পুরোনো বিতর্ক উসকে দিল বোস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের ব্যাপারে যে ‘আত্মতুষ্টিতে’ ভোগা শুরু করেছিল, বোস্টন হামলা তার ওপর এক বিরাট ধাক্কা। সন্ত্রাসবাদবিষয়ক অনেক বিশেষজ্ঞ বলেছেন, আজকের বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রধান বিপদ ৯/১১-এর মতো বিশাল হামলা নয়, ছোট ছোট হামলার ঝুঁকি, তা অভ্যন্তরীণ বা বিদেশি সন্ত্রাসী যে-ই করুক। অনেকে বলছেন, বোস্টন ম্যারাথনে হামলা ওই বিশেষজ্ঞদের বিশ্লেষণের যাথার্থ্যই প্রমাণ করে।পাশাপাশি বোস্টন বোমা হামলা যুক্তরাষ্ট্রে নতুন করে উসকে দিয়েছে তিক্ত এক রাজনৈতিক বিতর্ককে। একশ্রেণীর কট্টর ইসলামপন্থীর সন্ত্রাসবাদ, ইসলাম ধর্ম এবং যুক্তরাষ্ট্র কীভাবে এ দুটিকে দেখবে, তা নিয়ে স্পর্শকাতর দ্বন্দ্ব এ বিতর্কের মূল বিষয়। অনেক দিক থেকে এটি জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার সমর্থকদের প্রধান মতানৈক্যের নতুন বহিঃপ্রকাশও বলা যেতে পারে।প্রেসিডেন্ট ওবামার বিরোধীরা অভিযোগ করেন, তিনি এ বিষয়ে এতই নরম যে ‘সন্ত্রাসবাদ’ শব্দটাই ব্যবহার করতে রাজি নন। তাঁদের মতে, ইসলামের প্রতি ওবামার সহানুভূতি একটু বেশি বেশি। আর ইসলামি জঙ্গিবাদের বিপদের ওপরও তাঁর মনোযোগ কম। এমনকি এমনও অনেকে আছেন (সংখ্যায় কম হলেও), যাঁরা ওবামাকে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল পর্যন্ত মনে করেন। তবে সাধারণভাবে আজকের মার্কিন ডানপন্থীদের মধ্যে যে মনোভাবটি বেশি কাজ করে তা হচ্ছে, ডেমোক্র্যাটসহ উদারপন্থীরা ইসলামের সঙ্গে যে জঙ্গিবাদীদের সন্ত্রাসের সম্পর্ক আছে, তা মানতে চান না। উদারপন্থীরা বলেন, এ অভিযোগ যুক্তিহীন অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু নয়। তাঁরা পাল্টা যুক্তি দিয়ে বলেন, ইসলাম ধর্মের কোটি কোটি শান্তিপূর্ণ অনুসারী ও নগণ্যসংখ্যক জঙ্গিবাদীর মধ্যে আসলেই সম্পর্ক নেই।ওবামার বিরুদ্ধে যেসব সমালোচনার তির ছোড়া হয়, তার অনেকগুলোই নিছক দলীয় মানসিকতা থেকে উৎসারিত। প্রতিপক্ষের দাবি, ওসামা বিন লাদেন ও অন্য বড় নেতাদের হত্যা করার পর আল-কায়েদা প্রায় ভেঙে পড়েছে—ওবামার এ কথা অসত্য। তিনি আসলে আল-কায়েদার সন্ত্রাসবাদ বাগে আনতে ব্যর্থ হয়েছেন।নেতৃস্থানীয় রিপাবলিকান নেতারা দাবি করছেন, মার্কিন নাগরিক হলেও জোখার সারনায়েভকে ‘শত্রুপক্ষের যোদ্ধা’ হিসেবে জেরা করা হোক। কোনো সন্দেহভাজন যদি আল-কায়েদা বা অনুরূপ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে বিদ্যমান মার্কিন আইনে এর সুযোগ আছে। তবে আংশিকভাবে হলেও এ যুক্তি হাল আমলের ইসলামি জঙ্গিবাদের অনেক আগে থেকে ব্যবহূত হয়েছে। ১৭৭০ সালের ‘বোস্টন হত্যাযজ্ঞের’ জন্য দায়ী ব্রিটিশ সেনাদের পক্ষে আদালতে সাফাই গাইতে গিয়ে জন অ্যাডামস (আইনজীবী ও পরে স্বাধীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) এমন যুক্তিই দিয়েছিলেন। ওই ঘটনায় রাজকর্মচারীদের বাঁচাতে ঊর্ধ্বতন ব্যক্তিদের নির্দেশ ছাড়াই উত্তেজিত জনতার ওপর গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল কয়েকজন সেনা। বিচারে ছয়জন খালাস পায় আর নামমাত্র সাজা হয় দুজনের। সরল ভাষায় বললে প্রশ্নটি হচ্ছে, কোনো একটি দেশের সরকার বা জনগণ নিজেদের হুমকির মুখে মনে করলে অপরাধীর কিছু কিছু ন্যায্য অধিকার প্রত্যাহার করা যায় কি না। যেমন যুদ্ধের সময় রাষ্ট্রবিরোধী কাজে অভিযুক্ত অপরাধীর সঙ্গে সদাচরণ করা।তবে আজকের যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসবাদী ঘটনাকে কোন চোখে দেখে, তার সঙ্গেও এর সম্পর্ক আছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন নাগরিকদের কেউ কেউ বলেছেন, বোস্টন ম্যারাথনে বোমার মতো ঘটনা আধুনিক জীবনেরই এক ‘ন্যক্কারজনক ও ভয়ংকর’ অনুষঙ্গ হয়ে উঠেছে। এই ডামাডোলের মধ্যেই বেসবল খেলা দেখার জন্য টিকিটের লাইনে দাঁড়ানো একজন যুক্তরাজ্যে আইআরএর সন্ত্রাসবাদী কার্যক্রমের কথা তুললেন। তাঁর বক্তব্য, ব্রিটিশরা আইআরএর কারণে সন্ত্রাসের হুমকির মধ্যে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রও সে রকম একটি যুগে প্রবেশ করতে যাচ্ছে। তবে অনেকে আবার একে বলেন পরাজিতের মানসিকতা। তাঁরা মনে করেন, যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধে লিপ্ত রয়েছে। বলেন ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রের সরকার ও মানুষ সব ভুলে গেছে। সবাইকে শৈথিল্যে পেয়ে বসেছে। সন্ত্রাসের ভয়াবহ এই হুমকির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্ব দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। ওবামা সক্রিয়ভাবেই এর বিরোধিতা করবেন। কারণ, বিশ্ব সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এর সঙ্গে মেলে না। দেশের অভ্যন্তরীণ কর্মসূচি থেকেও নজর সরিয়ে নেয় তা। কিন্তু যদি এই প্রায় চাপা পড়ে যাওয়া বিতর্ক আবার শুরু হয়ে আগামী কয়েকটা মাস চলে, তাহলে তা সামাল দেওয়া হয়তো ওবামার জন্য কঠিন হবে। দাউদ ইসলামতথ্যসূত্র: বিবিসি ও বার্তা সংস্থা