পুরোনো বইয়ের নতুন পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পুরোনো ব​ই কি​নতেই পাঠ​েকরা বেশি আসেন অমর বইঘরে। ছবি: সৌরভ দাশ
পুরোনো ব​ই কি​নতেই পাঠ​েকরা বেশি আসেন অমর বইঘরে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামের বইপ্রেমীদের কাছে অমর বইঘর বহু বছরের চেনা। ঐতিহ্যবাহী এই বইয়ের দোকান নিয়ে লিখেছেন আশরাফ উল্লাহ

চারদিকে বইয়ে ঠাসা তাক। কিছু বই রাখা মেঝেতে সারি করে। এর মাঝখানে সরু হাঁটাচলার পথ। কেউ তাক থেকে বই নিয়ে পাতা ওল্টাচ্ছেন। কেউ দাঁড়িয়েই গোগ্রাসে গিলছেন পাতার পর পাতা। অনেকে দুই হাত ভরে বই নিয়ে ছুটছেন ক্যাশ কাউন্টারে। এককথায় সবাই ব্যস্ত।

এত ভিড়, এত ব্যস্ততা সব পুরোনো বই ঘিরে। এখানে নতুন কোনো বই বিক্রি করা হয় না। এই গ্রন্থরাজ্যের নাম ‘অমর বইঘর’। চট্টগ্রাম শহরে রেলস্টেশনের নূপুর মার্কেটে যার প্রধান শাখা।
পাঠকের ভিড়, তারপরও কোনো পড়ুয়া ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বই পড়লেও দোকানির কোনো খেদ নেই। পড়ুয়াদের যেন আলাদা কদর। চট্টগ্রাম শহরের এমন কোনো পড়ুয়া খুঁজে বের করা মুশকিল, যিনি একবারের জন্য এই বইঘরে ঢুঁ মারেননি। কারও দুর্লভ কোনো বইয়ের খোঁজ দরকার, তাহলে অমর বইঘরে যাও—এই কথাটি বেশ প্রচলিত। সংগ্রহে না থাকলেও ফরমাশ দিলে ঠিক ঠিক পেয়ে যাবেন বই। তা-ও নতুন বইয়ের তিন ভাগের এক ভাগ দামে।
বইয়ের রাজ্যে
গত ২৮ জানুয়ারি। দুপুর ১২টার কাছাকাছি। অমর বইঘরে চেনা সেই ভিড়। দরজার মুখ থেকে ডান পাশ পুরোটা সাহিত্যের বই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল—সবার বই-ই আছে। আছে বিদেশি বইও। এ ছাড়া বিভিন্ন তাকে ভাগ ভাগ করে রয়েছে এইচএসসি থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই।
এক কোণে এক তরুণ মনোযোগ দিয়ে পাতা ওল্টাচ্ছেন হুমায়ূন আহমেদের সমুদ্র বিলাস উপন্যাসটিতে। আলাপে জানালেন, তিনি নগরের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র। নাম আলী হোসেন। হুমায়ূন আহমেদের ভক্ত।
আবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌমিক দত্ত এসেছিলেন পাঠ্যবইয়ের খোঁজে। নতুন সেমিস্টারের বই কিনতে হবে। তিনি বলেন, কম দামে পুরো সেট বই পাওয়া যায়। আবার পড়া শেষে ফেরতও দেওয়া যায়।
বইঘরের পরিচালক মো. শাহজাহান নিরিবিলি কথা বলার জন্যে সন্ধ্যায় জিইসি মোড়ের শাখায় দেখা করতে বললেন। সেখানে গিয়ে দেখা যায়, স্টেশন রোড শাখার চেয়ে পরিসরে বড়। তিন হাজার বর্গফুটের এই কেন্দ্রটি খোলা হয়েছে জানুয়ারিতে। এখনো পুরোপুরি চালু হয়নি। শাহজাহান জানান, বর্তমানে তাঁদের চারটি শাখা—স্টেশন রোডে দুটি, চকবাজার গুলজার মোড়ে একটি ও জিইসি মোড়ে একটি। চার শাখায় মোট বইয়ের সংখ্যা প্রায় আড়াই লাখ। প্রতিদিন বিক্রি হয় ৬০০ থেকে ৭০০ বই।
ফুটপাতে শুরু
অমর বইঘরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল হোসেন। এখন প্রতিষ্ঠান দেখাশোনা করেন তাঁর ছেলে মো. শাহজাহান। আবুল হোসেনের জীবনটাও গল্প-উপন্যাসের চরিত্রের মতোই। ১৯৬৮ সালে ক্লাস নাইনে পড়ার সময় ঢাকার শ্যামবাজারের বাড়ি ছেড়ে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিলেন। স্টেশন রোডে রিয়াজউদ্দিন বাজারের মুখে ফুটপাতে চট বিছিয়ে শুরু করেন পুরোনো বই বেচা। তখনো এত দালান হয়নি। আশপাশে ঝোপঝাড়। শুরুর দিকে ভাঙারির দোকান থেকে বেছে বেছে বই এনে বিক্রি করতেন।
বছর দুয়েক চলার পর শুরু হয়ে গেল মুক্তিযুদ্ধ। দেশ স্বাধীন হলে আবার শুরু। সেই একই জায়গায়। ১৯৮০ সালের দিকে ফুটপাতের পাশে দালান হলো। সেখানে দোকান নিলেন। এর মধ্যে অমর বইঘরের কথা ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে।
দুর্লভ বইয়ের খোঁজে
চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমদ বলেন, ‘এটি তো দুর্লভ বইয়ের রত্নভান্ডার। এখান থেকে কিনেছি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। কিনেছি মাত্র পাঁচ হাজার টাকায়। ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, ‘আমি ম্যাগাজিন কিনতাম বেশি। সিলেটের বলাকা পত্রিকার একটি বিশেষ সংখ্যা পেয়েছিলাম। এ ছাড়া তারিখ অভিধানও পেয়েছিলাম।’
ভাড়ায় বই!
চট্টগ্রামে ভাড়ায় বই দেওয়ার পদ্ধতিও চালু করেছে অমর বইঘর। ছাত্রদের কথা মাথায় রেখে ২০০৪ সাল থেকে এই পদ্ধতি চালু করা হয়। ছাত্ররা প্রতিটি শিক্ষাবর্ষের পাঠ্যবই নিয়ে যান। এক বছর পর ফেরত দিলে দামের ৩০ শতাংশ কেটে রেখে বাকি টাকা দিয়ে দেওয়া হয়। গল্প-উপন্যাসের বইও ভাড়ায় দেওয়া হয়।
শাহজাহান বলেন, ‘কম দামে সবার হাতে বই তুলে দিতে আমাদের চেষ্টা। লক্ষ্য একটাই—সবাই যেন পড়ুয়া হয়ে ওঠেন। এ জন্য কাজ করে যাবে অমর বইঘর।’