পুরোনো ম্যাগাজিন কিনতে
প্রতিদিন নিত্যনতুন অনেক ধরনের ম্যাগাজিনই আমরা পড়ে থাকি। অনেকে পড়ার পাশাপাশি সংগ্রহ করার জন্যও ম্যাগাজিন কিনে থাকেন। দেশি-বিদেশি খবরের সমাহারের এই ম্যাগাজিনগুলোর চাহিদা দিন দিন বাড়ছে বৈ কমছে না। এমনকি ইদানীং নিত্যনতুন বিভিন্ন ম্যাগাজিন বাজারে প্রতিনিয়ত বের হচ্ছে। নিয়মিত ম্যাগাজিন-পড়ুয়া আপনি হয়তো খুব প্রয়োজনীয় একটা ম্যাগাজিনের খবর কিংবা গুরুত্বপূর্ণ একটি তথ্য খুঁজে পাচ্ছেন না। অথবা কোনো ম্যাগাজিন, যা আপনার সংগ্রহে থাকার কথা কিন্তু বাড়ির আনাচকানাচে সবখানে খুঁজেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। হয়তো কোনো ম্যাগাজিনের কোনো বিশেষ সংখ্যা আপনি কিনতে ভুলে গেছেন, আর পাবেন না বলে মনে করে হয়তো হাল ছেড়ে দিয়ে বসে আছেন। ঠিক সময়ে ঠিক জিনিসটা সংগ্রহে না রেখে যখন খুব ভুল করেই ফেলেছেন, তখন নির্দ্বিধায় চলে যান ঢাকার ইসলামিয়া মার্কেট বণিক সমবায় সমিতি লিমিটেড, নীলক্ষেতে; আর খুঁজে নিন আপনার দরকারের ম্যাগাজিনটি।নীলক্ষেতের একেবারে শেষ প্রান্তে যাকে বলা হয় রাফিন প্লাজার গলি, এখানে পাবেন আপনার পছন্দ-অপছন্দ, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পুরোনো ম্যাগাজিন। এখানে প্রায় ২০-২৫টি দোকান আছে শুধু পুরোনো ম্যাগাজিনের। গত বছরের পাশাপাশি পাবেন বিগত কয়েক বছরের পুরোনো ম্যাগাজিন। দেশি-বিদেশি, বিনোদন-সাহিত্য, স্বাস্থ্য-খেলাধুলাসহ যেকোনো ধরনের ম্যাগাজিনই পাবেন দোকানগুলোতে।আর যদি গবেষণাধর্মী কোনো ম্যাগাজিন অথবা বই আপনার প্রয়োজন হয়, তা-ও পাবেন নীলক্ষেতে। এখানে আপনি খুঁজলেই পাবেন সামাজিক, বিজ্ঞান, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের গবেষণামূলক কিংবা রিভিউ ম্যাগাজিন। দেশি ম্যাগাজিনগুলো কিনতে চাইলে দাম পড়বে ১৫-৮০ টাকা। আর বিদেশি ম্যাগাজিনের দাম পড়বে ৫০-২০০ টাকা। টাইম ম্যাগাজিনের দাম ২৫০ টাকা, যার পুরোনো সংখ্যা নীলক্ষেত বণিক সমবায় মার্কেটে পাওয়া যায় মাত্র ৫০ টাকায়। এ ছাড়া পশ্চিম বাংলার ম্যাগাজিনগুলোও পাবেন ২০-৮০ টাকার মধ্যে। আর ভারতীয় ইংরেজি ম্যাগাজিন পাবেন ৫০-১০০ টাকায়। রাফিন প্লাজা গলির মাথায় পরপর কয়েকটি নতুন ম্যাগাজিনের দোকানের পরই আছে বেশ কিছু পুরোনো ম্যাগাজিনের দোকান। তা ছাড়া ভেতরের দিকে পাবেন আরও কিছু দোকান। তবে দেশি ম্যাগাজিনের তুলনায় এখানে বিদেশি ম্যাগাজিনের চাহিদা ও বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। এসব দোকান বিক্রির পাশাপাশি পুরোনো ম্যাগাজিন কিনে থাকে। মেয়াদোত্তীর্ণ যেসব ম্যাগাজিন আপনার আর প্রয়োজন নেই বলে মনে করেন, বাড়িতে বাড়তি জঞ্জাল না বাড়িয়ে সুনির্দিষ্ট দামে আপনি বিক্রি করতে পারবেন নীলক্ষেতের পুরোনো ম্যাগাজিনের দোকানে।