ছবি নিয়েই কারবার ছিল ডার্ক হ্যান্নেমার। জাদুঘরের চিত্রশালার দেখাশোনার ভার ছিল তাঁর ওপর। নিজের ঘরেও বিখ্যাত শিল্পীদের আঁকা ছবির ছোটখাটো একটা সংগ্রহ ছিল এই ওলন্দাজের। ছবি নিয়ে গবেষণা করতে ভালোবাসতেন তিনি। তাই অল্প সময়েই বেশ সুনাম কুড়িয়েছিলেন সেই পেশায়। তবে সুনাম থাকলেও পরিচিত লোকজন তাঁর সেই সংগ্রহশালা নিয়ে কানাঘুষা করতে ছাড়ত না। সেখানকার অধিকাংশ ছবিই ‘ভুয়া’ বলে টিপ্পনী কাটত সবাই। ডার্ক হ্যান্নেমাও কম যান না, তিনিও জোর গলায় দাবি করতেন, ‘যে যা-ই বলো, আমার সংগ্রহের সব ছবিই “মাস্টারপিস”!’১৯৭৫ সালের এক সন্ধ্যা। প্যারিসের রাস্তায় লাইটপোস্টের আলোগুলো জ্বলতে শুরু করেছে কেবল। আর দশ দিনের মতোই ঘুরতে বেরিয়েছিলেন ডার্ক হ্যান্নেমা। তাঁর মাথায় সারাক্ষণ ছবির কথাই ঘুরত। ছবি নিয়ে ভাবতে ভাবতে হাঁটছিলেন। ঘুরতে ঘুরতে একটা অ্যান্টিকের দোকান আবিষ্কার করেন একসময়। চকচকে হয়ে ওঠে চোখ, আনন্দে শিস দিতে দিতে দরজা ঠেলেন সেই দোকানের। ভেতরে ঢুকে এটা দেখেন, সেটা দেখেন। পাকা জহুরি তিনি, সোনা চিনতে ভুল করবেন কেন! হঠাত্ একটা ছবিতে চোখ আটকে যায় তাঁর। হাতে নিয়ে আরও ভালো করে দেখেন, নাহ্, কোনো সন্দেহ নেই। যা ভেবেছিলেন, ঠিক তা-ই! চতুর হ্যান্নেমা লুফে নেন সেই সুযোগ। দেরি না করে পাক্কা পাঁচ হাজার গিল্ডার গুনে দেন দোকানমালিককে। মালিকও ছিলেন বোকার হদ্দ, হঠাত্ এতগুলো টাকা পেয়ে মাথার লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিলেন! বুঝতেও পারেননি, খানিক আগেই স্বয়ং ভিনসেন্ট ভ্যান গগের আঁকা একটা ছবি জলের দামে বেঁচে দিয়েছেন তিনি।ছবিটা হাতে পেয়েই ঢোল পেটাতে শুরু করেন হ্যান্নেমা। ‘ভ্যান গগের ছবি দেখবে এসো’—বলে নিজের বাড়িতে দাওয়াতও দিয়ে বসেন সবাইকে। তবে সবাই তাঁর সেই দাওয়াতে নাক সিঁটকেছিল। কেউ কেউ তো মুখের ওপরই বলে দিয়েছিল, ‘খেয়েদেয়ে আর কাজ নেই, তোমার ওই দুই-নম্বরি দেখে সময় নষ্ট করি আর কি!’ তাদের কথা যে একেবারে ভুল ছিল তাও নয়। ১৯৩৭ সালে একবার আরেক বিখ্যাত চিত্রশিল্পী ভারমিরের একটি ছবি বাগিয়েছেন বলে দাবি করেন হ্যান্নেমা। সবারই ব্যাপক কৌতূহল তাঁর সেই ছবি দেখার। ছবি দেখার পর দর্শক মুগ্ধ। তবে অভিজ্ঞদের চুল তো বাতাসে পাকেনি। পরে দেখা গেল আসলে তা নকল একটা ছবি ছিল। শুধু তা-ই নয়, এর পরও বহুবার নকল ছবি নিয়ে কারবার করেছিলেন হ্যান্নেমা। তাই ভ্যান গগের নাম শুনেও কেউ পাত্তা দেয়নি তাঁকে। হ্যান্নেমা ছবিটিকে ভ্যান গগের ‘অ্যাবসোলিউট সার্টেনিটি’ চিত্রকর্মের একটি অংশ হিসেবে দাবি করতেন। হাজারো যুক্তি দেখিয়েছিলেন তাঁর কথার পক্ষে, ছবিটির অকৃত্রিমতার পক্ষে। এমনকি সেই ছবি নিয়ে নিজের বাড়িতে প্রদর্শনীর আয়োজনও করেছিলেন একাধিকবার। ১৯৮৪ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত তা নিয়ম করেই পালন করেছিলেন তিনি। আশা ছিল মানুষ হয়তো কোনো একদিন বুঝবে যে আসলেই সেই ছবিটি ভ্যান গগের আঁকা ছিল।ডার্ক হ্যান্নেমার কথা সবাই বুঝেছে, তবে অনেক দেরিতে। তাঁর মৃত্যুর ২৫ বছর পর সেই সত্য বেরিয়ে এসেছে সবার সামনে। হ্যান্নেমার মৃত্যুর পর ফ্রান্সের বিখ্যাত জাদুঘর মিউজিয়াম ডি ফানডেটিতে সেই ছবিটি নিয়ে আসা হয়। ১৯৯৩ ও ২০০৭ সালে প্রদর্শনীর জন্য বার দুই ঝাড়পোছ করা হলেও তা নিয়ে অত মাথা ঘামাতে যায়নি কেউ। তবে আমস্টারডার্মের ভ্যান গগ জাদুঘরের গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক লুইস ভ্যান টিলবর্গ তা নিয়ে মাথা ঘামাতে শুরু করেন একসময়। ভ্যান গগের ছবিবিশেষজ্ঞ হিসেবে খ্যাতি আছে তাঁর। অবশেষে নিবিড় পর্যবেক্ষণের পর গত মাসে তিনিই প্রথম জানান, ছবিটি আসলেই ভ্যান গগের। এবং ছবিটির নাম লি ব্লিউট-ফিন মিল। ছবির ধরন-ধারণ দেখে টিলবর্গের মত— ‘মাত্র ৩৭ বছরের ক্ষুদ্র জীবনে মোটমাট ৯০০টির মতো ছবি এঁকেছিলেন ভ্যান গগ। তিনি যখন প্যারিসে ছিলেন, তখনই এই ছবিটি এঁকেছিলেন। সেটা ১৮৮৬ সালের কথা। ভ্যান গগের স্বভাবসুলভ উজ্জ্বল রং ও পিগমেন্টের ব্যবহার, ক্যানভাসের ভ্যান গগীয় বৈশিষ্ট্য—এ সবই ছবিটি যে আসলে ভ্যানের, তা প্রমাণ করে। তবে ছবিটির চরিত্রগুলোর আকার ভ্যান গগের অন্য সব ছবির চরিত্র থেকে খানিকটা বড় আকারের। এ ধরনের অল্প কিছু ছবি তিনি সেই সময় এঁকেছিলেন। তবে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, ছবিটি যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই হ্যান্নেমা তাঁর জীবদ্দশায় তা জেনে যেতে পারলেন না!’গেল মাসের শেষ সপ্তাহের কথা। ভ্যান গগের লি ব্লিউট-ফিন মিল ছবিটি ফের নতুন করে সবার সামনে হাজির করেছে মিউজিয়াম ডি ফানডেটির কর্তৃপক্ষ। সন্দেহ নেই ছবিটি দেখে মুগ্ধ সবাই। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই গল্পের সেই মিথ্যেবাদী রাখালরূপী ডার্ক হ্যান্নেমার কথাও মনে করবেন কেউ কেউ। হয়তো অনেকেই ভুলে যাবেন তাঁকে।ওয়েবসাইট অবলম্বনেমাহফুজ রহমান