পুরোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে নতুন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধিতে প্রতিশ্রুতি দেওয়া নিষেধ। কিন্তু ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর প্রার্থী তা মানছেন না বলে অভিযোগ স্থানীয় ভোটারদের। তাঁদের দাবি, পাঁচ বছর আগে সিটি করপোরেশন নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি আবারও নতুন করে দিচ্ছেন প্রার্থীরা। এর মধ্যে আছে, জলাবদ্ধতা নিরসনে মহেশখাল খনন, স্লুইসগেট সংস্কার, নতুন দুটি স্লুইসগেট নির্মাণ ও ওয়ার্ড কার্যালয় নির্মাণ। হালিশহর হাউজিং এস্টেট কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, ‘‘২০০৫ সালে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। ‘সরকারি আমব্রেলা’ প্রকল্পের তিন কোটি টাকা ও সিটি করপোরেশনের কয়েক কোটি টাকা ব্যয়ে খাল ও নালা সংস্কার পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ফলে জলাবদ্ধতা রয়ে গেছে। এখন অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।’ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত কাউন্সিলর প্রার্থী। এরমধ্যে আওয়ামী ঘরানার তিনজন, বিএনপি ঘরানার দুজন, জাতীয় পার্টির সমর্থিত একজন ও স্বতন্ত্র একজন। বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন (হাতি) এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম মজুমদার (চাঁদ) আ জ ম নাছিরের ঘনিষ্ঠ এবং আবদুর রহিম (সিংহ) আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেমকে (বাস) দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপি সমর্থক মহসিন আলী চৌধুরী (বৈদ্যুতিক পাখা) বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির হালিশহর থানা শাখার সাধারণ সম্পাদক জানে আলম (একতারা) ও স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন (চাপা কল)।হালিশহর বি-ব্লকের মোশাররফ হোসেন ওরফে দীপ্তি বলেন, ‘মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের মো. হোসেন ও বিএনপির আবুল হাশেমের মধ্যে হবে বলে আমার ধারণা। কারণ তিনজন প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ভোট ভাগ হবে। সে ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থী কিছুটা সুবিধা পেতে পারেন।’ লায়ন মো. হোসেন বলেন, ‘আমি উন্নয়নে বিশ্বাসী। তাই ভোটারেরা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবেন।’ বিএনপির আবুল হোসেন বলেন, ‘উত্তর হালিশহরবাসী এবার নতুন কাউন্সিলর দেখতে চান।’ প্রচারণা প্রসঙ্গে প্রার্থী আবদুর রহিম বলেন, ‘এবার আমার প্রচারণায় চমক থাকছে। আমি ভোটারদের মোবাইল নম্বর সংগ্রহ করছি। এসএমএস ও ফোন করে প্রচারণা চালাব।’ কার কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এমন প্রশ্নের উত্তরে নাজিমুল ইসলাম মজুমদার বলেন, ‘নির্বাচনে প্রার্থীরা সবাই সবার প্রতিদ্বন্দ্বী।’ এদিকে, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের নাজিমুল ইসলাম মজুমদার ও আবদুর রহিমকে একই সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। উত্তর হালিশহর ওয়ার্ডে ভোটারসংখ্যা ২৬ হাজার। জনসংখ্যা এক লাখ ৭৫ হাজার। সাবেক কাউন্সিলর মো. হোসেন ভোটারদের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এলাকাবাসীর জন্য গত পাঁচ বছরে কয়েক কোটি টাকা ব্যয়ে রাস্তা-ঘাট, কালভার্ট ও নালা তৈরি করেছি।’ হালিশহর বি-ব্লকের বাসিন্দা মোশারফ আকবর বলেন, ‘কাউন্সিলর মেয়রপক্ষের হওয়ায় উন্নয়ন বরাদ্দ যথেষ্ট পেয়েছিলেন। কিন্তু অপরিকল্পিত ও নিম্নমানের কাজ করায় টাকার অপচয় হয়েছে। নির্মাণের পরপরই ভেঙে পড়েছে মহেশখালের প্রতিরোধ দেয়ালের একাংশ।’ আব্বাসপাড়ার প্রগতি শিপিংয়ের কর্মচারী আবদুল মাবুদ বলেন, ‘গত নির্বাচনে বর্তমান কাউন্সিলর যে যা চেয়েছিলেন তাই করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরকম প্রতিশ্রুতি অবাস্তব। তবে গত পাঁচ বছরে অনেক উন্নয়ন হয়েছে।’ এবারের নির্বাচনে প্রথম বারের মতো ভোট দেবেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র মো. আশরাফ। তিনি বলেন, ‘জনগণের জন্য দরদি প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যেই ভোট দেব।’নাথপাড়ার বিদ্যালয় শিক্ষক তাহমিনা আকতার বলেন, ‘এ ওয়ার্ডে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে। তাই এলাকাকে সুন্দর রাখতে নালা-নর্দমা, সড়ক, উপসড়ক সংস্কার, ওয়াসার নিয়মিত পানি সরবরাহ ও মশা নিধন করাই প্রার্থীদের কাছে আমাদের দাবি।’