পুরোনোটাই শৌখিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্টিক ধাঁচের এমন অনেক পণ্য পাবেন ঘর সাজানোর জন্য। ছবি: নকশা
অ্যান্টিক ধাঁচের এমন অনেক পণ্য পাবেন ঘর সাজানোর জন্য। ছবি: নকশা
.
.

ভারী কারুকাজ করা টেবিলের ওপর রাখা কলের গান। মাথার ওপরে আলো দিচ্ছে কাচের ঝাড়বাতি। ঢং করে উঠল গ্র্যান্ডফাদার ঘড়িটা। না, কয়েক দশক পেছনে ফিরে যাননি। এ সময়েও অনেকে বাড়ির অন্দরসাজ করাচ্ছেন এভাবে। 
শখ আছে আপনারও। জেনে নিন কোথায় পাবেন এসব অনুষঙ্গ। এ ধরনের পণ্যগুলো বিক্রির জন্য এককথায় বলা যায় ঢাকার গুলশান ২ নম্বরে অবস্থিত ডিসিসি নর্থ সুপার মার্কেটের কথা। এখানে কথা হয় সানজানা আহমেদের সঙ্গে। ধানমন্ডি থেকে এসেছেন নিজের ঘর সাজানোর পণ্য কিনতে। তিনি বলেন, ‘পুরোনো জিনিসের প্রতি টান মানুষের সহজাত। আর সেটা যদি হয় ঘর সাজানোর উপকরণ তাহলে তো কথাই নেই।’ ক্রেতার বেশ আনাগোনা দেখা গেল এখানে। পুরোনো অনেক জিনিস তো আছেই। এগুলোর আদলে নতুনভাবে বানানো অনেক পণ্যও আছে।

.
.

এখানকার আলম হ্যান্ডিক্রাফটসের বিক্রয়কর্মী হাফিজ উদ্দিন জানালেন, বিদেশি অনেক নাগরিকও এখানে আসেন এসব পণ্য কিনতে। এ ধরনের পণ্য কারও সংগ্রহে থাকলে তা এখানে বিক্রিও করতে পারবেন।
গুলশান মার্কেটে পুরোনো উপকরণ বেশি থাকলেও ঢাকার পরীবাগ মিউনিসিপ্যাল সুপার মার্কেটের পুরোনোর পাশাপাশি কিছু নতুন পণ্যও আছে। বাংলাদেশে লেদার ক্র্যাফটসের ব্যবস্থাপক অনি সাহা জানান, এই মার্কেটে পুরোনো দিনের পণ্য বেশি থাকলেও নতুন পণ্যও পাওয়া যায়। তবে সে ক্ষেত্রে পণ্য ক্রয়ে দাম কিছুটা বেশি পড়ে।

.
.

দামদর
পুরোনো কাঠের ফ্রেমে বানানো কলের গান ছয় থেকে ২০ হাজার টাকা। টেলিফোন সেট তিন থেকে ছয় হাজার, কাঠের পুতুল ছোট ৩০০ থেকে তিন হাজার ৫০০, বড় ৩০০ থেকে ১০ হাজার, মাটির পুতুল ছোট ২৫০ থেকে দুই হাজার ৫০০, বড় মাটির পুতুল দুই থেকে আট হাজার টাকা। শোপিস ছোট ১৫০ থেকে দুই হাজার ৫০০, বড় শোপিস এক হাজার ৫০০ থেকে চার হাজার ৫০০ টাকা। কঠের ফ্রেমের ঘড়ি এক থেকে পাঁচ হাজার, কাঠের গয়নার বাক্স ৫০০ থেকে তিন হাজার ৫০০, কাঠের ফুলদানি ৫০০ থেকে চার হাজার ৫০০ টাকা। সিরামিকের ফুলদানি এক থেকে ছয় হাজার, কাঠের তৈরি একতারা-দোতারা এক হাজার ২০০ থেকে চার হাজার, ফটোফ্রেম কাঠের ৬০০ থেকে দুই হাজার ২০০, বেতের তৈরি ফটোফ্রেম ৮০০ থেকে তিন হাজার, ল্যাম্পশেড ১০ থেকে ২৫ হাজার, পটারি ৪৫০ থেকে চার হাজার ৮০০ টাকা। কাঠের ফ্রেমের আয়না এক হাজার ২০০ থেকে সাত হাজার, কাঠ ও সিরামিকের ট্রে ৮০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। তামা, কাঁসা বা পিতলের থালা এক থেকে পাঁচ হাজার, ঘটি-বাটি ১৫০ থেকে দুই হাজার ৫০০, মোমদানি ও ধূপদানি ৩৫০ থেকে এক হাজার ৫০০, পাটের তৈরি শতরঞ্জি ছোট ৩০০ থেকে দুই হাজার ৫০০, বড় দুই হাজার থেকে ৩০ হাজার, ঝাড়বাতি পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকা।