বান্দরবানের লামা উপজেলায় বন্যার পানি নেমে গেলেও জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। এখনো পুরোদমে চালু হয়নি প্রাথমিক বিদ্যালয়গুলো। রাস্তাঘাটও কাদায় ভরা। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত ২৬ ও ২৭ জুন দুই দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢল ও মাতামুহুরি নদীর পনি উপচে লামা উপজেলার বেশির ভাগ এলাকা পানিতে ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ।সরেজমিনে দেখা গেছে, লামা উপজেলা সদরে বন্যার পানি সরে যাওয়ার এক সপ্তাহ পরও রাস্তাঘাট, বিদ্যালয়ের মাঠ, বাজার, অফিস-আদালতের প্রাঙ্গণ কাদাপানিতে একাকার। প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে কাদা সরানো হয়েছে এবং পাঠদানও চলছে। কিন্তু ছাত্রছাত্রীর উপস্থিতি একেবারে কম। নুনারবিল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ বড়ুয়া বলেন, ছাত্রছাত্রীরা এখনো বিদ্যালয়ে আসতে পারছে না। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকের বই নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ করতে না পারায় নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। এ জন্য ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এলাকায় দেখা গেছে, সড়কের ধারে অনেকে পাঠ্যবই ও ঘরের ব্যবহারের অন্যান্য জিনিসপত্র শুকাচ্ছেন। ছেলেমেয়েদের বই রোদে শুকাতে দিয়ে পাশে বসে ছিলেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘বন্যায় সবকিছু শেষ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে জিনিসপত্র শুকিয়েও শেষ করা যাচ্ছে না। পাঠ্যবই শুকালেও আগের মতো আর হবে না। তার পরও কোনো রকমে পড়ালেখা চালানো যাবে।’ উপজেলার বাজারপাড়া, টিঅ্যান্ডটিপাড়া, বাজার এলাকায়ও একই চিত্র চোখে পড়ে। মাদ্রাসা ছাত্র শাহাব উদ্দিন জানায়, তাদের বাড়ি দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে যায়। পাঠ্যবইসহ বাড়ির কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। এখন বই না থাকায় এবং ঘরে কিছু কাজকর্ম থাকায় সে আর মাদ্রাসায় যেতে পারছে না। তার মতো আরও অনেক ছাত্রছাত্রীর পাঠ্যবই নষ্ট হওয়ায় বিদ্যালয়ে যেতে পারছে না বলেও জানায় সে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের সবকটি বিদ্যালয় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোটির ছাদ হেলে পড়েছে, কোনোটির বেড়া ভেঙে গেছে এবং কয়েকটিতে পানি ঢুকে বই ও দলিলপত্র নষ্ট হয়ে গেছে। প্রায় দুই হাজার শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে নিহত ২৪ জনের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের দুজন ছাত্র ও ছয়জন ছাত্রী রয়েছে। এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের বলেন, শিক্ষা কার্যালয় দোতলা হওয়ায় কিছু কাগজপত্র রক্ষা করা গেছে। তার পরও নিচের তলায় থাকা নতুন পাঁচ হাজার ও পুরোনো আট হাজার পাঠ্যবই ভিজে গেছে। আরও বেশকিছু শিক্ষাসামগ্রীও নষ্ট হয়েছে। প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর পাঠ্যবই ভিজে নষ্ট হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বইয়ের সংকট নেই। যাদের বইয়ের প্রয়োজন তাদের দেওয়া সম্ভব হবে। কিন্তু রাস্তাঘাট এখনো কাদায় পরিপূর্ণ থাকায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারছে না।উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের যেসব বিভাগের কার্যালয় দোতলায় ছিল তারা জিনিসপত্র ও দলিল সরিয়ে নিতে পেরেছে বলে ক্ষতি কম হয়েছে। কিন্তু এ রকম কার্যালয় আছে দু-একটি। উপজেলা পরিষদসহ সব বিভাগেরই একতলা ভবন হওয়ায় বেশি ক্ষতি হয়েছে। ভিজে যাওয়া দলিল ও জিনিসপত্র শুকিয়ে সব স্বাভাবিক করতে আরও কয়েক দিন লাগবে।