পুরোনোর প্রেমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাকিব
আঁকা: রাকিব

আমার ছেলেটা জন্ম নেওয়ার পর ওর নাড়ি নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম। শিশুদের নাড়ি সাধারণত এক-দেড় সপ্তাহের মধ্যে শুকিয়ে নাভি থেকে খসে পড়ে। কিন্তু ওরটা শুকিয়ে খরখরে হয়েছে ঠিকই, খসে আর পড়ছে না। আমরা শঙ্কিত, ওর হলোটা কী?
ছেলেকে নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলাম। তিনি পরীক্ষা করে বললেন, ‘এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এটা পড়ে যাবে। একটু দেরি হচ্ছে—এই যা।’
পূর্বা জানতে চায়, ‘দেরি হচ্ছে কেন, আংকেল?’
ডাক্তার সাহেব বললেন, ‘ও এটা আসলে ফেলতে চাইছে না, মা। এ জন্যই পড়ছে না। এটা একধরনের চাইল্ড সাইকোলজি। পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখার একটা প্রবণতা।’
পূর্বা এর কারণ জানতে চাইল। চিকিত্সক বললেন, ‘এর একাধিক কারণ থাকতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে থাকে জিনগত ব্যাপার।’
ফেরার সময় পূর্বা আমাকে জিজ্ঞেস করল, ‘তোমার মধ্যে পুরোনোকে আঁকড়ে ধরে রাখার বিষয়টা আছে নাকি?’
আমি বলি, ‘সেটা তো তোমারই ভালো জানার কথা।’
পূর্বা বলে, ‘পুরুষ মানুষের গভীরতা কি এত সহজেই মাপা যায়!’
আমি কিছু একটা বলতে পারতাম, কিন্তু বাৎচিতে গেলাম না।
এর কয়েক দিন পর ছেলের শুকনো নাড়িটা খসে পড়ে আমাদের দুশ্চিন্তামুক্ত করল। আরও কয়েক দিন পর একদিন সকালে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, মট করে ওটার দুটো দাঁত ভেঙে গেল। চিরুনিটার দিকে করুণ দৃষ্টি তাকালাম। আবার চুল আঁচড়াতে যাব, অমনি ছুটে এল পূর্বা। বাধা দিয়ে বলল, ‘কী অলক্ষুনে কাণ্ড বলো তো! ভাঙা চিরুনি দিয়ে কেউ চুল আঁচড়ায়?’
‘আরে, মোটে তো দুটো দাঁত ভেঙেছে। এটা দিয়ে দিব্যি কাজ চলবে।’
পূর্বা জেদের সুরে বলে, ‘বাসায় কি চিরুনির অভাব যে ওই একটা দিয়েই তোমাকে আঁচড়াতে হবে? বিয়ের পর থেকে দেখছি ওই এক চিরুনি দিয়েই চুল আঁচড়ে আসছ। কী মধু আছে ওটায়? এটা আজ ফেলবই।’
আমার হাত থেকে চিরুনিটা একরকম কেড়ে নেয় পূর্বা। আমি আহত বোধ করি। অনেক কষ্ট নিয়ে বলি, ‘আমি ১৮ বছর ধরে ওই চিরুনি ব্যবহার করছি। দোহাই, ওটা ফেলো না!’
বিশ্বের অত্যাশ্চর্য নতুন কিছু যেন উন্মোচিত হয় পূর্বার কাছে। বলে, ‘তাই তো বলি, আমার পুত্রধনের জিনে এই স্বভাব এল কী করে? এ তো বাপকা বেটা!’
দোহাইয়ে কাজ হলো না। প্রায় দেড় যুগ ধরে আগলে রাখা চিরুনিটা সে ফেলেই দিল।
পরদিন ড্রেসিং টেবিলে নতুন একটা নীল চিরুনি পেলাম। আগেরটার হাতল ছিল না, এটার আছে। গুণেমানেও ভালো। চুল আঁচড়ে আগের চিরুনির চেয়ে আরাম। কিন্তু পুরোনোর প্রতি প্রেম সহজে যেতে চায় না।
পূর্বা আমার আবেগ ফুঁ করে উড়িয়ে দেয়। বলে, ‘এসব পুরোনো জিনিস নিয়ে পড়ে থাকলে সামনে এগোবে কী করে?’
পূর্বাও আমাকে পলিশ করার পরীক্ষায় নামে। আমার সঞ্চয়ে পুরোনো যা কিছু আছে, খুঁজে খুঁজে দূর করতে থাকে।
ঘিয়ে রঙের ছোট টেবিল আছে একটা। জীবনে ওই একবারই রং পেয়েছে ওটা। ময়লা পড়ে তেলচিটচিটে ভাব। পূর্বা এবার পাকড়াও করল গোবেচারা টেবিলটাকে। খবর পেয়ে পুরোনো আসবাব কেনার দোকান থেকে কেঠো চেহারার এক লোক এসে বলে, ‘আরে, এর অবস্থা তো পান-দোকানির টেবিলের চেয়েও খারাপ! ৫০০ টাকার বেশি দেওন যাইব না।’
আমি মরিয়া হয়ে পূর্বাকে বলি, ‘আহা-হা, কী করো! এটা আমার ছাত্রজীবনের টেবিল! এটায় পড়ে আমি বিএ-এমএ পাস দিয়ে ফেললাম। এটা দূর করতে বলছ! আপনজনকে কেউ এভাবে ফেলে দিতে পারে?’
আমার নস্টালজিয়া নকআউট পাঞ্চ খায়। পুরোনো টেবিলের জায়গায় নতুন একটা মেহগনি কাঠের টেবিল আসে। তা দেখে আমি হকচকিয়ে যাই। কী তার ফিনিশিং! বার্নিশে আভিজাত্যের ঘ্রাণ। সে ঘ্রাণে আমি উতলা না হয়ে ব্যথিত হই।
সে শোক কাটিয়ে উঠতে না-উঠতে পূর্বা আমার গোঁফ ধরে টানে। বলে, ‘নাকের নিচে নেউলের লেজের মতো কী ছাতা গজিয়েছ, দেখলেই গা শিরশির করে।’
আমার আত্মাটা ছ্যাঁৎ করে ওঠে। এক যুগেরও বেশি সময় ধরে গোঁফ আমার সঙ্গী। সেই যে গজিয়েছে, আর ফেলিনি। আমি এবার কোমর কষে দাঁড়াই। পূর্বাকে বলি, ‘বিয়ের আগে চোখ দুটো রেখেছিলে কোথায়? তখন এটা চোখে পড়েনি?’
‘পড়েনি আবার! এ জন্যই বেঁকে বসেছিলাম। সবাই বলল—ও আর নিকেশ করতে কতক্ষণ। ব্লেড দিয়ে দুপাশে দুটো টান দিলেই হবে। কয়েক সেকেন্ডের ব্যাপার। এ কথায়ই তো রাজি হলাম।’
‘তবে তুমি যত যা-ই বলো, গোঁফ আমি কামাচ্ছি না। গোঁফ না থাকলে আর কিসের পুরুষ! ’
পূর্বা নাছোড়। সে আমাকে বোঝানোর চেষ্টা করে, ‘গোঁফ হচ্ছে সেকেলে ফ্যাশন। আজকাল সবাই ক্লিন শেভড থাকে।’
আমিও পাল্টা ত্যাঁড়ামো করি, ‘কী যে বলো না! অনেক ছেলেই তো আজকাল কেবল গোঁফ না, থুতনিতে এক ছোপ দাড়িও রাখে।’
গোঁফ নিয়ে টানাটানিতে আমাদের কথা বলা বন্ধ হয়ে যায়। পূর্বা রাগ করে বাপের বাড়ি চলে যায়। আমিও মনে মনে বলি, ‘যাক, গেলে গেছে!’
দুদিন যেতে না-যেতে শূন্য ঘরে বুকটা হু হু করে। ছেলেটা ওয়া-ওয়া করে কাঁদত, কচি মুখ ভরে হাসত সোনার হাসি। ওর বালিশে স্বর্গসৌরভ। পূর্বার সঙ্গে খুনসুটির দৃশ্যগুলোও চোখে ভাসে। আবার সেই পুরোনোর প্রেমে হাবুডুবু খেতে থাকি।
পরদিন অবলীলায় গোঁফ কামিয়ে ফেলি। পূর্বাকে চমক দিতে ভরদুপুরে চুপি চুপি হাজির হই শ্বশুরবাড়ি। ডোরবেল বাজাতেই বুয়া দরজা খুলে দেয়। পূর্বা আর পরিচিত কারও কথা শোনা যাচ্ছে কোণের ঘরে। বুয়াকে ইশারায় চুপ থাকতে বলে পা টিপে টিপে এগোই ওদিকে।
দরজার কাছে গিয়ে দাঁড়াতেই ভেসে আসে পূর্বার বান্ধবী জয়ার কণ্ঠ, ‘না না, এ কাজটা তুই মোটেও ঠিক করছিস না! পুরোনোকে আঁকড়ে ধরে থাকা তো ভালো রে। তুই যত পুরোনোই হোস না কেন, ও তোকে কখনো ত্যাগ করবে না। আমারটার মতন নতুনের পেছনে ছোঁক ছোঁক করলে বুঝতি মজাটা!’
পূর্বা সেদিনই আমার সঙ্গে চলে এসেছে। তবে আমি যে ওই কথাগুলো শুনেছি, তা কিন্তু জানে না। পুরোনোর প্রতি আমার প্রেম এখনো আছে। এটা জিনগত না! তবে এ নিয়ে ওর আর কোনো মাথাব্যথা নেই।