পুরোনো খালগুলোই খনন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরকে জলাবদ্ধতামুক্ত করতে তিন বছর আগে দুটি নতুন খাল খননের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া সর্বশেষ পরিকল্পনায়ও এসব খাল খননের কথা বলা হয়। কিন্তু গত তিন বছরেও সিটি করপোরেশন খাল খননের কাজ শুরু করতে পারেনি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে নগরে জলাবদ্ধতা মোকাবিলা করতে আগের মতোই পুরোনো খালগুলো খনন ও সংস্কার শুরু করেছে করপোরেশন। করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘নগরে নতুন খাল খনন, পুরোনো খাল প্রশস্তকরণসহ অবকাঠামো নির্মাণের জন্য ১৬০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের কাছে পেশ করা হয়েছিল। বর্তমানে এটি পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে। আশা করি শিগগিরই সরকার এটি অনুমোদন করবে। তবে এ প্রকল্প বাস্তবায়নের আগে আপাতত পুরোনো খালগুলো সংস্কারের কাজেই আমরা মনোযোগ দিয়েছি। এজন্য আড়াই মাস আগে থেকেই ১৫টি স্কেবেটার দিয়ে নগরের খালগুলো পুনর্খননের কাজ শুরু হয়েছে। বর্ষার আগেই এ কাজ শেষ করতে আরও পাঁচ থেকে সাতটি নতুন স্কেবেটার ব্যবহারের চিন্তাভাবনা করছি।’ তিনি আরও বলেন, ‘যেসব খালে স্কেবেটার ব্যবহার করা যায় না সেখানে আমরা সনাতনী পদ্ধতিতে খাল খনন করছি। এ ছাড়াও নগরের নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০০৭ সালের মার্চে নগরে দুটি খাল খননের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এর মধ্যে একটি খাল চান্দগাঁও থেকে খাজা সড়ক হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। এটির দৈর্ঘ্য হবে দুই কিলোমিটার। মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর ও বাকলিয়ার একাংশের নিম্নাঞ্চলের পানি এই খাল দিয়ে নামবে। মোহরা থেকে আরেকটি খাল বিবিরহাট হয়ে হালদা নদীতে পড়বে, যার দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। নাসিরাবাদ, হামজারবাগ, জালালাবাদ, বিবিরহাট ও মোহরা এলাকার ছোট ছোট খাল-নালাগুলো এই খালের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়। নগরের বেশির ভাগ পাহাড়ি ঢলের পানি এই খাল দিয়ে প্রবাহিত করা গেলে চাক্তাই খালের ওপর চাপ অনেক কমে যাবে বলে বিশেষজ্ঞরা সেসময় মতামত দেন। এসব এলাকায় বর্তমানে যেসব মরা ও ছায়াখাল আছে সেগুলো সচল এবং জায়গা অধিগ্রহণ করে খননের মাধ্যমে এই খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য সম্ভাব্য ব্যয় ধরা হয় ৬০ কোটি টাকা। এর পাশাপাশি ষোলশহর থেকে বহদ্দারহাট পর্যন্ত সিডিএ অ্যাভিনিউর পাশের নালাটি ১২ ফুট থেকে ২৪ ফুটে প্রশস্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। জানা যায়, সিটি করপোরেশনের এ ধরনের প্রস্তাবে সিডিএ ইতিবাচক সাড়াও দেয়। কিন্তু শীত শেষে বর্ষা আসি আসি করলেও করপোরেশন এ কাজে হাত দিতে পারেনি। সাধারণত এসব কাজ নভেম্বরের শেষদিকে শুরু করতে হয় এবং পরবর্তী মে পর্যন্ত তা অব্যাহত রাখা যায় বলে করপোরেশন ও সিডিএর প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী মো. ইকবাল হোসেন মজুমদার বলেন, ‘নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনকে আমরা সক্রিয় সহযোগিতা দেব। এজন্য আমরা একসঙ্গে কাজ করারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।’ খাল খননের পাশাপাশি পতেঙ্গা বেড়িবাঁধে ১৫টি নতুন স্লুইসগেট নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছিল তিন বছর আগে। ওই পরিকল্পনাও আর বাস্তবায়িত হয়নি। নতুন স্লুইসগেট নির্মাণ করা না হলেও আগের অনেক স্লুইসগেট বর্তমানে নষ্ট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে হালিশহর ও সাগরিকার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের কার্যকর উদ্যোগ নিতে হলে খালগুলোর পাশাপাশি কর্ণফুলী নদী খননেরও ব্যবস্থা নিতে হবে। কারণ ইতিমধ্যে কর্ণফুলী নদী ভরাট হয়ে যাওয়ায় খালগুলোর মোহনা অনেক উঁচু হয়ে গেছে। বিশেষ করে চাক্তাই ও রাজাখালী খাল যেখানে কর্ণফুলী নদীর সঙ্গে মিশেছে সেখানে কর্ণফুলীর তলা এ দুটি খালের চেয়ে উঁচু। ফলে ওপর থেকে নেমে আসা পানি দ্রুত কর্ণফুলীতে যেতে পারে না। এ ছাড়া খালের পানির প্রবাহ স্বাভাবিক রাখতে যে ব্যবস্থা নেওয়া দরকার করপোরেশন তা-ও নেয় না। চাক্তাই খাল খনন আন্দোলনের সাধারণ সম্পাদক শাহরিয়ার খালেদ প্রথম আলোকে বলেন, শহরের জনগণের ময়লা-আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিন নেই। এজন্য এসব ময়লার ৬০ শতাংশই কোনো না কোনোভাবে নালা ও খালে চলে আসে। যেমন নগরের দক্ষিণ বাকলিয়ায় এক লাখ ২৫ হাজার মানুষের জন্য মাত্র একটি ডাস্টবিন আছে। ময়লা রাখার জায়গা না থাকায় জনগণ অনেকটা বাধ্য হয়েই তা খালে ফেলে। আর সিটি করপোরেশন প্রতিবছর খাল খননের নামে এসব ময়লা-আবর্জনা তুলে টাকার শ্রাদ্ধ করে।