পুরোনো বইয়ের ভিড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঁড়ি দিয়ে উঠে ডানে ঘুরতেই অপ্রশস্ত একটা ঘর। ঢুকতেই পুরোনো বইয়ের মিষ্টি গন্ধ এসে লাগে নাকে। দিনের বেলায়ও আলো জ্বলছিল সেখানে। চারদিকে বই আর বই। দোকানের বিক্রয়কর্মীর চেহারাও ঢাকা পড়েছে বইয়ের আড়ালে। ঘরজুড়ে চার-পাঁচটি বুকশেলফ। একটি বুকশেলফের সঙ্গে আরেকটির দূরত্ব খুব কম। মাঝের স্থানটুকুতে দুজন লোক পাশাপাশি দাঁড়ালে গায়ে গা লেগে যায়।জনা-দশেক পাঠক নিবিষ্ট মনে বই ঘাঁটছিলেন। হঠাৎ দশাসই সাইজের একটি বই নিয়ে কাউন্টারে হাজির হলেন এক তরুণ। চেষ্টা করেও উত্তেজিত ভাবটা লুকাতে পারছিলেন না তিনি। ‘বইটার দাম কত?’ প্রশ্ন করলেন তিনি দোকানিকে। দোকানি তাঁর দিকে একবার ভালো করে দেখলেন। তারপর বইটার দিকে একনজর চোখ বুলিয়ে বললেন, ‘আরে এটা তো হিস্ট্রি অব মর্ডান আর্ট খুব রেয়ার কালেকশন! এই এডিশন বাংলাদেশে আর পাবেন না। আপনার জন্য চার হাজার টাকা রাখব।’ দাম শুনে ঢোক গিললেন তরুণ ক্রেতা। মৃদু গলায় বললেন, ‘৫০০ দিতে পারি।’ এ কথার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দরাদরি।সম্প্রতি নগরের একটি পুরোনো বইয়ের দোকানে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। নিবিষ্ট পাঠক ও গ্রন্থকীটদের কাছে পুরোনো বইয়ের দোকানগুলো এক একটি রত্নভান্ডার। কেবল সস্তা দামে বই কেনার জন্য নয়, দুষ্প্রাপ্য বই ও সাময়িকীর খোঁজে পুরোনো বইয়ের দোকানে আসেন তাঁরা। এসব দোকানের কোনো কোনোটিতে আবার বই ভাড়াও দেওয়া হয়। নগরের স্টেশন রোড ও চকবাজারে প্রায় ৪০টির মতো এমন পুরোনো বইয়ের দোকান আছে।স্টেশন রোডের ‘অমর বই ঘর’ চেনেন না এমন পাঠক খুঁজে পাওয়া ভার। বই, সাময়িকী, পত্রপত্রিকা, জার্নালসহ সব ধরনের পাঠ্যবই পাওয়া যায় এই বইয়ের দোকানে। চারুকলা ও চিকিৎসাবিজ্ঞানসহ বিশ্ববিদ্যালয়ের বেশ প্রায় সব অনুষদের বই এখানে পাওয়া যায়। শিক্ষার্থী ছাড়াও সাহিত্যমোদী পাঠকেরাও এখানে আসেন। সম্প্রতি ‘অমর বই ঘর’ এ গেলে কথা হয় এই বইয়ের দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে সব ধরনের পাঠকই আসেন। কোনো পাঠক পছন্দের বই না পেলে আমরা এনে দেওয়ার চেষ্টা করি।’নুপুর মার্কেটে আছে বেশ কয়েকটি পুরোনো বইয়ের দোকান। এখানকার দোকানিরা জানান, ক্রেতাদের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠকই বেশি। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের পাঠ্যবইয়ের দাম বেশি। শিক্ষার্থীদের সুবিধার জন্য এসব দোকানে বই ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে। নূপুর মার্কেটের দোতলার জননী বইঘরের স্বত্বাধিকারী দেবাশীষ মজুমদার জানান, বই নেওয়ার সময় বইয়ের দাম পুরো পরিশোধ করে বই নিতে হয়। বই ফেরত দিলে পাঠ্যবই নতুন হলে বইয়ের প্রকৃত মূল্যের ৪০ শতাংশ টাকা ভাড়া হিসেবে রাখা হয়। পুরোনো বই হলে ৩০ শতাংশ টাকা ভাড়া হিসেবে রাখা হয়। নগরের সিডিএ ভবন, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নতুন রেলস্টেশন, আগ্রাবাদের কমার্স কলেজ ও জামাল খান মোড়ের ফুটপাতেও বিক্রি হয় পুরোনো বই। সম্প্রতি জামালখান মোড়ের ফুটপাতে দাঁড়িয়ে বই কিনছিলেন ফাহিম ফয়সাল নামের এক তরুণ। তিনি বলেন, ‘ফুটপাত থেকে হুমায়ুন কবিরের বাংলার কাব্য পাঁচ টাকা দিয়ে কিনেছি। ঢাকার অনেক নামকরা দোকানেও বইটি খুঁজে পাইনি। তাই যখনই সময় পাই, পুরোনো বইয়ের দোকানে যাই গুপ্তধন আবিষ্কারের আশায়।’