পুরোটাই নকল
এবারে পাঠক সংখ্যার বিষয় শীত নির্ধারিত হলো কীভাবে জানেন তো? জানেন না! ঠিক আছে, বলছি। একদিন সকালে হঠাৎ করেই বি.স. ভাই শীত শীত অনুভব করলেন। এমনটা অনুভব করায় কী করবেন, বুঝতে পারছেন না। তখন সবার কাছে পরামর্শ চাইলেন তিনি। যে যার মতো পরামর্শ দিলেন। কেউ বললেন, জ্যাকেট পরেন; কেউ বললেন, সোয়েটার পরেন; কেউ বা বললেন, লেপ গায়ে শুয়ে পড়ুন। তখন বি.স. ভাই কী করলেন? সব একবারে প্রয়োগ করলেন, ফলে তাঁর ওপর আস্ত একটা কাপড়ের পর্বত হয়ে গেল, কাজেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন নতুন বি.স. হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো। এই নিয়ে অফিসে আরেক তোলপাড় কাণ্ড। সবাই বলছেন, বি.স.কে (সাবেক) খুঁজে বের করতে হবে। কিন্তু কে নেয় কার খোঁজ! তাই সবার দাবির পরিপ্রেক্ষিতে গঠিত হলো তদন্ত কমিটি। তদন্ত কমিটির সবাই ছিলেন লেট লতিফ দলের, তাই তাদের কাজ তদন্তের জন্য গঠিত হলো আরও একটি তদন্ত কমিটি এবং তারা যেন ফাঁকি দিতে না পারে, সে জন্য আরও একটি কমিটি। কিন্তু সবাই দায়িত্ব পেয়ে গা এলিয়ে দিলেন। কারণ প্রচণ্ড শীতে কাজ করার উপায় ছিল না। আর গোঁফে তেল দিয়ে আমি (নতুন বি.স.) দায়িত্ব পালন করতে লাগলাম। আর এমন কোনো মজার অভিজ্ঞতা আপনাদের আছে কি না তা জানার জন্য এবারের পাঠক সংখ্যার বিষয় নির্ধারিত হলো শীত। কি? কিছু বুঝতে পারলেন, কেমন গল্প শুনিয়ে দিলাম। হাঁ! হাঁ! হাঁ! পুরোটাই কিন্তু নকল। রাজশাহী কলেজ, রাজশাহী।