কক্সবাজার শহরের বাজারঘাটা থেকে ঝাউতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটারের প্রধান সড়কের দুপাশে রয়েছে অন্তত ৪০টির বেশি যাত্রীবাহী বাসের কাউন্টার। এসব কাউন্টারের লোকজন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কের পাশে চেয়ারটেবিল বসিয়ে, কার্যালয় খুলে গাড়ি দাঁড় করিয়ে রেখে টিকিট বিক্রি করেন। এ ছাড়া প্রধান সড়কসহ বিভিন্ন গলি-উপগলিতে অসংখ্য গাড়ি এলোমেলো ফেলে রাখা হয়। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এসব টিকিট কাউন্টার সরিয়ে শহরকে যানজটমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। অন্যদিকে এসব গাড়ির যাত্রী পরিবহনের সুবিধার জন্য শহরের অদূরে বাইপাস সড়কে ছয় বছর আগে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করা একটি আধুনিকমানের কেন্দ্রীয় বাসটার্মিনাল কয়েক বছর ধরে খালি পড়ে আছে।ধারণক্ষমতার সাত গুণ যানবাহন: একাধিক সূত্র জানায়, শহরের এ প্রধান সড়কে প্রতিদিন চলাচল করে গড়ে ১২ হাজারের বেশি রিকশা, ট্যাক্সি, বাস-মিনিবাস ও ট্রাক, যা ধারণক্ষমতার প্রায় সাত গুণ। এর মধ্যে অবৈধ যানবাহন রয়েছে প্রায় পাঁচ হাজার। এসব যানবাহনের নেই চলাচলের অনুমতিপত্র (রুট পারমিট), নেই ফিটনেসও। ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় প্রধান সড়কে সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত দীর্ঘ যানজট লেগে থাকে। পর্যটকের উপচে পড়া ভিড় দেখা দিলে যানজট পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। লালদীঘির পাড় থেকে বাজারঘাটা পর্যন্ত পাঁচ মিনিটের সড়ক পেরোতে সময় লাগে এক-দেড় ঘণ্টা। শহরের হোটেল মোটেল জোন এলাকার অবস্থা আরও ভয়াবহ। সড়কের দুপাশের জায়গা দখল করে পানের দোকান, শুঁটকি বিক্রির দোকানসহ নানা স্থাপনা তৈরি করায় সড়কটির প্রস্থ ৮০ ফুট থেকে ৫০ ফুটে এসে ঠেকেছে। কক্সবাজার বিআরটিএ (সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয় সূত্র জানায়, শহরে রুট পারমিট নিয়ে চলাচল করছে এক হাজার ৩৩৭টি যানবাহন। আরও কয়েক হাজার যানবাহন নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলছে। কিন্তু পারা যাচ্ছে না। অবৈধ যানবাহন চলাচল প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার বিআরটিএ মোটরযান পরিদর্শক মোশাররফ হোসাইন জানান, প্রায় সময় অভিযান চালিয়ে অবৈধ যানবাহন আটক করা হয়। জরিমানা আদায় কিংবা নিবন্ধন করার পর আটক যানবাহন ছাড়া হয়। এত কিছু করেও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘ছোট্ট এ প্রধান সড়কেও এখন ঢাকার মতো যানজট লেগে থাকে। ধারণক্ষমতার অতিরিক্ত ছয়-সাত গুণ যানবাহন চলাচল করায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সড়কের ধারণক্ষমতা বিবেচনায় রেখে আগামীদিনে গাড়ির রুট পারমিট ও নিবন্ধন দেওয়া হবে।’ কেজি স্কুলের এক ছাত্রের বাবা জহিরুল ইসলাম জানান, বিভিন্ন শ্রেণীর যানবাহন যখন-তখন প্রধান সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শহরের প্রধান সড়ক ও বিভিন্ন উপ-সড়কের দুপাশ দখল করে নিয়েছেন ভাসমান ব্যবসায়ীরা। কোথাও একচিলতে ফুটপাত খালি নেই। ফলে একবার যানজট শুরু হলে দ্রুত মুক্তি পাওয়ার উপায় থাকে না। পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি বলেন, ‘সবাই চান, পর্যটন শহরটি যানজটমুক্ত থাক। কিন্তু শহরটি বাস, ট্রাক, জিপ, মাইক্রোসহ নানা যানবাহনের অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে।’ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সরওয়ার কামাল জানান, শহরকে যানজটমুক্ত করার জন্য গত মে মাসে শহর থেকে সব রকম বাসের কাউন্টার সরিয়ে হলিডে মোড় ও কেন্দ্রীয় বাসটার্মিনালে নেওয়া হয়েছিল। এতে শহরবাসী যানজটের তীব্র যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পেয়েছিলেন। কিন্তু গত জুনে আবার সব কাউন্টার শহরের ভেতর নিয়ে আসায় সমস্যা প্রকট হয়েছে। সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত: সূত্র জানায়, শহরের যানজট নিরসনের লক্ষ্যে ১২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) এক সভা জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় গত ১ আগস্ট শহরের যত্রতত্র স্থাপিত কাউন্টারগুলো তুলে দেওয়া এবং সিটি সার্ভিস ছাড়া অন্য কোনো বাস শহরের ঢুকতে দেওয়া হবে না। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসমালিকদের বিষয়টি লিখিতভাবে জানায়। কিন্তু এরই মধ্যে পরিবহন সংস্থা সি-লাইন ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষে লাইন তত্ত্বাবধায়ক আবু শামা বাদী হয়ে বিআরটিএর দেওয়া চিঠি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর ফলে হাইকোর্ট ২৫ জুলাই বিআরটিএর চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সরকারের প্রতি রুলনিশিও জারি করেন। সি লাইন ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম জানান, ‘বিআরটিএ সব কিছু যাছাই করে সড়কে চলাচলের জন্য আমাদের অনুমোদন দিয়েছে। কিন্তু হঠাৎ করে এসব গাড়ি শহরের বাইরে বের করে দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। তাই আইনের আশ্রয় নেওয়া হয়েছে।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেন, ‘শহরকে যানজটমুক্ত করতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সি লাইন কর্তৃপক্ষ উচ্চআদালতে মামলা করায় এবং আদালত তিন মাসের স্থগিতাদেশ দেওয়ায় সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।’ ট্রাফিক বিভাগের নাজুক পরিস্থিতি: কক্সবাজার ট্রাফিক পুলিশ বিভাগ ২৬ বছর ধরে চলছে ১৬ জন পুলিশ দিয়ে। অভিজ্ঞ লোকজনের মতে, বর্তমানে এত কম লোকবল দিয়ে যানজট নিরসন সম্ভব নয়। একদিকে লোকবলের সংকট, অন্যদিকে আরএটিএ কর্তৃপক্ষের সঙ্গে জেলা পুলিশের (ট্রাফিক বিভাগ) সমন্বয়হীনতা যানজট সৃষ্টির অন্যতম কারণ বলে তাঁরা মনে করেন। অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, ‘লোকবলসংকটের কারণে ট্রাফিক বিভাগ একরকম অসহায় হয়ে পড়েছে। তার ওপর আবার জেলা পুলিশের সঙ্গে কোনো রকম আলাপ-আলোচনা না করে বিআরটিএ কর্তৃপক্ষ শহরে যানবাহন চলাচলের অনুমতি দিচ্ছে। ফলে যানজট সৃষ্টি হচ্ছে।’