তিনি আরও বলেন, ‘রজতজয়ন্তী উদ্যাপনের সময় স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলাম। সুবর্ণজয়ন্তীতে অংশ নিয়েছি প্রাক্তন হিসেবে। আশা করছি, ডায়মন্ড জুবিলিতেও অংশ নিতে পারব।’
বিভাগের ৩৭তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিভাগের সহকারী অধ্যাপক ঝুলন ধর বলেন, প্রতিষ্ঠার সময় থেকে এ বিভাগ শিক্ষার্থীদের স্বীয় যোগ্যতা, মেধা ও মননে দ্রুত এগিয়ে যাচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের স্বীকৃতির অংশীদার এ বিভাগ। এখানে সব সময় মেধাবীদের সন্নিবেশ ঘটে। মেধা ও যোগ্যতার ক্ষেত্রে এ বিভাগ অনন্য।
অগ্রজদের কাছে পেয়ে জমজমাট আড্ডায় মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে সাফল্যের পাঠ নেন। বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদুল আলম বলেন, ‘আমাদের বিভাগের অগ্রজরা সবাই আজ প্রতিষ্ঠিত। তাঁরাই আমাদের আগামী দিনের প্রেরণা।’
অতিথি হিসেবে আসা প্রাক্তন ছাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও তাঁর বক্তৃতায় ক্যাম্পাসের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে তখন কত আড্ডা দিয়েছি। গান গেয়েছি। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাকে খুব আন্দোলিত করে। জীবনে অনেক কিছুই হতে পারব। কিন্তু আর কখনো ছাত্র হতে পারব না।’