পুরোনো খামের ওপরে নতুন যুগের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে চিঠিই ছিল যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তখন মানুষ দ্রুত চিঠি পৌঁছানোর আশায় খামের ওপরে লিখে দিত ‘জরুরি’, ‘অতীব জরুরি’ কিংবা ‘ইমার্জেন্সি’-জাতীয় কিছু শব্দ। মানুষ আজকাল চিঠি লেখে না বললেই চলে। তবু যদি লেখে, তাহলে খামের ওপরে কী ধরনের শব্দ বা বাক্য লিখতে পারে? সেটাই জানাচ্ছেন ইকবাল খন্দকার

* একদমই জরুরি নয়। অবশ্য তিন দিনের মধ্যে যদি পৌঁছায় ভালো, না পৌঁছালে অন্য ব্যবস্থা আছে। কাগজপত্র হোয়াটসঅ্যাপ বা ভাইবারে পাঠিয়ে দেব। স্ক্যান করে নেবে, ব্যস।

* এখন তো কেউ চিঠি লেখে না। চিঠিটা যদি সময়মতো প্রাপকের হাতে পৌঁছায়, তাহলে আমি মাঝেমধ্যে চিঠি লিখব। অতএব নিজেদের স্বার্থেই চিঠিটা জরুরি ভিত্তিতে পৌঁছে দিন।

* আপনাদের কচ্ছপগতির কারণে দাদার আমলের চিঠি নাতির আমলে গিয়ে পৌঁছেছে, এমন রেকর্ড আছে। সুতরাং সিদ্ধান্ত নিন, রেকর্ড ভাঙবেন, নাকি এ ধরনের রেকর্ড আরও গড়বেন।

* চিঠিটা হাতে পাওয়ামাত্র প্রাপকের হাতে পৌঁছে দিন এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত হোন। বিশ্বাস করবেন না, আমার বাসার বাচ্চাকাচ্চারা জানেই না ডাকপিয়ন দেখতে কেমন হয়!

* এই চিঠির জন্য আপনার পথপানে কেউ চেয়ে বসে আছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। সুতরাং আপনার যখন ইচ্ছা হয়, পৌঁছে দিন। তবে বেশি দেরি করলে কিন্তু পরের চিঠিটা কুরিয়ারে পাঠাব।

* আগেকার দিনে কোনো চিঠি লাপাত্তা হয়ে গেলে বিরাট সমস্যা হতো। কিন্তু এই চিঠি লাপাত্তা হয়ে গেলেও কোনো সমস্যা নেই। ল্যাপটপে সফট কপি আছে। দরকার হলে আবার প্রিন্ট দেব। অতএব চিঠিটা নিয়ে আপনারা যা খুশি করুন।

প্রাপক
যথাযথ কর্তৃপক্ষ
পল্টন, ঢাকা।