মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। মানুষ থেকে মানুষে কত বিচিত্র হয় এই স্বপ্ন। আবার একই মানুষের স্বপ্নের রং বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম—বড় হয়ে আইসক্রিমওয়ালা হব, চানাচুরওয়ালা হব। একটা সময় ভাবতাম নৃত্যশিল্পী হব, কখনো বা বিমানের পাইলট। কিন্তু এসবই ছিল শৈশবের কাঁচা স্বপ্ন, যা বদলে যেত ক্ষণে ক্ষণে। একটা সময় এসে স্বপ্ন যেন খানিকটা থমকে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বুঝতে পারছিলাম না কী লক্ষ্যে কাজ করা উচিত। হঠাৎ একদিন প্রথম আলো পত্রিকায় দেখলাম বাংলাদেশের প্রথম মহিলা এসপি (সুপারিনটেনডেন্ট অব পুলিশ) বেগম রওশন আরার সাক্ষাৎকার। সেই মুহূর্ত থেকে আমার স্বপ্নের ধারা বদলে গেল। ওই মুহূর্ত ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। অবাক হয়ে ভেবেছিলাম, মেয়েরাও তাহলে পারে! পুলিশ কর্মকর্তা বাবার সন্তান হিসেবে জানি, পুলিশের দায়িত্ব পালন করা কতটা কঠিন আর চ্যালেঞ্জিং একটা কাজ। এ কাজে নিজের সুখ বিসর্জন দিয়ে দেশ ও জাতির নিরাপত্তা বিধান করতে হয়। আমার এসপি হওয়ার স্বপ্ন দেখার পেছনে আরেকটি বড় কারণ হলো, মেয়েদের বর্তমান সামাজিক অবস্থা। বর্তমানে মেয়েরা সামাজিকভাবে যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে। যে যত কথাই বলুক, একজন মেয়ের সমস্যা কোথায়, সেটাই অধিকাংশ ক্ষেত্রে অনেকে বুঝতে পারে না।একজন মেয়ের সামাজিক নিরাপত্তার জন্য কোন বিষয়গুলো জরুরি, তা কেবল একজন মেয়েই ভালো বুঝতে পারবে। তাই মেয়েদের সমস্যা সমাধানে মেয়েদেরই প্রাধান্য দেওয়া উচিত। যেহেতু সামাজিক নিরাপত্তার মূল দায়িত্ব পুলিশের কাঁধে, তাই পুলিশের দক্ষ মহিলা কর্মকর্তা ও সদস্য থাকলে সামাজিকভাবে মেয়েদের নিরাপত্তা দেওয়াটা অনেক বেশি সহজ হয়। একজন মেয়ে হিসেবে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, অন্যের ক্ষেত্রে সেই সমস্যাগুলো আমি সহজেই চিহ্নিত করতে পারব।আমি জানি, আমার স্বপ্ন পূরণের পথ অনেক কঠিন। অনেক কষ্টসাধ্য। কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি চাই, স্বপ্নকে বাস্তবায়ন করে আমার চারপাশের মানুষগুলোকে দেখিয়ে দেব—হ্যাঁ, মেয়েরাও স্বপ্ন দেখতে জানে, স্বপ্নকে বাস্তবায়ন করতে জানে। এই মুহূর্তে এটাই আমার জীবনের স্বপ্ন।সাদিকা পারভীন তামান্নাশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।